বিশ বছর পর প্লেব্যাকে রজনীকান্ত
২০ বছর আগে একটি ছবির গানে কণ্ঠ দিয়েছিলেন ভারতের প্রখ্যাত অভিনেতা রজনীকান্ত। সম্প্রতি আবারও তিনি প্লেব্যাক করলেন ‘কোচাডায়ান’ ছবির একটি গানে। এ আর রেহমানের স্টুডিওতে গানটির রেকর্ডিংয়ের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। সংগীত পরিচালনা করেছেন রেহমান। কোচাডায়ান পরিচালনার দায়িত্বে রয়েছেন রজনি তনয়া সুন্দরিয়া রজনীকান্ত। দিন পাঁচেক আগে রেহমানের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রজনিকান্ত। দুই ঘণ্টারও কম সময়ে গানটির রেকর্ডিং সম্পন্ন করেছেন তিনি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের উদ্ধৃতি দিয়ে মিডডে জানিয়েছে, ‘বরাবরই যেকোনো কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পাদন করেন রজনীকান্ত। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। নিজের স্বভাবসুলভ দ্রুততার সঙ্গেই গানটির কাজ শেষ করেছেন। কাজটি শেষ করতে দুই ঘণ্টারও কম সময় লেগেছে তাঁর।’ সূত্রটি আরও জানিয়েছে, ‘গানটির সঙ্গে কিছু সংলাপও জুড়ে দেওয়া হয়েছে। রজনিকান্ত তাঁর নিজস্ব ঢংয়েই সংলাপগুলো আউড়েছেন। এই গানের দৃশ্যায়নেও অংশ নেবেন তিনি। ছবির পরবর্তী শিডিউল অনুযায়ী লন্ডনে এবছরের এপ্রিল মাসে গানটির দৃশ্য ধারণের কাজ করা হবে।’কোচাডায়ান ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন রজনীকান্ত, দীপিকা পাড়ুকোন, জ্যাকি শ্রফ, আর শরত্কুমার, শোবানা প্রমুখ। ইরোস এন্টারটেইনমেন্টের ব্যানারে ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ১৩ নভেম্বর।