বিশেষ কমিটির সুপারিশে বিশেষজ্ঞ মত উপেক্ষিত
সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটির সুপারিশে বিশেষজ্ঞ এবং বিশিষ্ট নাগরিকদের মৌলিক প্রস্তাবের প্রতিফলন নেই। বেশির ভাগ বিশেষজ্ঞের মত উপেক্ষা করে কমিটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সুপারিশ করেছে। বহাল রেখেছে ‘রাষ্ট্রধর্ম’ ও ‘বিসমিল্লাহির রহমানির রহিম’। এ নিয়ে কমিটির সদস্যদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।তবে বিশেষজ্ঞদের কিছু সুপারিশ কমিটির আগে গৃহীত প্রস্তাবের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ায় তা আমলে নেওয়া হয়েছে। কমিটি সূত্র জানায়, সর্বশেষ বৈঠকের আগের বৈঠক পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা রাখার পক্ষে ছিলেন কমিটির বেশির ভাগ সদস্য। ৩০ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে কমিটি এ ব্যবস্থা না রাখার সিদ্ধান্ত নেয়। বিশেষজ্ঞদের কারও কারও মতে, এতে কমিটির কাজের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে। কারণ এ ধরনের সিদ্ধান্ত কমিটির নিজস্ব বৈঠকে হওয়া বাঞ্ছনীয় ছিল।এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান বলেন, কোনো সুপারিশ গ্রহণ করা বা বর্জন করার এখতিয়ার বিশেষ কমিটির রয়েছে। তবে যেসব সুপারিশ তারা বাতিল করল, সেগুলো কেন বাতিল করা হলো, তা নিয়ে আলোচনা হওয়া উচিত এবং তা প্রতিবেদনেও উল্লেখ করা বাঞ্ছনীয়। তা না হলে বিশেষজ্ঞদের কাছ থেকে পরামর্শ নেওয়াটা অর্থহীন হয়ে যায়।সুপ্রিম কোর্ট গত ১০ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেন। তবে আদালত বলেছেন, রাজনৈতিক ধারাবাহিকতার স্বার্থে সংসদ চাইলে আরও দুই মেয়াদ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অব্যাহত রাখতে পারে। আদালতের এই রায়ের প্রেক্ষাপটে সংসদীয় কমিটি ১৬ ও ২৬ মে তত্ত্বাবধায়ক সরকার থাকবে কি থাকবে না, সে বিষয়ে বৈঠকে বসে। বিশেষ কমিটির বৈঠকের প্রতিবেদন থেকে জানা গেছে, ২৬ মের বৈঠক পর্যন্ত কমিটির বেশির ভাগ সদস্যই এ ব্যবস্থা রাখার পক্ষে ছিলেন। তবে কোন পদ্ধতির সরকার হবে, সে বিষয়ে কমিটিতে বিভিন্ন মত ছিল। এ পরিস্থিতিতে কমিটি ৩০ মে সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পরামর্শ সভা করে। সভা শেষে কমিটির সদস্য আবদুল মতিন খসরু, শেখ ফজলুল করিম সেলিম, আনিসুল ইসলাম মাহমুদ ও রাশেদ খান মেনন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কমিটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা না রাখার সিদ্ধান্ত নিয়েছে। পরদিন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকে জানান। তিনি বলেন, আদালত তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন। সরকার এককভাবে অবৈধ এই ব্যবস্থাকে রাখতে পারে না। এটিকে রাখতে হলে বিরোধী দলের মতামতের প্রয়োজন আছে এবং বিরোধী দল এ বিষয়ে মতামত দিলে কমিটি তা বিবেচনা করবে।আদালতের রায় ঘোষণার আগে বিশেষ কমিটি সংবিধান সংশোধন বিষয়ে ২৪ এপ্রিল সংবিধান বিশেষজ্ঞ, ২৫ ও ২৭ এপ্রিল সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল, ৩ মে বিশিষ্ট নাগরিক এবং ৪ মে জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করে। বিশেষজ্ঞদের মধ্যে ড. কামাল হোসেন, বিচারপতি মোস্তাফা কামাল, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, বিচারপতি ফজলুল করিম, ড. এম জহির প্রমুখ অংশ নেন। তাঁরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দেন। তাঁরা সংবিধান থেকে ‘বিসমিল্লাহ’ ও ‘রাষ্ট্রধর্ম’—এ দুটি বিধান বাদ দেওয়ার সুপারিশ করেন।