জাতীয় বিল্ডিং কোড অনুমোদিত হয়েছিল ২০০৬ সালের ১৭ নভেম্বর। ভূমিকম্প রোধসহ নিরাপদ ভবন নির্মাণ এবং ভবন নির্মাণের কার্যক্রমে যথাযথ শৃঙ্খলা আনার লক্ষ্যে এটি প্রণীত হয়েছিল ১৯৯৩ সালে। কিন্তু অনুমোদন ও গেজেট প্রকাশের প্রায় পাঁচ বছর পরও এই কোড প্রয়োগ বা কার্যকরের জন্য কোনো কর্তৃপক্ষ করা হয়নি। তবে এই কোড প্রণয়নের পর থেকেই রাজউকসহ আবাসন নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে এটি মেনে চলতে বলা হয়। রাজউকের ইমারত নির্মাণ বিধিমালাতেও এই কোড মানতে বলা হয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, জাতীয় বিল্ডিং কোড যথাযথ অনুসরণ করলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন এলাকায় গত সাত বছরে যে পাঁচটি ভবন ধসের বড় ঘটনা ঘটেছে, সেগুলো নাও ঘটতে পারত। এসব ঘটনায় প্রাণহানি হয়েছে ১০৩ জনের। কিন্তু ঘটনাগুলোর জন্য দায়ী কারও শাস্তি এখনো হয়নি। রাজউক দু-একটি ক্ষেত্রে মামলা করেই দায়িত্ব শেষ করেছে।সূত্র জানায়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য জামিলুর রেজা চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি জাতীয় বিল্ডিং কোড প্রণয়ন করে। কোডে উল্লেখ রয়েছে, সরকার একটি নতুন কর্তৃপক্ষ করে এই কোড প্রয়োগ করবে। নতুন কর্তৃপক্ষ না হওয়া পর্যন্ত সরকারি বিধিবদ্ধ সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। প্রণয়নের সময় প্রস্তাব ছিল, ঢাকায় রাজউক, চট্টগ্রামে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ এবং বিভিন্ন জেলায় গণপূর্ত অধিদপ্তর বা পৌরসভাকে দায়িত্ব দেওয়া হবে। কিন্তু ওই প্রস্তাবও বাস্তবায়িত হয়নি।জামিলুর রেজা চৌধুরী বলেন, এই কোড মেনে চললে ভবন ধস বা দুর্ঘটনা অনেক কমে যেত। হাইকোর্টের নির্দেশনা থাকলেও বেশির ভাগ ভবন নির্মাণকারী জাতীয় বিল্ডিং কোড মানছে না।অনুসন্ধানে জানা যায়, জাতীয় বিল্ডিং কোড মেনে চলার জন্য রাজউকও নিজ উদ্যোগে তেমন ভূমিকা রাখছে না। এমনকি নতুন বাড়ি নির্মাণ বা পুরোনো ভবনের অবস্থা দেখতে বেশির ভাগ ক্ষেত্রে লোকবলের অভাবের কথা বলে রাজউক নিয়মিত পর্যবেক্ষণও করে না। আবার অভিযোগ রয়েছে, রাজউকের যেসব কর্মকর্তা-কর্মচারীকে এসব পর্যবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়, তাঁরাও সঠিকভাবে দায়িত্ব পালন করেন না। সূত্রমতে, ডিআইটি বা রাজউক হওয়ার আগে বিশেষত পুরান ঢাকায় অনুমোদন ছাড়াই অসংখ্য বাড়ি নির্মিত হয়েছে। আবার রাজউকের অনুমোদন নিয়ে নতুন ঢাকায় গড়ে ওঠা অনেক বাড়িও নকশামাফিক তৈরি হয় না। ফলে এসব ভবন ঝুঁকিপূর্ণ থেকে যায়। এমন ঝুঁকিপূর্ণ ভবনের হিসাব থাকলেও সেগুলো একই অবস্থায় রয়েছে। এ ব্যাপারে রাজউকের বক্তব্য, ঝুঁকিপূর্ণ ভবন ভাঙার দায়িত্ব তাদের নয়, ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি)।এ বিষয়ে ডিসিসির মেয়র সাদেক হোসেন বলেন, রাজউকের সঙ্গে সমন্বয় ছাড়া ভবন ভাঙার উপায় ডিসিসির নেই।