বিশৃঙ্খলা রোধে সাংসদ ও মেয়রদের সক্রিয় থাকার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার সাংসদ ও মেয়রদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় আসন্ন রমজান মাসে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণের জন্য বাজার তদারকি এবং তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে সম্ভাব্য বিশৃঙ্খলা রোধে সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম ওই সাংসদদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে ঠিক করা হয়েছে, আগামী সপ্তাহে বাণিজ্য ও খাদ্যমন্ত্রীসহ সাংসদ ও মেয়রদের নিয়ে পুনরায় মতবিনিময় সভা হবে। সেখানে এসব বিষয়ে সুনির্দিষ্ট করণীয় সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভার শুরুতে স্থানীয় সরকারমন্ত্রী রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে সাংসদদের মতামত চান। এ ব্যাপারে বেশির ভাগ সাংসদ টিসিবির মাধ্যমে দ্রুত ভোগ্যপণ্য মানুষের কাছে পৌঁছানো নিশ্চিত করার জন্য আরও অধিকসংখ্যক ডিলার নিয়োগের কথা বলেন। যেসব ডিলার এর আগে ঠিকমতো কাজ করেননি, তাঁদের বাদ দিয়ে সেখানেও নতুন ডিলার নিয়োগের কথা বলা হয়। এ ছাড়া অসাধু ব্যবসায়ী, যারা মজুদ করে বাজারে জিনিসের দাম বাড়াবে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তৈরি পোশাক খাতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও প্রস্তাব করেন তাঁরা।সাংসদেরা বলেন, চিনিতে প্রয়োজনে কেজিপ্রতি চার-পাঁচ টাকা ভর্তুকি দিয়ে হলেও দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে। কারওরান বাজার থেকে পণ্যবাহী ভ্যান বের হওয়ার নির্ধারিত সময় ভোর ছয়টা থেকে বাড়িয়ে সাতটা করা এবং ফেরিতে পণ্যবাহী, বিশেষ করে কাঁচামালের ট্রাক পারাপারে অগ্রাধিকার নিশ্চিত করা, কাঁচামালবাহী ট্রাকগুলো নির্ধারিত সময়ের আগে ঢাকায় প্রবেশে বাধা না দেওয়া প্রভৃতি প্রস্তাব করেন কোনো কোনো সাংসদ।সভা সম্পর্কে জানতে চাইলে ঢাকা-১১ আসনের সাংসদ আসাদুজ্জামান খান কামাল প্রথম আলোকে বলেন, উপরিউক্ত বিষয়গুলো ছাড়াও ঢাকার সাংসদেরা ১ আগস্ট থেকে প্রতি ওয়ার্ডে ১০ হাজার কার্ডধারীর মধ্যে ২২ টাকা কেজি দরে চাল বিক্রি শুরুর প্রস্তাব করেন।সভা শেষে সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, তৈরি পোশাক কারখানার শ্রমিকদের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি নিয়ে যাতে কেউ অসন্তোষ-বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে, সেদিকে সংশ্লিষ্ট সাংসদের নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রমের পরিপ্রেক্ষিতে কোনো ধরনের নাশকতার ষড়যন্ত্র বন্ধেও সাংসদদের সজাগ থাকতে বলা হয়েছে।স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, বাজার নিয়ে কিংবা সাধারণ মানুষকে কষ্ট দিয়ে কেউ মুনাফা করতে চাইলে তা সহ্য করা হবে না। যেকোনো মূল্যে বিশৃঙ্খলা ও মজুদদারি বন্ধ করা হবে। সেই লক্ষ্যে সাংসদদের নিজ নিজ এলাকার বাজারগুলোর ওপর নজর রাখতে বলা হয়েছে, যাতে কেউ সিন্ডিকেট করতে না পারে। প্রয়োজনে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করারও পরামর্শ দেওয়া হয়েছে। সভায় গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ঢাকার অধিকাংশ সাংসদ ও মেয়র উপস্থিত ছিলেন।