বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা নিতে সরকারকে হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা সিটি করপোরেশনকে বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে সরকার ও সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে পানি বিশুদ্ধ করার ক্ষেত্রে ক্লোরিনের পরিবর্তে পার ম্যাংগানেট ব্যবহারের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চাওয়া হয়। এ ছাড়া রাজধানীর আজিমপুর, ধানমন্ডি, লালবাগ, বনানী, হাতিরপুল, খিলগাঁও, ইস্কাটন ও মালিবাগ এলাকা থেকে ওয়াসার সরবরাহকৃত পানি বিজ্ঞান গবেষণাগারে পরীক্ষা করে দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। ওয়াসার সরবরাহকৃত পানিতে ক্যান্সারের উপাদান টিএইচএম (ট্রাই হ্যালোমেথেন) আছে কি না তা পরীক্ষা করে চার সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য স্থানীয় সরকার সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ সোমবার বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও নাইমা হায়দারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।একই সঙ্গে আগামী দুই সপ্তাহের মধ্যে স্থানীয় সরকারের সচিব, বিএসটিআইর চেয়ারম্যান, ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, বিসিএফআইয়ের চেয়ারম্যান ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে রুলের জবাব দিতে বলা হয়। ঢাকাবাসীদের জন্য বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনের (হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ) করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।উল্লেখ্য, পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষ থেকে ১৪ মার্চ হাইকোর্টে রিট দায়ের করা হয়। আদালতে রিট আবেদনকারীর পক্ষে মনজিল মোরশেদ এবং সরকারপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোস্তফা জামান ইসলাম মামলাটি পরিচালনা করেন।