বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধে স্লোগান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনার প্রেক্ষাপটে চালকের কঠোর শাস্তির বিধানের উদ্যোগের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ এবং ঢাকায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার আগে সংগঠনের নেতারা ১৩ অক্টোবর সারা দেশে এবং ২৩ অক্টোবর ঢাকায় সমাবেশের ঘোষণা দেন। মিছিল থেকে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সোচ্চার বিশিষ্ট নাগরিকদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। এদিকে শ্রমিকদের কঠোর আইনের ভয় ও প্রলোভন দেখিয়ে কর্মসূচিতে টানার অভিযোগ করেছেন আজকের মিছিলে অংশগ্রহণকারী কয়েকজন।শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বিশ্বস্ত বলে পরিচিত সাধারণ সম্পাদক ওসমান আলী আজকের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন। তবে মন্ত্রী এতে অংশ নেননি।বিক্ষোভ মিছিলে সড়ক দুর্ঘটনার বিষয়ে আন্দোলনকারী চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাংসদ তারানা হালিমের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। মিছিলকারীদের হাতে এই দুজনের বিরুদ্ধে স্লোগান-সংবলিত প্ল্যাকার্ডও ছিল।বিক্ষোভ মিছিলের আগে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শ্রমিক ফেডারেশন। এতে সড়ক দুর্ঘটনায় চালকদের ‘একতরফাভাবে’ দায়ী করা এবং মোটরযান আইন পরিবর্তন করে চালকের কঠোর শাস্তির বিধান করার উদ্যোগের প্রতিবাদে নতুন এ কর্মসূচি দেওয়া হয়।শ্রমিকদের মিছিলটি প্রেসক্লাব থেকে কদম ফোয়ারা ও দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিলে ফেডারেশনের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও প্রেসক্লাবের আশপাশের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করছিলেন। এর ফলে প্রেসক্লাব, পুরানা পল্টন, দৈনিক বাংলা মোড়সহ বিভিন্ন সড়কে যান চলাচল মূলত বন্ধ হয়ে যায়।চালকদের আন্দোলন বলে প্রচার চালালেও আজ বিক্ষোভ মিছিলে মোটরযান মেরামত কারিগর, চালকের সহকারী এমনকি বেকার যুবকদেরও অংশ নিতে দেখা গেছে। বিক্ষোভে অংশ নেওয়া একাধিক ব্যক্তি তা স্বীকারও করেছেন। অর্থের বিনিময়ে মিছিলে আনা হয়েছে বলে জানান তাঁরা।বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজন চালক ও চালকের সহকারী নাম না প্রকাশ করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘নেতারা বলেছেন, দুর্ঘটনা হলেই চালকদের যাবজ্জীবন হবে। এসএসসি পাস না করলে গাড়ি চালানো যাবে না। তাই আমরা যোগ দিয়েছি। এ ছাড়া আন্দোলন করলে দুই নম্বর (ভুয়া) লাইসেন্স এক নম্বর (বৈধ) করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তাই মিছিলে এসেছি।’শ্রমিক ফেডারেশনের একাধিক নেতা জানিয়েছেন, যোগ্যতার পরীক্ষা ছাড়া লাইসেন্স দেওয়ার শর্তে অনেক চালকের সহকারীর কাছ থেকে শ্রমিক ইউনিয়নগুলো অগ্রিম টাকা নিয়ে নিয়েছে। কিন্তু সমালোচনার মুখে বিআরটিএ শ্রমিক ফেডারেশনের সুপারিশ করা ২৮ হাজার ব্যক্তির লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া বন্ধ রেখেছে। এ অবস্থায় শ্রমিকনেতারা টাকা ফেরত দেওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। তাই তাঁরা আন্দোলনের মাধ্যমে চাপ সৃষ্টির কৌশল নিয়েছেন।কয়েক দিন আগেও প্রেসক্লাবের সামনে যানবাহন চলাচল আটকে দিয়ে মানববন্ধন করেন শ্রমিক ফেডারেশনের নেতারা। নিজেদের দাবি তোলার পাশাপাশি যেসব বিশিষ্ট নাগরিক সড়ক দুর্ঘটনা রোধে সোচ্চার এবং যোগ্য চালকদের লাইসেন্স দেওয়ার পক্ষে, তাঁদের বিরুদ্ধে বিষোদগার করে যাচ্ছে এই সংগঠনটি।