বিশৃঙ্খলার দায় সরকারকে বহন করতে হবে: খন্দকার মোশাররফ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ বাঁকা পথে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাইছে। সরকারকে তিনি হুঁশিয়ার করেন, গায়ের জোরে ক্ষমতায় থাকতে গেলে যে সংঘাত ও বিশৃঙ্খলার সৃষ্টি হবে, তার দায় তাদেরই বহন করতে হবে। আজ সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এসব অভিযোগ করেন। গ্রেপ্তার হওয়া বিএনপির নেতাদের মুক্তির দাবিতে ‘নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্য’ এই আলোচনা সভার আয়োজন করে।খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগ পঁচাত্তরের মতো গণতন্ত্রের পথ রুদ্ধ করে বাকশালের পথে হাঁটছে। বাঁকা পথে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী ও ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।আওয়ামী লীগ সব সময় বিকল্প শক্তিকে সমর্থন করেছে অভিযোগ করে বিএনপির এই নেতা বলেন, আজকেও তাঁরা সেদিকেই হাঁটছে।রাজনৈতিক সংকট থেকে দেশকে রক্ষা করতে হলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার বিকল্প নেই উল্লেখ করে বিএনপির এই নেতা বাংলাদেশকে নিয়ে আর লুকোচুরি না খেলতে সরকারের প্রতি আহ্বান জানান।‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও প্রেস বন্ধ করে দেওয়ার সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘এসব নজীরবিহীন ঘটনা।’