বিশপের দেখা দ্রুততম স্পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সব ফাস্ট বোলারের সঙ্গে খেলেছেন। মার্শাল-হোল্ডিংদের বলে গতির ঝড় তুলতেও কম দেখেননি। অথচ তাঁর দেখা দ্রুততম স্পেলের কথা বলতে গিয়ে তাঁদের কাউকে নয়, ইয়ান বিশপের মনে পড়ল শোয়েব আখতারের কথা! শুনুন তাঁর মুখেই—‘বলের গতিতে ব্যাটসম্যানদের যদি থরহরি কম্পমান করে দেওয়ার কথা বলি, তাহলে শোয়েব আখতারের ওই স্পেলটা আমি কোনো দিন ভুলতে পারব না। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচটা হচ্ছিল লাহোরে, শোয়েব ৬ উইকেট নিয়েছিল। উইকেট-টুইকেট বাদ দিন, আমার শুধু মনে পড়ে ওর বলের গতিতে কিউই ব্যাটসম্যানদের আতঙ্কটা। উইকেটে ফাস্ট বোলারদের জন্য কিছুই ছিল না, একেবারে ফ্ল্যাট উইকেট। তাতেই রীতিমতো আগুন ঝরিয়েছিল শোয়েব। তবে সত্যিকার ফাস্ট বোলারের জন্য উইকেট কোনো ব্যাপার নয়। বাতাসে বলের গতি তো উইকেটের ওপর নির্ভর করে না।’ (২০০২ সালের ওই টেস্টে শোয়েবের বোলিং বিশ্লেষণ ছিল: ৮.২-৪-১১-৬)।