বিল্ডিং কোড হালনাগাদ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপদ ইমারত নির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) সংশোধন করা হয়েছে বলে বাজেট বক্তৃতায় যে তথ্য দেওয়া হয়েছে, তা সঠিক নয়। দুবার পেছানোর পর বিএনবিসি হালনাগাদ করার কাজ এখনো প্রক্রিয়াধীন। বাজেট বক্তৃতায় উল্লিখিত ভুল তথ্যের দায় কার, তা নিয়ে কথা উঠেছে।সম্প্রতি সংসদে দেওয়া ২০১২-১৩ অর্থবছরের বাজেট বক্তৃতার ১৫২ নম্বর অংশে অর্থমন্ত্রী বিএনবিসি সংশোধন হয়েছে বলে উল্লেখ করেন। কিন্তু হালনাগাদকরণ প্রকল্পের অগ্রগতি পরীক্ষা করে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রকল্পের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ এখনো বাকি।বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড় ও অগ্নিকাণ্ডজনিত নিরাপত্তা নিশ্চিত করতে ১৯৯৩ সালে প্রণীত হয় জাতীয় নির্মাণ বিধিমালা। প্রতি তিন বছরে একবার হালনাগাদ করার কথা থাকলেও প্রথমবার এর উদ্যোগ নেওয়া হয় ২০০৬ সালে। পরবর্তী হালনাগাদকরণ প্রকল্প অনুমোদন করা হয় ২০০৮ সালের ২৫ আগস্ট। দুবার সময় বাড়ানোর পর চলতি জুনে প্রকল্পটি শেষ করার কথা।অর্থমন্ত্রী ৭ জুন বাজেট বক্তৃতা দিলেও এর মাত্র দুই দিন আগে এই প্রকল্পের অগ্রগতি বিষয়ে সভা হয়। কাজেই সংগত কারণে মাত্র দুই দিনের মধ্যে সংশোধনের কাজ শেষ হওয়া সম্ভব নয়।প্রকল্পের মে মাসের অগ্রগতি প্রতিবেদনে উল্লেখ করা হয়, সম্পাদনা উপকমিটির মতামত সংগ্রহের কাজ চলমান, কর্মশালা আয়োজন, মুদ্রণ ইত্যাদি বিষয় প্রক্রিয়াধীন। প্রচারও অসমাপ্ত।যোগাযোগ করা হলে বিল্ডিং কোড বাস্তবায়নকারী কর্তৃপক্ষ হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) জ্যেষ্ঠ গবেষণা প্রকৌশলী মো. আবদুস সালাম প্রথম আলোকে বলেন, ‘বাজেট বক্তৃতায় কীভাবে এরকম ভুল গেল, তা আমরা বুঝতে পারছি না। সম্ভবত এই জুনে হালনাগাদকরণ প্রকল্প শেষ করার কথা থাকায় ভুলটি হয়েছে।’বিএনবিসি প্রকল্পে ১৭টি সম্পাদনা উপকমিটি করা হয়। ১৭টি উপকমিটির আহ্বায়কেরা কোডের খসড়ার ১৭টি অংশ পর্যালোচনা করবেন—এটা ঠিক করা ছিল। গত মাসের শেষ দিকে ১৪টি কমিটি খসড়া পর্যালোচনা করে মতামত দেয়। বাকি তিনটি উপকমিটি তখনো তাদের অংশ সম্পর্কে মতামত জমা দেয়নি। বিষয়টি জানার পরও এইচবিআরআই হালনাগাদের তথ্য অর্থসচিবের দপ্তরে পাঠায়। এর ভিত্তিতেই বিষয়টি বাজেট বক্তৃতায় যোগ করা হয়।এদিকে এ বিষয়ে খোঁজ করতে গিয়ে জানা যায়, কোডের খসড়ায় অসংগতি রয়েছে। কোডের ৩ ও ৪ নম্বর অংশের মধ্যে সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু সম্পাদনা উপকমিটি দেখেছে, অংশ চারের খসড়ায় অংশ তিনের যেসব যোগসূত্র উল্লেখ করা হয়েছে, আসলে তিনের খসড়ায় তার উল্লেখই নেই। চারের খসড়া প্রণয়নকারী গত ২১ মে সম্পাদনা উপকমিটির এক সভায় স্বীকার করেন, অংশ তিনের খসড়া পাননি বলে তিনি মিলিয়ে দেখতে পারেননি। উপকমিটির দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, যিনি কোডের একটি অংশের খসড়া প্রণয়ন করবেন, অন্য অংশের খসড়া সম্পর্কে তাঁর জানার সুযোগ থাকতে হবে।এইচবিআরআইয়ের জ্যেষ্ঠ গবেষণা প্রকৌশলী মো. আবদুস সালাম প্রথম আলোকে বলেন, খসড়ার কাজ শেষ পর্যায়ে রয়েছে। মুদ্রণের আগে একটি কর্মশালা করে তা প্রকাশ করা হবে। তার আগে কিছু কাজ আছে।