বিশেষ আদালত দরকার
ফৌজদারি আইন-বিশেষজ্ঞমাদকদ্রব্য আইনে যে মামলাগুলো হয়, বরাবরই তাতে বিচিত্র সমস্যা পরিলক্ষিত হয়। আদালতে দেখা যায়, মামলাগুলো কখনো ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, আবার কখনো ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে হচ্ছে। পদ্ধতি, প্রকৃতি ও শাস্তির পরিমাণে দুই আইনে রয়েছে যথেষ্ট ভিন্নতা। একেক মামলা একেক আইনে হলে ক্ষতিগ্রস্ত পক্ষ স্বাভাবিকভাবে ন্যায়বিচার বঞ্চিত হয়। তাই মাদকদ্রব্য-বিষয়ক মামলাগুলো কোন আইনে হবে, তা সুনির্দিষ্ট হওয়া উচিত। অন্যদিকে সব মাদকে মাদকের পরিমাণ কিন্তু সমান নয়। যেমন, হেরোইন ও ফেনসিডিলে মাদকের পরিমাণ খুব বেশি, আবার মদ, গাঁজা কিংবা অন্যান্য মাদকে তুলনামূলক কম। অথচ শাস্তির ক্ষেত্রে সব মাদকের অবস্থান একই। হেরোইন উৎপাদনের জন্য যে শাস্তি, সাধারণ মদ উৎপাদনেরও একই শাস্তি। বিষয়টি ন্যায্য নয়। শাস্তির পরিমাণটা মাদকদ্রব্যে মাদকের পরিমাণ অনুপাতে হওয়া উচিত। মাদকের পরিমাণ বেশি হলে তাতে ক্ষতির পরিমাণও বেশি। তজ্জন্য শাস্তির পরিমাণও হওয়া উচিত বেশি। বিপরীতে যে মাদকদ্রব্যে ক্ষতিকারক শক্তি তুলনামূলক কম; তার উৎপাদন, বহন ও ভক্ষণে শাস্তির পরিমাণ হবে অপেক্ষাকৃত কম। প্রায়শ দেখা যায়, মাদক উৎপাদনকারী, সেবনকারী, বিক্রেতা কিংবা আড়তদারের বদলে কেবল মাদক বহনকারীই শাস্তি পাচ্ছে। তদন্তকাজ ও তদন্ত প্রতিবেদনের দুর্বলতায় মূলত এমনটি হয়। মাদকদ্রব্য-বিষয়ক মামলাগুলোর বেশির ভাগই দীর্ঘসূত্র। এর পেছনে তদন্তকাজে বিলম্ব, পক্ষদের অযাচিত সময়ক্ষেপণ বড় একটা ভূমিকা পালন করে। মাদকের মামলাগুলো কত দিনে শেষ হবে, তার একটা সময়সীমা থাকা উচিত। তা ছাড়া মাদক আইনে জামিনের বিষয়টি পুরোপুরি আদালতের বিবেচনাধীন। হেরোইন, প্যাথিডিন, ফেনসিডিল ইত্যাদি খুব ক্ষতিকর মাদক ছাড়া অপেক্ষাকৃত কম ক্ষতিকর মাদকের মামলায়, আদালত সাধারণত আসামিদের জামিন দিয়ে দেন। এ ক্ষেত্রে আসলে সুনির্দিষ্ট একটা দিকনির্দেশনা কিংবা একটা নীতিমালা থাকা উচিত। না হলে প্রকৃত ন্যায়বিচারের পথটা যথেষ্ট দুরূহই থেকে যাবে। মাদক গ্রহণের প্রবণতা দিন দিন বাড়ছে, বাড়ছে মাদক অপরাধ ও অপরাধীর সংখ্যা, বাড়ছে মামলার সংখ্যা। মাদক মামলার দ্রুত ও কার্যকর বিচার সম্পাদন এবং এতদ্সংক্রান্ত মামলার জট কমাতে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মতো মাদক অপরাধ দমন ট্রাইব্যুনাল কিংবা এ বিষয়ে একটি বিশেষ আদালত গঠন করা দরকার।