বিশুদ্ধ পানির সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানির জন্য হা-পিত্যেশ করতে হচ্ছে শান্তিনগরের চামেলীবাগ এলাকাবাসীকে। ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের (ওয়াসা) সরবরাহ করা পানিতে দুর্গন্ধ আর ময়লা থাকায় তা খাওয়ার উপযোগী নয়। তাই সকাল-বিকেল, এমনকি রাতেও তাঁদের বাসা থেকে বেরোতে হয় বিশুদ্ধ পানির সন্ধানে।এলাকাবাসী জানান, কয়েক মাস ধরে পুরো চামেলীবাগ এলাকায় এ অবস্থা চলছে। ঢাকা ওয়াসার পানিতে দুর্গন্ধ। এত পরিমাণ দুর্গন্ধ যে কোনোভাবেই তা খাওয়া যায় না। দুর্গন্ধ ছাড়াও ময়লা বের হয় পানির সঙ্গে। মাঝেমধ্যে বের হয় পোকামাকড়। ৩৪/১ চামেলীবাগের বাসিন্দা আজহারুল ইসলাম বলেন, ‘এই পানি আপনি খাইলে সঙ্গে সঙ্গে বমি করে দেবেন। পানির সঙ্গে ময়লা আসে অনেক। সমস্যা হলেও তো কিছু করার নেই। যাঁদের টাকা আছে, তাঁরা কিনে খাচ্ছেন। অন্যরা রাজারবাগ পুলিশ লাইন পানির পাম্প থেকে পানি আনেন।’চামেলীবাগের দোকানি জাহিদুল ইসলাম জানান, ওয়াসার পানি পান করে অনেকে অসুস্থ হয়ে পড়েছেন। তাই তাঁরা পানি কিনে পান করেন। অবশ্য আগে যেখানে ব্যবহার করতেন পাঁচ লিটার, এখন সেখানে করেন তিন লিটার। কেননা, সবার তো আর পানি কিনে পান করার সামর্থ্য নেই। জাহিদুল ইসলাম আরও বলেন, ‘ওয়াসার পানি দিয়া গোসল করলে শরীর চুলকায়। চামড়া আঠা আঠা হয়ে যায়।’এলাকার অনেকেই কলস কিংবা বড় বোতলে করে পানি আনছিলেন পাম্প থেকে। সন্ধ্যাবেলা রাজারবাগ পুলিশ লাইনের গভীর নলকূপে গিয়ে দেখা যায়, অনেক মানুষের ভিড়। তাঁরা ভিড় করেছেন নিরাপদ পানি সংগ্রহের জন্য। ঢাকা মহানগর পুলিশ এখানে নিরাপদ পানির ব্যবস্থা করেছে। কথা হয় এজিবি কলোনির জামালের সঙ্গে। তিনি জানান, পানিতে দুর্গন্ধ থাকায় খাওয়ার পানি নিতে এখানে এসেছেন। আগে এখানে দুটি সারিতে পানি দেওয়া হলেও এখন একটিতে দেওয়া হচ্ছে। এ জন্য আগের থেকে এখন লম্বা সারি পড়ে যায়। পানি নিতে বেশি সময় লাগে। এ ছাড়া পানি নিতে আসায় তাঁরা অন্য কাজ করতে পারেন না। পানি সরবরাহ করার দুটি নলের একটি বন্ধ। দায়িত্বরত একজন পুলিশ সদস্য জানান, একটি নল নষ্ট হয়ে গেছে। তাই শুধু একটি নলে পানি দেওয়া হচ্ছে।চামেলীবাগ এলাকায় পানির সমস্যা আজ কয়েক মাস হয়ে গেছে। অথচ এর কোনো সমাধান পাচ্ছেন না এলাকাবাসী। এ বিষয়ে ঢাকা ওয়াসার মডস জোন-৬-এর নির্বাহী প্রকৌশলী তেও চাছিং বলেন, ‘আমার আওতাভুক্ত এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে পানি সরবরাহ করা হয়। কিন্তু এ সময়ে নদীর পানি কমে যায়। সায়েদাবাদ পানি পরিশোধনাগারে যে পরিমাণ পানি শোধন করা হয়, তার থেকে চাহিদা বেশি থাকায় পানি সরবরাহে এমন সমস্যা হয়। পানির সঙ্গে কিছু ময়লা চলে আসে।’ নদীর পানি কমে যাওয়ার সঙ্গে পানিতে দুর্গন্ধের কী সম্পর্ক?—এমন প্রশ্নে তিনি বলেন, এখন হয়তো পানির চাহিদা মেটাতে গিয়ে শোধন ছাড়াই কিছু পানি লাইনে চলে আসে। তবে সায়েদাবাদে নতুন পানি পরিশোধনাগার হচ্ছে। এটার কাজ শেষ হলেই আর এমন সমস্যা হবে না বলে তিনি দাবি করেন।