বিশিষ্ট সাংবাদিক আতাউস সামাদ গুরুতর অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশিষ্ট সাংবাদিক আতাউস সামাদ গুরুতর অসুস্থ। তিনি রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গতকাল মঙ্গলবার তাঁর পায়ে বড় ধরনের অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দৈনিক আমার দেশ-এর উপদেষ্টা সম্পাদক ও কলামিস্ট আতাউস সামাদ বেশ কিছুদিন ধরে হূদ্যন্ত্র ও কিডনির সমস্যায় ভুগছেন। এর সঙ্গে আছে ডায়াবেটিস। হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রোববার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা প্রথমে তাঁকে সিঙ্গাপুর নেওয়ার কথা বলেছিলেন। তবে ঝুঁকি থাকায় ওই সিদ্ধান্ত নেননি। চিকিৎসকেরা আতাউস সামাদের প্রথম অস্ত্রোপচার করেন সোমবার। সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত তিনটা পর্যন্ত ওই অস্ত্রোপচার হয় বলে সূত্র জানিয়েছে। গতকাল তাঁর পায়ে আবার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকেরা বলেছেন, তাঁর অবস্থা স্থিতিশীল। আতাউস সামাদের যুক্তরাষ্ট্রপ্রবাসী ছেলে কয়েক দিন আগেই দেশে এসেছেন। মেয়ে ও ভাইয়ের আজ পৌঁছানোর কথা রয়েছে।