বিল্ডিং কোড না মেনে ভবন নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান বলেছেন, বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ না করায় বিভিন্ন সময় ভবনধসের ঘটনা ঘটছে। নিয়ম না মেনে ভবন নির্মাণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ব নগর পরিকল্পনা দিবস উপলক্ষে আজ সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) শোভাযাত্রার উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, রাজধানীর কাঁঠালবাগানে ভবন হেলে পড়ার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।দেশের নগর পরিকল্পনাবিদদের জাতীয় পেশাজীবী সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) প্রতি বছরের মতো এবারও বিশ্ব নগর পরিকল্পনা দিবস উদ্যাপন উপলক্ষে শোভাযাত্রা, গোলটেবিল বৈঠক ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। জার্মান সরকারের বৈদেশিকবিষয়ক উন্নয়ন সংস্থা জিটিজেড-বাংলাদেশ ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) দিবসটি আয়োজনে বিআইপিকে সহযোগিতা করেছে। আজ সকালে জাতীয় জাদুঘরের সামনে থেকে শোভাযাত্রা বের করে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব খোন্দকার শওকত হোসেন। বক্তৃতা করেন বিআইপির সভাপতি অধ্যাপক সারওয়ার জাহান ও সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম আবুল কালাম।আবদুল মান্নান খান বলেন, বিল্ডিং কোড অমান্যকারী ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে বা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে একটি মহল সরকারের সমালোচনা করে। আবার এ কাজে ধীর গতি হলে সরকার ব্যবস্থা নিচ্ছে না বলেও সমালোচনা করা হয়। তিনি বলেন, নিয়ম নেমে চলার জন্য জনসচেতনতা বাড়াতে হবে।এরপর দুপুর ১২টায় বিআইপি মিলনায়তনে গোলটেবিল বৈঠকে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, নগর পরিকল্পনা তৈরি ও তা বাস্তবায়নের জন্য পরিবেশ সৃষ্টি করতে হবে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে যৌথভাবে প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপির সভাপতি অধ্যাপক সারওয়ার জাহান ও সাধারণ সম্পাদক অধ্যাপক এ কে এম আবুল কালাম, জিটিজেডের পরিচালক আলেকজান্ডার ইয়াখনো ও ইউএনডিপির প্রতিনিধি রিচার্ড এলান গেইয়ার। এ ছাড়া সন্ধ্যায় বিআইপি মিলনায়তনে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।