বিশিষ্টজনদের বক্তব্য
শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবুল ফজল মাস্টার বলেন, ‘জেলার স্বাস্থ্যসেবার মান খুবই নিম্নমানের। লোকবল বৃদ্ধি করে গরিব মানুষের সেবার মান বৃদ্ধি করতে জরুরি ভিত্তিতে সরকারকে উদ্যোগ নিতে হবে।’মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি রওশন আরা বেগম বলেন, ‘সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। শরীয়তপুর জেলা স্বাস্থ্যসেবার চিত্র ভালো নয়।’ সম্মিলিত সাংস্কৃতিক জোট জেলা শাখার সহসভাপতি মুক্তিযোদ্ধা আবদুস সামাদ তালুকদার বলেন, ‘জেলার স্বাস্থ্যসেবা খুবই নিম্নমানের। সদর হাসপাতাল দালালদের আস্তানায় পরিণত হয়েছে। গরিব রোগীরা এখানে নানা ধরনের ভোগান্তিতে পড়ে।’সুজন শরীয়তপুর জেলা শাখার সহসভাপতি আহসান উল্লাহ ইসমাইলি বলেন, ‘বর্তমানে স্বাস্থ্যসেবা চলে গেছে ব্যবসায়ীদের হাতে। হাসপাতালগুলোতে দালালদের উত্পাত বৃদ্ধি পেয়েছে। চিকিত্সক ও সেবিকারা ক্লিনিকের ব্যবসার সঙ্গে জড়িত থাকায় গরিব রোগীরা স্বাভাবিক স্বাস্থ্যসেবা পায় না।’নিরাপদ সড়ক চাই, জেলা সভাপতি মুরাদ মুন্সী বলেন, ‘সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে লোকবল বাড়াতে হবে। শরীয়তপুর সদর হাসপাতাল দালালমুক্ত করতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ চাইলেই হাসপাতাল দালালমুক্ত করতে পারে।’