বিশপের চোখে সেরা পাঁচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমেই বলে নিলেন, এক-দুই নম্বর দিয়ে বলতে পারবেন না। তাঁর দেখা সেরা পাঁচ ফাস্ট বোলারের নাম বলছেন, তবে সেটি কোনো ক্রমানুসারে নয়। পাঁচজন বলতে গিয়ে হয়ে গেল ছয়জন। ডেনিস লিলি ও অ্যান্ডি রবার্টসের মধ্যে একজনকে যে বেছে নিতে পারলেন না!ম্যালকম মার্শালআমার দেখা সবচেয়ে কমপ্লিট ফাস্ট বোলার। গতি ছিল, নিয়ন্ত্রণ ছিল, তবে বাকি সবার চেয়ে আলাদা হয়ে ছিলেন বুদ্ধিমত্তায়। মুহূর্তের মধ্যে উইকেট ও ব্যাটসম্যান বুঝে সে অনুযায়ী বোলিং করতে পারতেন। এমন অনেক হয়েছে, মিড অফের ফিল্ডারকে একটু বাঁয়ে দাঁড়াতে বললেন, আর পরের বলে সেখানেই ক্যাচ এলো।কার্টলি অ্যামব্রোসলাইন-লেন্থের ওপর এমন নিয়ন্ত্রণ খুব কম ফাস্ট বোলারেরই ছিল। সঙ্গে বলে বাড়তি বাউন্স মিলিয়ে কার্টলি সর্বকালের সেরা ফাস্ট বোলারদের মধ্যেই থাকবেন। ব্যাটসম্যানরা ওঁর ওপর চড়াও হতে পেরেছে, বলতে গেলে এমন দেখিইনি।ওয়াসিম আকরামনিঃসন্দেহে সর্বকালের সেরা বাঁহাতি ফাস্ট বোলার। ওই গতিতে ইচ্ছামতো দুদিকেই বল সুইং করাতে পারতেন। সব সময় এক্সপ্রেস গতিতে বল না করলেও সব সময়ই ব্যাটসম্যানদের জন্য অস্বস্তিকর একটা গতিতে বল করতেন।স্যার রিচার্ড হ্যাডলিদুর্দান্ত বোলার। বলের পর বল এমন একই জায়গায় করে যেতেন যে, ব্যাটসম্যানদের একটুও হাঁফ ছাড়ার সুযোগ মিলত না। সঙ্গে সুইং, কাট—এসবের ওপর অসম্ভব নিয়ন্ত্রণ তো ছিলই। বলতে গেলে দিনের পর দিন একাই নিউজিল্যান্ডের বোলিং আক্রমণের ভার বয়ে গেছেন।ডেনিস লিলি/অ্যান্ডি রবার্টসএই দুজনকে আলাদা করতে পারছি না। প্রথম কারণ, এই দুজনকে আমি অন্যদের চেয়ে কম দেখেছি। তবে যতটুকু দেখেছি, তাতেও ওদের গ্রেটনেস বুঝতে সমস্যা হয়নি। পিঠের চোট সামলে লিলি যেভাবে আবার আগের রূপেই ফিরে এসেছেন, সেটি তো রূপকথা। রবার্টস ছিলেন দারুণ বুদ্ধিমান এক বোলার। ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলারদের কাছে তিনি ছিলেন ‘ফাদার ফিগার’-এর মতো। ওয়েস্ট ইন্ডিজের ওই পেস কোয়ার্টেট গড়ে তোলায় বড় ভূমিকা ছিল তাঁর।