জানা যায়, একসময় রাজউককে না জানিয়ে কিংবা গোপনে শুধু অনুমোদনদানকারী একক কর্মকর্তার সই সংবলিত নকশা দিয়ে বহুতল ভবন নির্মিত হতো। পরে নিয়ম করা হয়, নকশা পাস করতে রাজউকের ভবন নির্মাণ কমিটির (বিসি কমিটি) সব সদস্যের অনুমোদন লাগবে। তবে এর বাইরে একটি চক্র রাজউকের আশপাশের এলাকায় নকল সিলমোহর, কর্মকর্তাদের সই জাল করার ব্যবস্থা গড়ে তোলে। চক্রটি জাল সই ও সিল সংবলিত নকশা সরবরাহ করে। বছর খানেক আগে এ রকম একটি কার্যালয়ের সন্ধান পেয়ে রাজউক তা বন্ধ করে দেয়।রাজউকের চেয়ারম্যান মো. নুরুল হুদা ওই কার্যালয় বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ রকম কার্যালয়ের সন্ধান পেলেই ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নির্মাণকারীরা জাতীয় বিল্ডিং কোড না মানায় রাজউককে বড় ধরনের সমস্যায় পড়তে হয়। আবার এই কোড প্রয়োগের জন্য রাজউককে পূর্ণ অধিকার না দেওয়ায় রাজউক ঠিকভাবে কাজ করতে পারে না।সাত বছরে ভবন ধসে ১০৩ জনের মৃত্যু: সংশ্লিষ্ট সূত্রের হিসাব মতে, জাতীয় বিল্ডিং কোড না মানার কারণে গত ছয় বছরে ভবন ধসের ঘটনায় ১০৩ জন মারা গেছে। এর মধ্যে ২০০৫ সালের ১১ এপ্রিল সাভারে স্পেকট্রাম গার্মেন্টস কারখানা ধসে ৩৮ জন মারা যায়। ২০০৪ সালের আগস্টে শাঁখারীবাজারে ভবন ধসে ১৭ জন, ২০০৬ সালের ২৪ ফেব্রুয়ারি তেজগাঁওয়ে পাঁচতলা ফিনিক্স ভবন ধসে ২১ জন, ২০১০ সালের ১ জুন রাতে বেগুনবাড়িতে পাঁচতলা বাড়ি ভেঙে ২৫ জন এবং ২৬ অক্টোবর দক্ষিণখানে তিনতলা ভবন ধসে দুজন মারা যায়। এ ছাড়া গত ৭ নভেম্বর কাঁঠালবাগানে সাততলা ভবন হেলে পড়ে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।জানা যায়, এসব ভবন ধসের ঘটনায় তদন্ত কমিটি হয়েছে। তবে বেশির ভাগ তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। এসব প্রতিবেদনের সুপারিশও বাস্তবায়িত হয়নি। সব ঘটনায় মামলা হলেও কারও শাস্তি হওয়ার নজির এখনো নেই।বিভিন্ন তদন্ত কমিটির সদস্য রাজউকের সাবেক প্রধান প্রকৌশলী মো. এমদাদুল ইসলাম বলেন, শাঁখারীবাজার বা সাভারের দুর্ঘটনার পর সঠিক পদক্ষেপ নেওয়া হলে এবং দায়ী ব্যক্তিদের শাস্তি হলে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হয়তো হতো না। তিনি জাতীয় বিল্ডিং কোড প্রণয়ন কমিটির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন।এ প্রসঙ্গে রাজউকের চেয়ারম্যান বলেন, বেগুনবাড়ি, কাঁঠালবাগানে ভবন ধসের ঘটনায় মালিক বা নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত কাউকে ধরা বা শাস্তি দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ওই ঘটনাগুলো তাঁর সময়ে ঘটেনি। নতুন দুর্ঘটনাগুলোর তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।রাজউকের চেয়ারম্যান বলেন, অবৈধ বা অনুমোদনহীন স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে রাজউককে দেওয়া বিশেষ ক্ষমতা গত রোববার থেকে রাজধানীতে প্রয়োগ করা হচ্ছে। সেদিন নিকেতনে তিনটি ভবনের মালিককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। তিনি জানান, বিশেষ ক্ষমতাবলে দায়ী ব্যক্তিদের দুই বছরের কারাদণ্ডও দেওয়া যাবে।