বিশেষ আনসাররা স্থায়ী নিয়োগ পাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষ আনসার সদস্যদের (আত্মসমর্পণকারী চরমপন্থী) আইনশৃঙ্খলা বাহিনীর কোনো স্থায়ী পদে নিয়োগ দেওয়া হবে না। বাহিনীর নিরাপত্তা বিবেচনা করে এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। তবে বিশেষ আনসারদের পুনর্বাসন করতে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ ছাড়া যাঁরা বাহিনীতে থাকবেন, তাঁদের জন্য আর্থিক অনুদানের ব্যবস্থাসহ সুযোগ-সুবিধা বাড়ানো হবে।জানতে চাইলে আনসার-ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী প্রথম আলোকে বলেন, বিশেষ আনসারদের সবাই চরমপন্থী দলে ছিলেন, তাঁরা আত্মসমর্পণ করেছেন। তাঁদের অনেকেই চাকরি ছেড়ে চলে গেছেন, অনেকে এখনো আছেন। মহাপরিচালক বলেন, ‘নিরাপত্তার কথা ভেবেই আমরা তাঁদের বাহিনীতে স্থায়ী পদে নিতে পারছি না। তবে সরকার এঁদের পুনর্বাসন ও সুযোগ-সুবিধা বাড়াতে আন্তরিক।’জানা গেছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গোপন চরমপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা। ১৯৯৯ সালে সরকারের আহ্বানে সাড়া দিয়ে তাঁরা আত্মসমর্পণের সুযোগ নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কথা ছিল, আত্মসমর্পণের পর পুনর্বাসন করা হবে। সে অনুযায়ী যাচাই-বাছাই করে ৭৮৬ জনকে আনসার বাহিনীতে নিয়োগ দেওয়া হয় ‘বিশেষ আনসার’ হিসেবে। কিন্তু গত ১১ বছরেও তাঁদের চাকরি স্থায়ী হয়নি।বিশেষ আনসারদের অভিযোগ, আনসার কর্তৃপক্ষ কখনোই তাঁদের ভালোভাবে গ্রহণ করেনি। সাধারণ আনসার ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা যেসব সুযোগ-সুবিধা পান, তাঁরা সেটা থেকেও বঞ্চিত।সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, আত্মসমর্পণকারী দুই হাজার ১২৬ জন চরমপন্থী সদস্যের মধ্য থেকে বাছাই করে ৭৮৬ জনকে বিশেষ আনসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় এসে তাঁদের চাকরি আর স্থায়ী করেনি। তবে নিয়োগ দেওয়ার পর এ পর্যন্ত প্রায় ৩০০ জন পালিয়ে গিয়ে আবার চরমপন্থী দলে যোগ দিয়েছেন, কেউ খুনও হয়েছেন।সূত্র জানায়, বর্তমানে বাহিনীতে মোট ৪৮৫ জন বিশেষ আনসার কর্মরত রয়েছেন। তাঁরা সবাই থানার সমন পৌঁছানো ও ব্যাটালিয়নের দায়িত্বে কিংবা ট্রাফিক পুলিশসহ বিভিন্ন পদে সাধারণ পুলিশ সদস্যের মতো দায়িত্ব পালন করছেন।জানা গেছে, বিশেষ আনসারদের বেশির ভাগের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ছুটিতে গিয়ে নির্দিষ্ট সময়ে ফেরত আসেন না। এ ছাড়া শৃঙ্খলা বাহিনীর নিয়মও তাঁরা মেনে চলছেন না।অন্যদিকে বিশেষ আনসারদের অনেকেরই অভিযোগ, অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়ায় এবং তাঁরা ভিন্নভাবে বাহিনীতে আসায় সুযোগ-সুবিধা কম পাচ্ছেন।মন্ত্রণালয়ের সিদ্ধান্ত: সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আনসার শাখা বিশেষ আনসারদের পুনর্বাসন বিষয়ে বৈঠকে বসেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, বিশেষ আনসার সদস্যরা যত দিন অন্য কোথাও পুনর্বাসিত না হবে, কোনো সরকারি সংস্থায় নিয়মিত নিয়োগের ব্যবস্থা না হবে অথবা বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা না হবে, তত দিন বর্তমান পদ্ধতিতে তাঁদের বহাল রাখা হবে।চাকরি জীবন শেষ করে প্রত্যেক বিশেষ আনসার সদস্যকে এককালীন আড়াই লাখ টাকা অনুদান দেওয়া হবে। এ হিসাবে ৪৮৫ জন আনসারকে দেওয়া হবে ১২ কোটি ১২ লাখ ৫০ হাজার টাকা।জাতীয় বেতন স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে অঙ্গীভূত আনসারসহ অন্যান্য শ্রেণীর আনসার সদস্যদের ভাতা ৩০ শতাংশ বাড়ানোর যে পদক্ষেপ নেওয়া হয়েছে, বিশেষ আনসারদের ভাতা একইভাবে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এ বিষয়ে জরুরি ভিত্তিতে আনসার ও ভিডিপি অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রস্তাব পাঠানোর অনুরোধ করা হয়।দেশে ও বিদেশে কর্মসংস্থান: আনসার ও ভিডিপি অধিদপ্তর সূত্র জানায়, শিক্ষাগত যোগ্যতা এবং সরকারি নিয়োগ বিধি অনুযায়ী আনসার ও ভিডিপি অধিদপ্তরের আওতাধীন শূন্য পদের বিপরীতে তৃতীয় শ্রেণীর চারটি এবং চতুর্থ শ্রেণীর পাঁচটি শূন্য পদে তাঁদের নিয়োগ দেওয়ার বিষয়ে বিবেচনা করা যেত। কিন্তু এসব বিশেষ আনসার সদস্যকে এই বাহিনীর স্থায়ী পদে নিয়োগ দেওয়া হলে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে—এ বিবেচনায় বিশেষ আনসারদের পুনর্বাসনের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়।আনসার ও পুলিশ সদর দপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী, এই ৪৮৫ জন বিশেষ আনসারের মধ্যে ৫৪ জন দেশেই চাকরি করতে চান। অন্য ৪৩১ জন চাকরির জন্য বিদেশে যেতে ইচ্ছুক। কিন্তু তাঁরা কেউই বিদেশে যাওয়ার জন্য এর আগে প্রশিক্ষণ নেননি। ৪৮৫ জন বিশেষ আনসারের মধ্যে স্নাতক দুজন, এইচএসসি আটজন ও ৩৩ জন এসএসসি পাস। অন্য সবার শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণীর নিচে। আনসার-ভিডিপির উপমহাপরিচালক এ কে এম মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, অবশ্যই চরমপন্থীদের শৃঙ্খলা বাহিনীতে আনা বিগত সরকারের একটি সাহসী সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, ‘বিশেষ আনসারদের নিয়ে অনেক সমস্যা রয়েছে এটা ঠিক, কিন্তু সরকারের এ উদ্যোগকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। বিশেষ আনসারের সদস্যরা যেহেতু তাঁদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা শঙ্কিত, সেহেতু সরকার তাঁদের পুনর্বাসন ও আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।’