বিশৃঙ্খলা হলে সরকার প্রতিহত করবে
বিএনপি আহূত আগামীকালের হরতালে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে সরকার তা প্রতিহত করবে বলে ঘোষণা দিয়েছে। হরতালের সময় ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করা হলে তা কঠোরভাবে দমন করা হবে। এ ছাড়া প্রধান বা ভিআইপি সড়কগুলোতে কোনো মিছিল করতে দেবে না পুলিশ।আওয়ামী লীগ মনে করে, যেসব সমস্যার কথা বলে বিএনপি হরতাল ডেকেছে, সেগুলো বিএনপি সরকারেরই সৃষ্টি। ক্ষমতায় থাকাকালে বিএনপি বিদ্যুৎ উৎপাদন বাড়াতে পারেনি, গ্যাস উত্তোলনের ব্যবস্থা করতে পারেনি। বরং বর্তমান সরকার সেসব সমস্যা সমাধানের চেষ্টা করছে।আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী খালেদা জিয়ার বক্তব্য সম্পর্কে প্রথম আলোকে বলেন, তাঁর নির্বাচনী ওয়াদা ছিল হরতাল না করার। কিন্তু এখন তিনি ওয়াদার খেলাপ করে হরতাল ডেকেছেন। যেসব সমস্যার কথা তিনি বলছেন, সেগুলো তাঁর সৃষ্টি। বর্তমান সরকার সেসব সমস্যা সমাধানের চেষ্টা করছে। খালেদা জিয়া জনগণকে কাজ না করার কথা বলছেন। তাহলে মানুষ খাবে কী?আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, খালেদা জিয়া পাঁচ বছর এত দুর্নীতি ও লুটপাট করেছেন যে জনগণ তাঁদের মাত্র ৩০টি আসন দিয়েছে। সুতরাং জনগণ জানে, কারা জালেম। মূলত খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বাঁচাতেই হরতাল ডেকেছেন। আর সরকারকে সময় দেওয়া-নেওয়ার তিনি কেউ নন।এদিকে গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘হরতাল প্রতিহত করুন, জঙ্গিবাদ রুখে দাঁড়ান’ শীর্ষক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, হরতালকে রাজনৈতিক বা প্রশাসনিকভাবে মোকাবিলার কোনো প্রস্তুতি সরকারের নেই। তবে হরতালের নামে কোনো নৈরাজ্য সৃষ্টি করা হলে সরকার তা প্রতিহত করবে।পুলিশের সংবাদ সম্মেলন: গতকাল সকালে রাজারবাগ পুলিশ লাইনে এক সংবাদ সম্মেলনে রাজধানীতে পুলিশের নিরাপত্তা প্রস্তুতি তুলে ধরেন মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক। জানানো হয়, হরতালের দিন রাজধানীতে ১০ হাজার পুলিশ মোতায়েন থাকবে। এর মধ্যে ৪৫১টি নির্দিষ্ট স্থানে পুলিশ থাকবে। এর বাইরে আরও থাকবে টহল দল ১৩৫টি, ভ্রাম্যমাণ স্ট্রাইকিং দল ৭৪টি, স্ট্রাইকিং রিজার্ভ ১৫টি স্থানে ও ক্যামেরাসহ প্রমাণ সংগ্রহ দল ২০টি। সাদা পোশাকের গোয়েন্দারাও মাঠে থাকবে।কমিশনার বলেন, ‘আমরা নিশ্চিত করছি, হরতালে বাধা দেওয়া হবে না। যে কেউই হরতাল সমর্থন করে যানবাহন-দোকানপাট বন্ধ রাখতে পারেন। এটি তাঁর গণতান্ত্রিক অধিকার। একইভাবে কেউ যদি হরতালের ডাকে সাড়া না দিয়ে ব্যবসা-বাণিজ্য অব্যাহত রাখতে চান, যানবাহন চালাতে চান, তবে সেটিও তাঁর অধিকার। কাউকে পথ চলতে বাধা দেওয়া, দোকানপাট জোর করে বন্ধ করে দেওয়া গণতান্ত্রিক অধিকারের খর্ব, ফৌজদারি অপরাধ। পুলিশ এগুলো সহ্য করবে না।’কমিশনার আরও বলেন, প্রধান বা ভিআইপি সড়কগুলোতে কোনো প্রকার মিছিল পুলিশ করতে দেবে না। বিমানবন্দর সড়ক, মিন্টো রোড, টঙ্গী ডাইভারশন রোড, রামপুরা বিশ্বরোড—এসব রাস্তায় মিছিল করে যেন যান চলাচলে বিঘ্ন ঘটানো না হয়, সে জন্য বিরোধী দলের প্রতি অনুরোধ জানান তিনি।এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, এবার হরতালের আগে কোনো গণগ্রেপ্তার হবে না। তবে বিভিন্ন এলাকায় নাশকতামূলক কাজে জড়িত থাকতে পারে, এমন সন্দেহভাজন লোকদের তালিকা করেছে সংশ্লিষ্ট থানা। তাদের গ্রেপ্তার করা হবে।এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, তাঁর থানায় ২৫-৩০ জনের একটি তালিকা করা হয়েছে।দুই হাজার র্যাব: র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল প্রথম আলোকে বলেন, হরতালে দায়িত্ব পালনের জন্য ঢাকায় নিয়মিত সদস্যদের বাইরে অতিরিক্ত দুই হাজার সদস্য মোতায়েন করা হয়েছে। তাঁরা বিভিন্ন এলাকায় টহল দেবেন। সাদা পোশাকেও কিছু সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়াও প্রস্তুত থাকবে র্যাবের বোমা অপসারণ দল ও ডগ স্কোয়াড। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত সদস্য টহল দেবেন।