বিশাল শ্রমশক্তিই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে
মোট জনসংখ্যার তিন ভাগের এক ভাগই শ্রমজীবী কর্মক্ষেত্রে নিয়োজিত আছেন দেশের প্রায় ৮৭ শতাংশ শ্রমশক্তি পাঁচ বছরে ৬৭ লাখ নতুন কর্মসংস্থান শ্রমবাজারে নারীকর্মীর প্রবেশ তুলনামূলক বেশি পেশার দিক থেকে কৃষক, মৎস্যজীবীর সংখ্যাই বেশি মোট পূর্ণ বেকারের সংখ্যা ২৬ লাখ নাসিমা বেগম, বয়স ২৩। রাজধানীর আশকোনা এলাকার এক বস্তিতে থাকেন। রিকশাচালক স্বামী ও দুই সন্তান নিয়ে সংসার। প্রায় দুই বছর এক বাসাবাড়িতে পেটে-ভাতে গেরস্থালির টুকটাক কাজ করেছেন। বছর খানেক আগে তিন হাজার টাকা মাসিক বেতনে স্থানীয় সোয়ান গার্মেন্টসে কাজ নেন। এখন বাড়তি আয় করে পরিবারে কিছুটা স্বাচ্ছন্দ্য এনেছেন নাসিমা। এভাবেই দেশের শ্রমশক্তিতে যোগ হচ্ছে নতুন কর্মশক্তি। তৈরি পোশাক, কৃষি, শিল্পসহ বিভিন্ন খাতে প্রতিদিনই নতুন শ্রমশক্তি আসছে। এই লাখ লাখ শ্রমিকই অর্থনীতির মূল চালিকাশক্তি। জিডিপির প্রবৃদ্ধিতে এঁরাই তাঁদের মেধা, শ্রম, কঠোর পরিশ্রম দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০১০ সালের শ্রমশক্তি জরিপ অনুযায়ী, দেশে মোট পাঁচ কোটি ৪০ লাখ ৮৪ হাজার লোক কোনো না কোনোভাবে কাজের সঙ্গে সম্পৃক্ত। এঁরাই দেশের শ্রমশক্তি হিসেবে বিবেচিত। এর মধ্যে অনানুষ্ঠানিক কর্মক্ষেত্রে নিয়োজিত আছেন দেশের প্রায় ৮৭ শতাংশ শ্রমশক্তি। এসব ক্ষেত্রে চার কোটি ৭০ লাখ শ্রমিক কাজ করেন। আর বাকি ১৩ শতাংশ শ্রমিক কাজ করেন আনুষ্ঠানিক ক্ষেত্রে। অনানুষ্ঠানিক (ইনফরমাল) ক্ষেত্র হিসেবে দোকানপাট, ছোট ব্যবসাপ্রতিষ্ঠান, কৃষিকাজ ইত্যাদিকে বিবিএস চিহ্নিত করেছে। আর আনুষ্ঠানিক (ফরমাল) ক্ষেত্র হলো সরকারি অফিস-আদালত, বড় শিল্পপ্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান ইত্যাদি। বিবিএসের পরিচালক (শিল্প ও শ্রম শাখা) শামছুল আলম প্রথম আলোকে বলেন, এ দেশের বিশাল শ্রমশক্তিই অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাঁরা সৃজনশীলতা, মেধা ও পরিশ্রম দিয়ে উৎপাদনের চাকা সচল রাখছেন। পেশা বিভাজনখাতওয়ারি ভিত্তিতে মোট শ্রমশক্তির সবচেয়ে বেশি কাজ করে স্বউদ্যোগে পরিচালিত কর্মক্ষেত্রে। এঁরা নিজেরাই নিজেদের কাজের ক্ষেত্র তৈরি করেছেন, আবার বাড়তি লোকের কর্মসংস্থান করেছেন। হাঁস-মুরগি পালন, কৃষি, মৎস্য চাষ, দিনমজুরসহ ছোট ছোট ব্যবসাপ্রতিষ্ঠান ও কারখানায় কাজ করেন সবচেয়ে বেশি, তিন কোটি ৪৮ লাখ ২৬ হাজার লোক। গেরস্থালিতে কাজ করেন এক কোটি ১৭ লাখ ৭০ হাজার নারী-পুরুষ। আর সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন এক কোটি ৩৭ হাজার কর্মকর্তা-কর্মচারী। তবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এর সংখ্যা আট লাখ ৮৭ হাজার। এ ছাড়া স্থানীয় সরকার পর্যায়ে কাজ করেন তিন লাখ ৬৮ হাজার লোক। ৩২ লাখ ৮৪ হাজার লোক নিয়োজিত আছেন বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে। আর বিভিন্ন এনজিওতে কাজ করছেন ছয় লাখ ৮৮ হাজার লোক। আর পেশার দিক থেকে কর্মক্ষেত্রে কৃষক, মৎস্যজীবীর সংখ্যাই সবচেয়ে বেশি। দেশে দুই কোটি ৫৬ লাখ ৯৮ হাজার কৃষক ও মৎস্যজীবী