বিশেষ কমিটিকে খালেদার চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির আমন্ত্রণে বৈঠকে যোগ দেননি বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। তিনি বরং এই আমন্ত্রণকে ‘দুরভিসন্ধিমূলক’ আখ্যা দিয়ে চিঠি পাঠিয়েছেন। বিশেষ কমিটি এ চিঠির ভাষাকে ‘অসৌজন্যমূলক’ বলেছে।প্রধান বিরোধী দল বিএনপি বৈঠক বর্জন করলেও সংসদে প্রতিনিধিত্বকারী অন্য পাঁচটি রাজনৈতিক দলের সঙ্গে গতকাল সোমবার মতবিনিময় করেছে বিশেষ কমিটি। দলগুলো হলো: জাতীয় পার্টি, জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, ন্যাপ ও গণতন্ত্রী পার্টি।বেশির ভাগ রাজনৈতিক দলই তাদের লিখিত প্রস্তাবে রাষ্ট্রের সব সাংবিধানিক পদে নিয়োগের বিষয়টি সংসদ কর্তৃক অনুমোদনের বিধান রাখতে বলেছে। এ বিষয়ে জাতীয় পার্টি, জাসদ ও ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে বলা হয়, এসব পদে নিয়োগের জন্য একটি জাতীয় নির্বাচক কমিটি থাকবে। কমিটির সুপারিশ চূড়ান্তভাবে অনুমোদন করবে সংসদ। বিচারপতিদের অপসারণ বা অভিশংসনের দায়িত্ব সংসদের ওপর ন্যস্ত করতে হবে। প্রয়োজনে হাইকোর্টের বেঞ্চ ঢাকার বাইরে নেওয়ার বিধান করার কথাও তাদের প্রস্তাবে বলা হয়েছে। বর্জন: বিএনপি ও তাদের জোটের শরিক বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) গতকাল বিশেষ কমিটির সভায় অংশ নেয়নি। খালেদা জিয়া লিখিত চিঠিতে সভায় যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেছেন, বিশেষ কমিটির এ আমন্ত্রণ দুরভিসন্ধিমূলক।জানা গেছে, গতকাল সকাল নয়টার দিকে সংসদের বিরোধীদলীয় নেতার ব্যক্তিগত সচিব সালেহ আহমেদ বিরোধীদলীয় নেতার চিঠিটি বিশেষ কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরীর দপ্তরে পৌঁছে দেন। কমিটির চেয়ারপারসনকে লেখা চিঠিতে বলা হয়েছে, ‘আপনার পত্রের সঙ্গে কোনো কার্যপত্র বা সংবিধান সংশোধনের বিষয়ে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বা পুনর্মুদ্রিত সংবিধানের কোনো কপি দেওয়া হয়নি। আইনমন্ত্রী পুনর্মুদ্রিত সংবিধানকে দেশের সংবিধান বলেছেন। কিন্তু এটি সংবিধানের ১৪২ অনুচ্ছেদ লঙ্ঘন করে ছাপা হয়েছে। দেশের মানুষ পুনর্মুদ্রিত এই সংবিধানকে জাতীয় স্বার্থবিরোধী একটি ষড়যন্ত্রমূলক প্রয়াস হিসেবে প্রত্যাখ্যান করেছে।’ চিঠিতে বলা হয়, ‘সংবিধান নিয়ে সরকারের পরস্পরবিরোধী সাংঘর্ষিক বক্তব্য দেশে চরম বিভ্রান্তির সৃষ্টি করেছে, যার নিরসন আবশ্যক। কিন্তু সংবিধান সংশোধন বিষয়ে সরকারের সঠিক অবস্থান কী, তা এখনো জনগণ জানে না। এ প্রেক্ষাপটে আপনি যে আলোচনার আমন্ত্রণ জানিয়েছেন, তা দুরভিসন্ধিমূলক। তাই আমরা মনে করি, বিশেষ কমিটির এই প্রস্তাব সরকারের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার একটি অপকৌশল মাত্র। সেহেতু এই বৈঠক অর্থবহ হবে না।’কমিটির প্রতিক্রিয়া: দুপুরের বৈঠক শেষে বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেন, ‘বিএনপি সভায় আসেনি, তবে একটি চিঠি পাঠিয়েছে। চিঠির ভাষা অনাকাঙ্ক্ষিত, অসৌজন্যমূলক, সংসদীয় শিষ্টাচারবহির্ভূত ও অগণতান্ত্রিক।’ বিশেষ কমিটির আমন্ত্রণকে দুরভিসন্ধিমূলক বলার নিন্দা করে তিনি বলেন, ‘আশা করি, তাঁরা তাদের ভুল বুঝতে পারবেন। তাঁরা বুঝবেন, সংবিধানের ধারাই জনগণের ধারা। জনগণের বাইরে বিকল্প কোনো ধারা নেই।’এ সময় কমিটির সদস্য তোফায়েল আহমেদ বলেন, ‘বিএনপি আগে বলেছে কমিটি অবৈধ। এখন কমিটির কাছে চিঠি পাঠিয়ে তারা প্রমাণ করেছে, কমিটি বৈধ।’ফজলে রাব্বি মিয়া বলেন, বিএনপি বলছে দেশে সংবিধান নেই। সংবিধান না থাকলে আদালতে প্রতিদিন রিট আবেদন হচ্ছে কীভাবে? আর বিচারপতিরা সেই রিটের ওপর রুল দিচ্ছেন কীভাবে? সংবিধান না থাকলে মওদুদ আহমদ সংবিধানের ১০২ অনুচ্ছেদের আওতায় আদালতে একাধিক রিট আবেদন করলেন কীভাবে?জাতীয় পার্টির প্রস্তাব: বিকেলে এইচ এম এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির একটি প্রতিনিধিদল বিশেষ কমিটির সভায় যোগ দেয়। বিশেষ কমিটির কাছে তারা নয়টি লিখিত প্রস্তাব দেয়। প্রস্তাবে বলা হয়, সংবিধান থেকে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ বাদ দেওয়া যাবে না। কোরআন-সুন্নাহপরিপন্থী কোনো আইন করা যাবে না। ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে রাখতে হবে। এ ছাড়া প্রাদেশিক সরকারব্যবস্থা প্রবর্তনের কথাও বলা হয়েছে প্রস্তাবে।বৈঠক শেষে এইচ এম এরশাদ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘এই ব্যবস্থাটি রাজনীতিবিদদের জন্য একটি কলঙ্কতিলক। এই অপমানজনক ব্যবস্থাটিকে সাংবিধানিক স্বীকৃতিও দেওয়া হয়েছে। অপছন্দ হলেও বিরাজমান নির্বাচনব্যবস্থায় এটাকে এখনই আমি বিলুপ্ত করার পক্ষে মত দিচ্ছি না।’জাসদ ও ওয়ার্কার্স পার্টি: মহাজোট সরকারের শরিক জাসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রস্তাবের বেশির ভাগই অভিন্ন। তাদের প্রস্তাবে বলা হয়, সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও বিশেষ কোনো ধর্মকে রাষ্ট্রধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি স্ববিরোধী। তাই ধর্মের অপব্যবহার রোধ করতে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম হিসেবে ‘ইসলাম’ বাদ দিতে হবে। একই সঙ্গে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ শব্দগুচ্ছও বাদ দিতে হবে। এই দুটি দল সংবিধানের ৩৮ অনুচ্ছেদ বাহাত্তরের আদলে ফিরিয়ে নিয়ে ধর্মভিত্তিক রাজনৈতিক দল নিষিদ্ধ করার প্রস্তাব করেছে। জাসদ ও ওয়ার্কার্স পার্টি সংসদের মোট আসনের ৩৩ শতাংশ নারীদের জন্য সংরক্ষণ এবং এসব আসনে সরাসরি নির্বাচনের বিধান করার প্রস্তাব করেছে।জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, শাহ জিকরুল আহমেদ, শিরিন আকতার ও ওয়ার্কার্স পার্টির আনিসুল হক এবং ন্যাপের আমেনা আহমেদ ও গণতন্ত্রী পার্টির রুবী রহমান সভায় যোগ দেন।আওয়ামী লীগের সঙ্গে সভা কাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সঙ্গে বিশেষ কমিটির সভা আজকের পরিবর্তে কাল বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। বিশেষ কমিটির মুখপাত্র সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের এ তথ্য জানান।