বিশুদ্ধ পানির অধিকার ও হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানিকে ‘জীবন’ বলা হয়। কথাটি আমার চোখে একটু অশুদ্ধই ঠেকে। আমি মনে করি, কথাটি এভাবেই বলা উচিত ‘বিশুদ্ধ পানির নাম জীবন’। কারণ ‘জীবন’রূপী এ পানি ও পানিবাহিত রোগে বিশ্বে প্রতিবছর গড়ে মারা যায় ১৬ লাখ ৪২ হাজার ৫০০ শিশু, যাদের ৯০ শতাংশের বয়স পাঁচ বছরের নিচে। বয়স্কদের ক্ষেত্রে সারা বিশ্বে এ মৃত্যুর সংখ্যা প্রায় ১৮ লাখ। উন্নয়নশীল দেশগুলোয় বেশির ভাগ মৃত্যু ঘটে পানিবাহিত কারণে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের ২০০২ সালের প্রতিবেদন এমন ভয়াবহ তথ্যই দিচ্ছে। এ ভয়াবহ চিত্রের নেপথ্য কারণ একটাই। বিশুদ্ধ খাবার পানির সংকট; এ সংকট শুধু বাংলাদেশে নয়, চলছে সারা বিশ্বে। বিশ্বের প্রায় ১১০ কোটি মানুষই (মোট জনসংখ্যার ছয় ভাগের এক ভাগ) এখন পানীয় জলের সংকটে কাতর। এ সংকট বাংলাদেশের মতো উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে তুলনামূলকভাবে বেশি। এ সংকটের সমাধান হিসেবে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চালু হয় ‘বোতলজাত পানির কালচার’। ‘বিশুদ্ধ পানি’, ‘নিরাপদ পানি’, ‘মিনারেল ওয়াটার’ প্রভৃতি বিচিত্র শিরোপা পরে ক্রমে সে পানি পানিতে সয়লাব হয়ে যায় অফিস, আদালত, সভা, সেমিনার, অনুষ্ঠান, কর্মশালা, হোটেল, রেস্তোরাঁ ও বাসা। ফুটপাত থেকে রাষ্ট্রপতির অন্দরমহল—সর্বত্রই খাবার পানি মানে এখন এ ‘বোতলজাত পানি’। ওয়াসার পানিদূষণ থেকে বাঁচতে নগরজীবন এখন পুরোটাই এ বোতলজাত পানিনির্ভর হয়ে পড়েছে। অনুসন্ধানে জানা যায়, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, লালবাগ, সদরঘাট, ডেমরা, শাহজাদপুর, বাড্ডা, বাসাবো, মুগদা, মতিঝিল ও কমলাপুর এলাকার চার শতাধিক কারখানাই ঢাকা শহরের এ বোতলজাত পানির মূল জোগানদাতা। বিএসটিআই (বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউশন) সূত্রে জানা যায়, এ ৪০০ পানি উৎপাদক কোম্পানির ৩০০টিই অবৈধ। অর্থাৎ উৎপাদিত পানির মান ও বিশুদ্ধতার বিষয়ে বিএসটিআইয়ের সার্টিফিকেট না নিয়ে এ ৩০০ কোম্পানি পানি বাজারজাত করছে। এ কোম্পানিগুলোর বেশির ভাগই ওয়াসার পানিতে কিছু নামমাত্র রাসায়নিক পদার্থ মিশিয়ে তাকে ‘বিশুদ্ধ’ বলে চালিয়ে দিচ্ছে। অনেকে তো (বিশেষ করে ফুটপাতের বোতলজাত পানি) সরাসরি ওয়াসার পানি বোতলে ভরে লিটারপ্রতি ২০ টাকা বা গ্লাসপ্রতি এক টাকা দরে বিক্রি করছে। অথচ নগরবাসীর কাছে এ ছাড়া কোনো বিকল্পও নেই। বাসায় অবস্থানকালে ও সময়-সুযোগ থাকলে ফোটানো পানি ব্যবহার করা যায়। কিন্তু বাসার বাইরে এ পানিই একমাত্র ভরসা। যে পানির বিশুদ্ধতা সম্বন্ধে খোদ উৎপাদনকারী প্রতিষ্ঠানই অনেক ক্ষেত্রে অজ্ঞ, তাকেই বিশুদ্ধ ধরে নগরবাসীকে উদ্ধারহীনভাবে পান করতে হচ্ছে। এ অবিশুদ্ধ পানি কিনে নগরবাসী হরদম প্রতারিত তো হচ্ছেই, সে সঙ্গে ডায়রিয়াসহ বিচিত্র পানিবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে অসহায় দিন কাটাচ্ছে। একটি সাপ্তাহিক পত্রিকায় এক প্রতিবেদনে বলা হয়, শুধু মহাখালী কলেরা হাসপাতালেই মার্চ-মে এবং আগস্ট-অক্টোবর—এ দুই মৌসুমে গড়ে প্রতিদিন ৮০০ থেকে ৯০০ রোগী চিকিৎসা নিতে আসে, যাদের সিংহভাগই ডায়রিয়া বা অন্য কোনো পানিবাহিত রোগে আক্রান্ত। দূষিত পানি পান করা ছাড়াও এ পানি দিয়ে তৈরি ফুটপাতের শরবত, নিম্নমানের আইসক্রিম ও অন্যান্য খাবার খেয়ে মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে।সম্প্রতি এ অবস্থা নিরসনে বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহের নির্দেশনা চেয়ে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সুপ্রিম কোর্টের চার আইনজীবী হাইকোর্টে একটি রিট করেন। শুনানি শেষে ‘বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি সরবরাহের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না’ তা জানাতে আদালত সরকারের প্রতি দুই সপ্তাহের রুলনিশি জারি করেন। বিচারপতি মো. মমতাজউদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত বেঞ্চ ১৫ মার্চ ওই রুল জারি করেন। রুলের পাশাপাশি আদালত মাননিয়ন্ত্রণ সংস্থা (বিএসটিআই) ও বিজ্ঞান গবেষণা পরিষদকে (বিসিএসআইআর) ঢাকার বিভিন্ন স্থান থেকে ওয়াসার পানির নমুনা সংগ্রহ করে রাসায়নিক পরীক্ষার মাধ্যমে আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেন। এ ছাড়া রাজধানীর পানিতে ক্যানসারের জীবাণু ট্রাই হ্যালোমেথিনের (টিএইচএম) উপাদান আছে কি না, সে ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রতিবেদন সংগ্রহ করে চার সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবকে আদেশ দেন। অসহায়, ভুক্তভোগী ও উদ্ধারহীন জনগণ হাইকোর্টের এ জনগুরুত্বসম্পন্ন ঐতিহাসিক সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়ন দেখার প্রহর গুনছে। সংবিধানের ৩২ নম্বর অনুচ্ছেদে জীবনের অধিকারের (Right to life) কথা বলা হয়েছে। কিন্তু বিশুদ্ধ পানি ছাড়া জীবনধারণ অসম্ভব। তাই জীবনের অধিকার বলবত্ করতে চাইলে অবশ্য বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। বিশুদ্ধ ও জীবাণুমুক্ত পানি পাওয়ার অধিকারকে তাই পরোক্ষভাবে বলা যায়, জনগণের সাংবিধানিক অধিকার। সে অধিকার বাস্তবায়নে সরকার সদিচ্ছা ও আন্তরিকতা দেখাবে এবং উপযুক্ত পদক্ষেপ নেবে—এটাই এখন জনগণের প্রত্যাশা। এ রিটের আইনগত ভিত্তি সম্পর্কে জানতে চাইলে আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরশেদ আইন অধিকারকে বলেন, ‘সংবিধানের ১৮(১) অনুচ্ছেদে জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্রের অন্যতম কর্তব্য গণ্য করা হয়েছে এবং এ বিষয়ে রাষ্ট্রকে কার্যকর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। ৩২ অনুচ্ছেদে বলা হয়েছে, জীবনের অধিকারের কথা। এ দুটি অনুচ্ছেদের ভিত্তিতেই মূলত আমরা রিটটি করি।’