এই পেশায় নিয়োজিত। এর পরের স্থানেই রয়েছে উৎপাদন ও পরিবহন-শ্রমিকেরা। এই খাতের শ্রমিকের সংখ্যা এক কোটি ২৩ লাখ ৮৮ হাজার। আর ২৪ লাখ সাত হাজার কারিগরি পেশাজীবী, ছয় লাখ ৮৯ হাজার প্রশাসনিক কর্মকর্তা, ১০ লাখ নয় হাজার কেরানি, ৩০ লাখ এক হাজার সেবাদানকারী কর্মী, ৮১ লাখ ৫৯ হাজার বিক্রয়কর্মী রয়েছেন। পাঁচ বছরে ৬৭ লাখ নতুন কর্মসংস্থানপাঁচ বছরে নতুন কর্মসংস্থান হয়েছে ৬৭ লাখ। প্রতিবছর গড়ে ১৮ লাখ মানুষ শ্রমবাজারে প্রবেশ করছেন। তাঁদের কেউ কাজ পান, কেউ পান না। নতুন শ্রমশক্তিতে নারীকর্মীর প্রবেশ তুলনামূলক বেশি। ২০০৬ সাল পর্যন্ত কর্মরত নারী ছিলেন এক কোটি ১৩ লাখ। ২০১০ সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৬২ লাখ। চার বছরের ব্যবধানে প্রায় অর্ধ কোটি নারী কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন।তবে সেই তুলনায় পুরুষের কর্মক্ষেত্রে প্রবেশের হার বেশ কম। আলোচ্য চার বছরে মাত্র ১৮ লাখ পুরুষ নতুন করে কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন। ২০১০ সাল পর্যন্ত তিন কোটি ৬১ লাখ পুরুষ কর্মক্ষেত্রে রয়েছেন। ২০০৬ সাল পর্যন্ত এই সংখ্যা ছিল তিন কোটি ৭৯ লাখ। পূর্ণ বেকার ২৬ লাখ দেশে বেকারের সংখ্যা মাত্র ২৬ লাখ। এসব ব্যক্তি কোনো কাজেই জড়িত নন কিংবা সপ্তাহে এক ঘণ্টার কম কাজ করেন। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এমন ব্যক্তিদের বেকার হিসেবে মনে করেন। কেননা আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) স্বীকৃত পদ্ধতি অনুযায়ী, সপ্তাহে এক ঘণ্টা কাজ করেন এমন ব্যক্তিকে বেকার হিসেবে ধরা হয় না।২০০৬ সাল নাগাদ দেশে বেকারের সংখ্যা ছিল ২১ লাখ। বিবিএসের হিসাব অনুযায়ী, সপ্তাহে ১৫ ঘণ্টার কম কাজ করেন, বাংলাদেশে এমন ব্যক্তি রয়েছেন ৫৫ লাখ। আর সব মিলিয়ে সপ্তাহে কমপক্ষে ১৫ ঘণ্টা কাজ করেন মোট ব্যক্তির সংখ্যা ৮১ লাখ। সেই হিসাবে ৮১ লাখ ব্যক্তিকে এক ধরনের বেকার বলা যায়। কেননা বাংলাদেশের প্রেক্ষাপটে সপ্তাহে ১৫ ঘণ্টার মজুরি দিয়ে একজন ব্যক্তির পক্ষে জীবিকা নির্বাহ করা বেশ কঠিন। ২০১০ সালের জরিপের তথ্য অনুযায়ী, দেশের মোট শ্রমশক্তি পাঁচ কোটি ৭৬ লাখ। এর মধ্যে কর্মরত শ্রমশক্তি পাঁচ কোটি ৪১ লাখ। বিশাল যুবশক্তিবাংলাদেশের মোট শ্রমশক্তির অর্ধেকের বেশি হলো তরুণ প্রজন্ম, যাঁদের বয়স ১৫ থেকে ২৯ বছর। আর বিভিন্ন ধরনের কাজ করে উপার্জন করেন দুই কোটি নয় লাখ তরুণ-তরুণী। অর্থাৎ এঁরা কর্মক্ষেত্রের যুবশক্তি।শ্রমশক্তির সর্বশেষ হিসাবমতে, ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত ৬৭ লাখ নতুন কর্মস্থানের মধ্যে ৩১ লাখ তরুণ-তরুণী কাজ পেয়েছেন। তবে এই সময়ে তরুণী কর্মীর সংখ্যা বেড়েছে। ২০০৬ সাল পর্যন্ত ৪৬ লাখ তরুণী শ্রমবাজারে ছিলেন। আর ২০১০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ লাখ। আলোচ্য সময়ে তরুণীদের কর্মক্ষেত্রে প্রবেশের হার প্রায় ৭০ শতাংশ বেড়েছে।তবে তরুণ কর্মীর সংখ্যা কমেছে। ২০০৬ সাল পর্যন্ত এক কোটি ৩২ লাখ তরুণ শ্রমবাজারে ছিলেন। ২০১০ সালের এসে শ্রমবাজারে তরুণের সংখ্যা কমে এক কোটি ৩১ লাখে নেমেছে।