বিশৃঙ্খলায় জড়িত আইনজীবীদের সনদ বাতিল করা উচিত: কামরুল
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, যেসব আইনজীবী উচ্চ আদালতে বিশৃঙ্খলা চালিয়ে যাচ্ছেন, শাস্তি হিসেবে তাঁদের সনদ বাতিল করা দরকার। তিনি বলেন, বিরোধী দল বিএনপি রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাঁদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে তিনি সবার প্রতি আহ্বান জানান। আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু একাডেমিতে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করা-সংক্রান্ত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেল থেকে এ খবর জানা গেছে। আলোচনাসভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান আলমগীর ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ফজলুল হক আমিনীর উদ্দেশে বলেন, ‘ডাস্টবিন থেকে আপনার জন্ম ও উত্থান হয়েছে।’ সংবিধানকে ডাস্টবিনে ছুড়ে ফেললে আমিনীকে আবার ডাস্টবিনেই ফিরে যেতে হবে বলে তিনি মন্তব্য করেন।আলোচনাসভায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।