বিশেষ আকর্ষণ মেয়েদের সেরোয়ানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীতে আবহাওয়া অনুকূলে থাকায় এক সপ্তাহ ধরে কেনাকাটা করতে গ্রামের মানুষও ছুটে আসছে শহরের বিপণিবিতানগুলোতে। তৈরি পোশাক, কাপড়চোপড়, পাদুকার দোকান ও প্রসাধনীসামগ্রীর দোকানে লোক সমাগম বেড়ে গেছে।শহরের ইসলামী ব্যাংক মার্কেটের প্লাস পয়েন্টের নজরুল ইসলাম জানান, তাঁর দোকানে তরুণী ও শিশুদের পোশাকই বিক্রি হচ্ছে বেশি। বাচ্চাদের বাবা সেট ও বেবি সেট বিক্রি হচ্ছে ৪০০ টাকা থেকে দুই হাজার টাকা। তরুণীদের ক্যাটরিনা বিক্রি হচ্ছে তিন হাজার ২০০ টাকা করে, মাসাককালি তিন হাজার টাকা, ওয়াকা ওয়াকা আড়াই হাজার টাকা থেকে তিন হাজার টাকা ও কারিনা কাপুর আড়াই হাজার টাকা করে বিক্রি হচ্ছে। এ ছাড়া থ্রি পিস, চুরিদার, সেমি শর্ট ও শর্ট স্কাট ৮০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর পুরুষদের আড়ং পাঞ্জাবি, কারচুপি পাঞ্জাবি, ও অ্যারো শর্ট শার্টের চাহিদাও আছে ব্যাপক। দাম ৮০০ থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া এবারের ঈদের বিশেষ আকর্ষণ মেয়েদের সেরোয়ানি এবং মাখন সিল্কের ওপর কাজ করা থ্রি পিস। দাম আড়াই হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত।কাটা কাপড়ের দোকান: পোস্ট অফিস সড়কের জনতা বস্ত্রালয়ের মালিক মিহির পাল জানান, তাঁর দোকানে সবচেয়ে বেশি চলছে সুতার কাজ করা থ্রি পিস। দাম ৭০০ থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া জর্জেট, জিপসি, আনারকলি, সিল্কের ওপর কাজ করা থ্রি পিস বিক্রি হচ্ছে দুই হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত। পুরুষদের সেঞ্চুরি, অরবিন্দু শার্ট পিস ৫০০ থেকে দেড় হাজার টাকা, প্যান্ট পিস রেমন ৫০০ থেকে দুই হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।গৌরাঙ্গ বস্ত্রালয়ের মালিক মতিউর রহমান জানান, জর্জেট কুমকুম ও ঘর ঘরকা কাহানি শাড়ি আড়াই হাজার থেকে ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। মধ্যবিত্তরা কিনছেন টাঙ্গাইল, জর্জেট ও সুতি ছাপা শাড়ি। দাম ৫০০ থেকে এক হাজার ৫০০ টাকা। নিম্নবিত্তরা কিনছেন আড়াই শ থেকে ৩০০ টাকার মধ্যে পাকিজা, জনি, সৌরভ ও সাথি শাড়ি। এ ছাড়া আধুনিকা বস্ত্রালয়, বিবেকানন্দ বস্ত্রালয়, লোকনাথ বস্ত্রালয়, মা বন্ত্রালয়সহ বেশ কিছু শাড়ি কাপড়ের দোকানমালিকেরা জানান, মহিলারা এ বছর সবচেয়ে বেশি পছন্দ করছেন কুমকুম, কুসুম, মালাইকা, জেসি, মহিমা, ঢাকাই মসলিন, জর্জেট ও টাঙ্গাইল শাড়ি।ফুটপাত: পুরাতন টাউন হল মার্কেটে বাচ্চাদের পোশাক বিক্রি হচ্ছে প্রচুর। বিভিন্ন ডিজাইনের এ পোশাকের দামও বড় বড় দোকানের চেয়ে অনেক কম। ইব্রাহিম খলিল নামের এক দোকানি জানান, গত বারের চেয়ে এবার বিক্রি একটু বেশি। তবে ২৫ রোজার পর বিক্রি আরও বেড়ে যাবে।জুতার দোকান: পাদুকার দোকানগুলোতেও ক্রেতারা ভিড় করছে। আদালতপাড়া এলাকাসহ ফুটপাতেও বেশ কিছু পাদুকা দোকান বসেছে। গভীর রাত পর্যন্ত এসব দোকানে বেচাকেনা চলছে।টেইলার্সে উপচেপড়া ভিড়: এদিকে রোজার মাস থেকেই শুরু হয়েছে টেইলার্সের দোকানগুলোতে ভিড়। পোস্ট অফিস এলাকার লিবার্টি টেইলার্সের মালিক বাবুল দাস জানান, এখন শেষ পর্যায়ে এসে তাঁর দোকানে নতুন করে কোনো অর্ডার নেওয়া হচ্ছে না। প্রতিটি টেইলার্স দোকানে একই অবস্থা চলছে। তবুও ভিড় উপচে পড়ছে দোকানগুলোতে।সোনা ও ইলেকট্রনিক্সের দোকানে ভিড় কম: তবে মন্দা যাচ্ছে সোনার দোকান ও ইলেকট্রনিক্সের দোকানগুলোতে। জুয়েলারি মালিক সমিতির সভাপতি মালেক মিয়া জানান, সোনার দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ এ বছর কেনাকাটায় স্বর্ণের জিনিসের ওপর গুরুত্ব দিচ্ছে না। গতবারের তুলনায় এ বছর এক-তৃতীয়াংশও বেচাকেনা নেই।