বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা আপনজন হলেও ছাড় দেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘ছাত্রদের সংঘর্ষ, সিট দখল ও ভর্তিবাণিজ্য নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন আমাকে ব্যথিত করে। শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সরকার বদ্ধপরিকর। তাই কোনো ধরনের বিশৃঙ্খলা বরদাশত করা হবে না।’গতকাল শনিবার দুপুরে ইডেন মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, ‘বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা যত আপনজনই হোক, যে সংগঠনেরই হোক, তাদের ছাড় দেওয়া হবে না। ছেলেদের বিশৃঙ্খলায় আমরা অতিষ্ঠ; মেয়েরাও এর সঙ্গে পাল্লা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা মেনে নেওয়া হবে না।’সাহারা খাতুন শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, ‘অভিভাবকেরা পড়াশোনা করতে, দেশকে নিয়ে ভাবতে তোমাদের পাঠিয়েছেন। তাই কোনো ধরনের বিশৃঙ্খলার সঙ্গে জড়ানো চলবে না।’ নবীন শিক্ষার্থীরা সব ধরনের সন্ত্রাস ও অনিয়মের বাইরে থেকে পড়াশোনায় মনোযোগ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইভ টিজিংকারী যুবকদের বখাটে আখ্যায়িত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বখাটেদের কারণে কোনো ছাত্রীর শিক্ষাজীবন যেন অনিশ্চিত না হয়ে পড়ে, সে জন্য প্রয়োজনে শিক্ষাপ্রতিষ্ঠানকে ঘিরে নিরাপত্তাবলয় সৃষ্টি করা হবে।‘পুরোনো সে নক্ষত্রের দিন শেষ হয়, নতুনেরা আসিতেছে বলে’—এই স্লোগান সামনে রেখে গতকাল ইডেন মহিলা কলেজ কর্তৃপক্ষ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে। কলেজ প্রাঙ্গণে বিশাল শামিয়ানা টানিয়ে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানিকভাবে বরণ করে নেন নবীন শিক্ষার্থীদের। অনুষ্ঠানে ২২টি বিভাগের সাড়ে চার হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ইডেন কলেজের অধ্যক্ষ মাহফুজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা-৭ আসনের সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এ এস এম রকিবুল ইসলাম বক্তব্য দেন।