বিশেষ আইনগুলোর অপপ্রয়োগও হচ্ছে
আইনজীবী; সভাপতি, মহিলা আইনজীবী সমিতিনারীদের জন্য বিশেষ আইনগুলো থাকার ফলে তাঁরা আগের চেয়ে অনেক সচেতন হয়েছেন। তবে পুরো অর্থে নারীকল্যাণের জন্য আইন ও বিচারব্যবস্থা এখনো গড়ে ওঠেনি। মান্ধাতার আমলের বিচারব্যবস্থার কারণে নারীরা উপযুক্ত পরিবেশ পাচ্ছেন না আদালত অঙ্গনে। আইনজীবী, তদন্তকারী কর্মকর্তা ও বিচারকেরা এ বিষয়ে সচেতন হয়ে ওঠেননি পুরোপুরি। স্পর্শকাতর মামলাগুলোর ক্ষেত্রে ক্যামেরা ট্রায়ালের বিধান আছে। কিন্তু আইনজীবী ও বিচারকেরাই তা চান না অনেক সময়। তবে সুপ্রিম কোর্টে কিছু পরিবর্তন এসেছে। ২০০৮ সালে একটি তালাকের মামলায় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বেঞ্চ শুনানির সময় সংশ্লিষ্ট মামলার আইনজীবী ও বিচারপ্রার্থী ছাড়া সবাইকে আদালতকক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। তারপর রুদ্ধদ্বার কক্ষে তিনি মামলাটির শুনানি করেন। এতে করে বাদীর অনেক বিষয় আইনজীবী স্বতঃস্ফূর্তভাবে উপস্থাপন করতে পেরেছেন। এ দৃষ্টান্ত অনুকরণীয়।নিম্ন আদালতে পারিবারিক মামলাগুলোর ক্ষেত্রে দেখা যায়, অনেক মিথ্যা ঘটনার অবতারণা হয়। একটি মামলার ক্ষেত্রে এমন হয়েছে যে মেয়েটির চরিত্র নিয়ে বিষোদ্গারে মেতে উঠেছিলেন আইনজীবীরা। মেয়েটিকে দুশ্চরিত্রা বলে বলে বিব্রত করা হচ্ছিল। কিন্তু মেয়েটির স্বামী তাঁকে নিয়ে ঘর করতে আগ্রহী ছিলেন। অথচ আইনজীবীরাই তাঁকে সন্দিহান করে তুললেন উল্টো। এ ধরনের ঘটনা যাতে না ঘটে, এ জন্য আমাদের আইনজীবীদেরও সচেতন হওয়া উচিত। আমাদের দেশে নারী ও শিশুবান্ধব বিচারব্যবস্থা গড়ে ওঠেনি। তবে ইতিবাচক কিছু পরিবর্তন শুরু হয়েছে। হয়তো সময় লাগবে। মাঝেমধ্যে বিশেষ কিছু আইনের অপপ্রয়োগ হচ্ছে। স্বার্থান্বেষী কেউ শত্রুভাবাপন্ন হয়ে কিংবা রাজনৈতিক উদ্দেশ্যে এ আইনের অপব্যবহার করছে। এ বিষয়ে আইন প্রয়োগকারী সংস্থাসহ সবাইকে সচেতন থাকা জরুরি, যাতে মিথ্যা মামলা না হয়। মানবাধিকার সংগঠনগুলো অনেক যাচাই-বাছাই করেই মামলা দায়ের করে থাকে। ফলে মিথ্যা মামলা এখানে নেই। সব আইনেই কিছু বিচ্যুতি রয়েছে। এগুলো দূর করা উচিত। যেমন অনেক আইনে জামিনের বিধান ছিল না, এখন হয়েছে। বিচারপতি ইমান আলী ২ মার্চ ব্লাস্টের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে রায়ে বলেন, ধর্ষণের পর হত্যার মামলার ক্ষেত্রে শুধু মৃত্যুদণ্ডের বিধান নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাখা যাবে না। মিথ্যা মামলা দায়ের করা হলে এতে যদি প্রমাণিত হয় মামলাটি মিথ্যা, তাহলে নারী ও শিশু নির্যাতন দমন আইনেই এর শাস্তি রয়েছে। গাজীপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কয়েক বছর আগে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে এক নারীর সাত বছর কারাদণ্ড হয়েছিল।