বিশৃঙ্খল নগরে সুশৃঙ্খল জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিয়মনীতি ভাঙায় ঢাকা মহানগরের বাসিন্দাদের যেন জুড়ি নেই। মিরপুর রোডের প্রায় পুরোটাজুড়েই নিয়ম ভেঙে রাস্তার পাশে রাখা হয়েছে যানবাহন। মিরপুর রোডের পাশে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের চারপাশের দেয়ালের বাইরের ফুটপাতগুলোর অনেকটা অংশও দখল হয়ে গেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান ফটক পার হয়ে ভেতরে ঢুকতেই দূর হয়ে যায় সব বিশৃঙ্খলা।চারদিকে সবুজ আর সবুজ। সবুজ গাছ আর মৌসুমি ফুলে ছেয়ে আছে গোটা এলাকা। পিচঢালা মসৃণ পথে হেঁটে ৫০ একরের কলেজ আঙিনাটি অনায়াসেই চক্কর দেওয়া যায়। কলেজের খেলার মাঠ থেকে শুরু করে শ্রেণীকক্ষ, প্রশাসনিক ভবন থেকে আবাসিক হাউস—সর্বত্রই যত্ন আর শৃঙ্খলার ছোঁয়া টের পাওয়া যায়। প্রাচীরঘেরা ক্ষেত্রটি কেবল বিদ্যার্থীদের পদচারণ আর কলকাকলিতে মুখর। একটি অনন্য আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে এটি নগরে পরিচিতি লাভ করেছে।ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আছে ছয়টি ছাত্রাবাস। এর মধ্যে বড়দের জন্য চারটি, বাকি দুটো ছোটদের জন্য। ছয়জন গুণী ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে ছয়টি ছাত্রবাস। কলেজ প্রাঙ্গণের একপাশে রয়েছে কুদরাত-এ-খুদা ও জয়নুল আবেদিন হাউস। লালরঙা এ ভবন দুটোতে থাকে তৃতীয় থেকে অষ্টম শ্রেণীর ছাত্ররা। ক্লাস ও বয়স অনুযায়ী তাদের আবাসনের ব্যবস্থা করা হয়। শৃঙ্খলা আর নিয়মানুবর্তিতা—শব্দ দুটোর সঙ্গে এখানকার অধিবাসীরা যে অনেক আগেই পরিচত হয়, তা বোঝা গেল কুদরাত-এ-খুদা হাউসে ঢুকতেই। হাউসের সিঁড়ির গোড়ায় প্লাস্টিকের চেয়ারে বসিয়ে চুল কাটছিলেন একজন নরসুন্দর। সাদা কাপড়ে শরীর মুড়িয়ে একজন চুল কাটাচ্ছে আর বাকিরা পাশে রাখা খাতায় নাম, রোল নম্বর লিখে চুল কাটানোর জন্য অপেক্ষা করছে। চুল কাটা শেষ হলে মাথার সামনের চুলে আঙুল চালিয়ে দেখে নিচ্ছিল তারা, যাতে পরের দিন অ্যাসেম্বলিতে গিয়ে চুল বড় থাকার জন্য পিটুনি খেতে না হয়। আয়েশা আক্তার নামের একজন অভিভাবক বললেন, ‘আমার বড় ননদের ছেলেটা এখান থেকে পাস করে এখন বুয়েটে পড়ছে। আমার ছোট মামার ছেলেও এই কলেজ থেকে পাস করেছে। তাই আমিও আমার ছেলেকে এখানেই ভর্তি করিয়েছি। কলেজের ছাত্রাবাসে থাকলে আর কোনো টেনশন থাকে না।’ কিন্তু ছেলেকে এভাবে ছাত্রাবাসে রাখতে খারাপ লাগে না? জানতে চাইলে তিনি বলেন, ‘মাঝেমধ্যে যদিও ছেলের জন্য মন খারাপ হয়, তার পরও ছেলে একদিন পড়ালেখা শেষ করে মানুষের মতো মানুষ হয়ে বের হবে— ভাবলেই সব কষ্ট দূর হয়ে যায়।’কুদরাত-এ-খুদা হাউসের বাচ্চাদের সঙ্গে কথা বলে জানা গেল, প্রতি ২১ দিন পরপর চুল কাটানো তাদের কাছে খুবই পরিচিত নিয়ম। শুধু চুল কাটার সময়ই নয়, তাদের নাওয়া-খাওয়া, পড়ালেখা, খেলাধুলা, টিভি দেখা, গান গাওয়া—সবকিছুই করতে হয় নিয়মমাফিক।কুদরাত-এ-খুদা হাউসের হাউস মাস্টার সহকারী অধ্যাপক সাবেরা সুলতানা বলেন, ‘অনেক ছেলে আছে, যারা এখানে বন্ধুদের সঙ্গে দলবেঁধে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে যায়। পরে তারা ছুটির মধ্যে বাড়িতে গেলে একাকী হয়ে যায়।’ ছোটদের হাউসের একেকটি কক্ষ আবার একেকটি ফুলের নামে। রজনীগন্ধা, শাপলা, গোলাপ—এসব বাহারি নামের কক্ষে চলে বাহারি ধরনের খেলা। বড় কক্ষের পাতা একটি খাটের সঙ্গে আরেকটি খাট জোড়া লাগিয়ে বাচ্চারা মোজার গুটলি পাকিয়ে খেলে ভলিবল। কেউ কেউ আবার খাটের স্ট্যান্ডের ওপরের ছোট্ট অংশ খুলে তাতে দড়ি বেঁধে মাথার ওপর ঘুরিয়ে মজা পায়। এর মধ্যেও অনেকে আবার চুপিসারে আঁকার খাতায় পেনসিলের আঁচড় কেটে চলে। মধ্যরাতে ঘুম ভেঙে যদি মায়ের মুখটা মনে পড়ে, তবে নীরবে কেঁদে বালিশ ভেজানো ছাড়া কিছুই করার থাকে না তাদের। নির্দিষ্ট দিন ছাড়া এখান থেকে বাইরে যাওয়ার কোনো উপায় নেই। তবে, বর্তমান অধ্যক্ষ কর্নেল মো. কামরুজ্জামান খানের উদ্যোগে ছোটদের অভিভাবকেরা সপ্তাহে এক দিন বাচ্চার সঙ্গে দেখা করতে পারেন।বড়দের চারটি হাউস সবসময় একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায় মেতে থাকে। নজরুল ইসলাম হাউস ভলিবলে জেতে তো ফজলুল হক হাউস ফুটবলে চ্যাম্পিয়ন হয়। আবার লালন শাহ হাউস হয়তো গানে চ্যাম্পিয়ন হয় তো বিজ্ঞান মেলায় খেল দেখায় ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ হাউস। ক্রীড়া-সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে হাউসের নাম ছড়ায়। হাউসের সুনাম বয়ে আনা ছাত্রদের নির্বাচিত করা হয় ‘হাউস এল্ডার’, ‘হাউস প্রিফেক্ট’ প্রভৃতি পদে। প্রতিটি হাউস পরিচালনার জন্য একজন হাউস মাস্টার, হাউস টিউটর এবং শিক্ষার্থীদের মধ্য থেকে মনোনীত হাউস এল্ডার এবং হাউস প্রিফেক্ট থাকে। বড়দের চারটি হাউসেও ছোটদের হাউসের মতোই একই নিয়ম। ছোট-বড় সবাইকে আরেকটা নিয়ম পালন করতে হয়। তা হলো, সন্ধ্যার সময় কলেজের কেন্দ্রীয় মসজিদে মাগরিবের নামাজ একত্রে পড়া।কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা গেল, নিয়মের বেড়াজালে এখানকার শিক্ষার্থীদের জীবন বাঁধা। দিন-রাত ২৪ ঘণ্টাই তাদের নিয়মের মধ্যে থাকতে হয়। নিয়ম ভেঙে বেয়াড়া হওয়ার কোনো সুযোগ এখানে নেই। সকালে ঘুম থেকে উঠে ‘লেফট-রাইট’ করে ক্লাসে যেতে হয়। ক্লাসের ফাঁকে টিফিন পিরিয়ডে কলেজের মাঠে ফুটবল আর ক্রিকেট খেলা চলে ধুমসে। টিফিন শেষের ঘণ্টা পড়লে পড়িমরি করে ক্লাসে ছুট আবার। ক্লাস শেষে একটা থেকে দুই টার মধ্যে গোসল আর দুপুরের খাবার। তারপর কিছুটা বিশ্রাম। বিশ্রামের ফাঁকে অনেকে আবার পছন্দের গল্প-উপন্যাসটাও পড়ে নেয়। এরপর বিকেলে খেলাধুলার পর রাতে আবার যার যার ক্লাসরুমে বই নিয়ে পড়তে চলে যাওয়া। তিন ঘণ্টা পড়ার পর রাতের খাবার খেয়ে কক্ষের বাতি নিভিয়ে পরের দিনের সূর্য দেখার অপেক্ষা। প্রতিষ্ঠানটির কয়েকজন বয়োজ্যেষ্ঠ শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, শুরুর দিকের কথা। ইংল্যান্ডের বিখ্যাত পাবলিক স্কুলের আদলে ১৯৬০ সালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল প্রতিষ্ঠা করা হয়। পরবর্তী সময়ে ১৯৬৪ সালে স্কুলটিকে উচ্চমাধ্যমিক পর্যায়ে উন্নীত করা হয়। কলেজের উপাধ্যক্ষ ফেরদৌস আরা বেগম জানান, ‘ছাত্রদের নেতৃত্বের গুণাবলিসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের সব পরিশ্রম। প্রতিযোগিতামূলক মনোভাব এবং পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে তাদের পড়ালেখা, খেলাধুলা—সব ক্ষেত্রে যোগ্য করে তোলাই আমাদের সাধনা।’ ক্রমবর্ধমান শিক্ষার্থীদের চাপে সরকারের শিক্ষা সম্প্রসারণ নীতির আওতায় ১৯৯৩ সালে প্রতিষ্ঠানে দ্বিতীয় শিফট চালু করা হয় বলেও তিনি জানালেন।