বিশিষ্ট চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন আর নেই
ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন (৯৫) আর নেই। আজ বৃহস্পতিবার সকালে লন্ডনের একটি হাসপাতালে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস (ইন্না লিল্লাহি...রাজিউন) ত্যাগ করেছেন। দ্য টাইমস অব ইন্ডিয়ার অনলাইনে এ কথা জানানো হয়েছে। জানা গেছে, লন্ডনে স্থানীয় সময় দুইটা ৩০ মিনিটে তিনি মারা যান।মকবুল ফিদা হুসেন ২০০৬ সাল থেকে স্বেচ্ছা নির্বাসনে লন্ডনে ছিলেন। হিন্দু দেবতাদের নিয়ে তাঁর আঁকা কিছু ছবি ভারতে বিতর্কের জন্ম দেয়। উগ্র হিন্দুরা প্রাণনাশের হুমকি দিলে তিনি ভারত ত্যাগ করেন।১৯৪০ সালের শেষের দিকে শিল্পী হিসেবে তিনি ভারত ও বিশ্বে পরিচিত হয়ে ওঠেন। ভারত সরকার ১৯৫৫ সালে তাঁকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করে। বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন মকবুল ফিদা হুসেনকে ‘ভারতের পিকাসো’ নামে অভিহিত করে।মকবুল ফিদা হুসেন ১৯১৫ সালে ভারতের মহারাষ্ট্রে জন্ম নেন। দীর্ঘ কর্মজীবনে খ্যাতির পাশাপাশি তিনি অনেক বিতর্কেরও জন্ম দেন।