বিশেষ কমিটিতে বিরোধীদলীয় নেতা এখনো মতামত দিতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনের খসড়া প্রণয়নের এ পর্যায়ে শুধু বিরোধীদলীয় নেতা ছাড়া আর কারও মতামত নেবে না বিশেষ কমিটি। আর ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজনদের দেওয়া পরামর্শের ভিত্তিতে সংশোধনী প্রস্তাবনার খসড়া চূড়ান্ত করা হবে। কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্তকে বিশেষ কমিটি এ প্রস্তাবনা তৈরির দায়িত্ব দিয়েছে। খসড়া প্রস্তাবনা তৈরির পর কমিটি তা নিয়ে বৈঠক করবে এবং খসড়াটি চূড়ান্ত করে সংসদের অধিবেশনে উপস্থাপন করা হবে।আজ রোববার সংসদ ভবনে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী সভায় সভাপতিত্ব করেন। সভায় বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে বিশেষ কমিটিকে মতামত দিতে আবারও আহ্বান জানানো হয়। আজকের বৈঠকে বিশেষ আমন্ত্রণে আইনমন্ত্রী শফিক আহমেদ সভায় যোগ দেন।বৈঠক শেষে কমিটির সদস্য হাসানুল হক ইনু প্রথম আলোকে বলেন, সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত কমিটি গত কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল, আইনজ্ঞ সুশীল সমাজ, সম্পাদকসহ বিভিন্ন স্তরের নেতৃস্থানীয়দের মতামত নিয়েছেন। দীর্ঘ এ আলোচনায় অনেক পরামর্শ, প্রস্তাব এসেছে। কমিটি এগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছে। ইনু আরও বলেন, এসব মতামত একত্র করে কমিটির খসড়া প্রস্তাবনা তৈরি করতে কমিটি সুরঞ্জিত সেনগুপ্তকে দায়িত্ব দিয়েছে। তিনি প্রস্তাবনার খসড়া তৈরির পর কমিটি আবার বৈঠক করে তা চূড়ান্ত করবে।প্রসঙ্গত, গত বছরের ২১ জুলাই সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন করা হয়। গত ১০ মাস ধরে কমিটি বিভিন্ন রাজনৈতিক দল, আইনজ্ঞ, সাবেক প্রধান বিচারপতি, জাতীয় দৈনিকের সম্পাদক এবং বুদ্ধিজীবীদের সঙ্গে কয়েক দফা বৈঠক করে।