বিশিষ্ট নাগরিকদের ভাবনা
ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ মো. হানিফ বলেন, ‘ব্রজমোহন কলেজে থাকাকালে আমি ৬০০ ছাত্রের জন্য একটি ছাত্রাবাস নির্মাণের পরিকল্পনা করেছিলাম এবং মন্ত্রণালয়ে পাঠানোর চূড়ান্ত পর্যায়ে ছিল। আমার অবসরের পর ওই বিষয়ে আর কোনো উদ্যোগ না নেওয়ায় সেটি আর বাস্তবায়ন হয়নি। প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা শহরে এসে যে কষ্ট করে, তার জন্য আমার প্রাণে ব্যথা লাগে। কিন্তু কিছু করতে পারছি না।’উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ বলেন, ‘একজন বাবা হিসেবে কন্যাকে মেসে তুলে দিয়ে কোনো অবস্থাতেই নিশ্চিন্ত থাকা সম্ভব হচ্ছে না। মেসগুলোর পারিপার্শ্বিক অবস্থা, নিরাপত্তাব্যবস্থা ভালো না থাকায় আমার মতো সব বাবাই মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় আছে। এ ব্যাপারে প্রতিষ্ঠানগুলোর তত্ত্বাবধানে ছাত্রাবাস না থাকলেও মেসগুলো যেন তাঁরা তত্ত্বাবধান করেন। তবে এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে প্রশাসন।’বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপ-পরিচালক নারীনেত্রী রাবেয়া খাতুন বলেন, ‘মেসবাড়িতে শুধু ছাত্রী নয়, ছাত্ররাও নিরাপদভাবে থাকতে পারছে না। আমার ছেলেমেয়েরা কোথায় থাকছে, সেটি দেখাশোনা করা আমার কর্তব্য। মা-বাবার কাছ থেকে দূরে এসে অনিয়ন্ত্রিতভাবে থাকার কারণে অনেক সময়ই শিক্ষার্থীরা মাদক, ইভ টিজিং এবং ধ্বংসাত্মক কাজে জড়িত হয়ে পড়ে। এ কারণে আমি মনে করি, আমাদের সন্তানদের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে বাড়ি ভাড়া নিয়ে তাদের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধান করা উচিত।’বরিশালের ২৭টি সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ দুলাল বলেন, ‘এই মুহূর্তে বিশাল এই শিক্ষার্থীর আবাসন-সংকট নিরসন করা হয়তো সম্ভব নয়। তবে আমি মনে করি, যেহেতু আমাদের ছেলেমেয়েরাই এ মেসগুলোতে থাকে। শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে মেসগুলোকে বহুতল বাড়ি ভাড়া নিয়ে বর্তমান খরচেই যদি রাখা যায়, তাহলে সার্বিক দিক থেকে ওরা অন্তত একটু নিরাপত্তায় থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে।’বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদার বলেন, ‘দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। কলেজগুলো তার কোটার চেয়ে দ্বিগুণ ছাত্র ভর্তি করলেও আবাসনব্যবস্থার কোনো উন্নয়ন ঘটায়নি। এ ব্যাপারে শুধু সরকারি উদ্যোগ থাকলেই চলবে না। এখানে শিক্ষানুরাগী, দানবীর ও আগ্রহী ব্যক্তিদের উদ্যোগ নিয়ে বহুতল নিবাস গড়ে তোলা প্রয়োজন। কলেজগুলোকেও তাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে অন্তত মেসবাড়ির মালিকদের সঙ্গে একটি চুক্তিতে আসা প্রয়োজন, যাতে শিক্ষার্থীদের সমস্যা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে পারে। একই সঙ্গে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেসগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে মাঝেমধ্যে মনিটরিং করা প্রয়োজন। তাতে করে বহিরাগত উৎপাত অনেকটা কমে যাবে।’