সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির বৈঠকে যোগ দিচ্ছে না বিএনপি। আজ সোমবার জাতীয় সংসদ ভবনে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এবং তাঁর প্রতিনিধিদের সঙ্গে বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে যোগদানের পরিবর্তে দলের পক্ষ থেকে কমিটির কাছে একটি চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। ওই চিঠিতে কমিটির কাছে জানতে চাওয়া হবে, সরকার গঠিত ওই বিশেষ কমিটি কী কী বিষয়ে সংবিধান সংশোধন করতে চায়, বিএনপির সঙ্গে তাদের আলোচনার বিষয় কী হবে এবং কমিটি বিএনপির কাছে কী অভিমত জানতে চায়, তা পরিষ্কার করতে কমিটির কাছে অনুরোধ জানানো হবে।আজ যেকোনো সময় বিএনপির প্রতিনিধির মাধ্যমে এই চিঠি ওই কমিটির কাছে পৌঁছানো হতে পারে বলে জানা গেছে। গত ২১ এপ্রিল বৃহস্পতিবার ও গতকাল রোববার রাতে বিএনপির গুলশান কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্য এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করে এ সিদ্ধান্ত নেন খালেদা জিয়া। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জানান, বিশেষ কমিটির কাছে একটি চিঠি লেখা হচ্ছে। তবে চিঠির বিষয়বস্তু নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটি সংবিধান সংশোধন নিয়ে মতামত চেয়ে বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবীদের কাছে চিঠি পাঠিয়েছে। গতকাল রোববার থেকে এই বৈঠক শুরু হয়েছে।