২৬ এপ্রিল জাসদ, ওয়ার্কার্স পার্টি ও ন্যাপ এবং ২৭ এপ্রিল আওয়ামী লীগও কমিটির বৈঠকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রাখার পক্ষে মত দেয়। ৩ মে বিশিষ্ট নাগরিকদের মধ্যে অধ্যাপক কবির চৌধুরী, রেহমান সোবহান, অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, সুলতানা কামাল, সৈয়দ শামসুল হক, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক আসিফ নজরুল প্রমুখ অংশ নেন। এ দিনও আমন্ত্রিতদের অধিকাংশ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল রেখে সংবিধান থেকে ‘বিসমিল্লাহ’ ও ‘রাষ্ট্রধর্ম’ বাতিলের সুপারিশ করেন। ২৬ মে সেক্টর কমান্ডারস ফোরামের সদস্যরা ‘রাষ্ট্রধর্ম’-এর বিধান তুলে দেওয়া এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানায়। কিন্তু বিশেষ কমিটির সুপারিশে ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ রয়েছে।সূত্র জানায়, কমিটির চেয়ারপারসন সাজেদা চৌধুরী ও কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত ১ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এরপর সংবিধান সংশোধনের সুপারিশ চূড়ান্ত করে তা ৫ জুন বিশেষ কমিটির সর্বশেষ বৈঠকে উপস্থাপন করা হয়। সুপারিশ পর্যালোচনা করে দেখা গেছে, তাতে বিশেষজ্ঞদের মতের প্রতিফলন কম। কারণ কমিটি সুপারিশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল এবং ‘বিসমিল্লাহ’ ও ‘রাষ্ট্রধর্ম’-এর বিধান বহাল রাখা হয়েছে। এ বিষয়ে ৫ জুনের বৈঠকে কমিটির সদস্য তোফায়েল আহমদে, রাশেদ খান মেনন, আনিসুল ইসলাম মাহমুদ ও হাসানুল হক ইনু অসন্তোষ প্রকাশ করেন। বৈঠকের প্রতিবেদন থেকে জানা গেছে, প্রধানমন্ত্রীর মতের ওপর ভিত্তি করেই কমিটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত নেয়। প্রধানমন্ত্রী মনে করেন, সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন। তাই এই রায় অনুসারে তত্ত্বাবধায়ক সরকার রাখার কোনো সুযোগ নেই।সুপারিশে ‘বিসমিল্লাহ’ ও ‘রাষ্ট্রধর্ম’ বহাল থাকায় রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু লিখিত আপত্তি জানান। মৌখিকভাবে তাঁদের আপত্তিকে সমর্থন জানান তোফায়েল আহমেদ ও আনিসুল ইসলাম মাহমুদ। বৈঠকে আমির হোসেন আমুসহ বেশ কয়েকজন সদস্য মেনন ও ইনুকে লিখিত আপত্তি না দেওয়ার অনুরোধ জানান।বিশেষজ্ঞদের সুপারিশ আমলে না নেওয়ায় এবং আগের বৈঠকগুলোতে কমিটির নেওয়া কিছু সিদ্ধান্ত উপেক্ষিত হওয়ায় তোফায়েল আহমেদ বৈঠকে ক্ষোভ প্রকাশ করেন। ওই বৈঠকের প্রতিবেদনে তোফায়েল আহমেদের বক্তব্য উল্লেখ করা হয়েছে এভাবে: ‘আমরা কোনটা করেছি। যেটুকু করেছি, সে জন্য সংবিধান টাচ করে লাভ কী?’ সুরঞ্জিত সেনগুপ্তকে উদ্দেশ করে তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা যা বলার বলেছি। ব্যত্যয় ঘটেছে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। নেত্রীর সাথে আলাপ করে আমরা একমত হয়েছি। মিটিংয়ের পর আপনি প্রেস ব্রিফিং করে বিএনপিকে সংসদে আসতে বলেছেন। দরজা খোলা রেখেছেন। কিন্তু বিকেলে প্রধানমন্ত্রী প্রেস ব্রিফিং করেছেন। পরদিন আপনি এবং সাজেদা আপা নেত্রীর সঙ্গে ৪ ঘণ্টা বৈঠক করে বিষয়গুলো ঠিক করেছেন। আজকের বৈঠক কেন ডাকলেন? তিনজন বসে আলোচনা করে আরও কারেক্ট করেছেন। এখন আমাদের অহেতুক ডেকে কথা রেকর্ড করানোর কোনো প্রয়োজন ছিল না।’বিশেষ কমিটির সুপারিশ সম্পর্কে রফিক-উল হক প্রথম আলোকে বলেন, ‘আমাদের মত আমরা দিয়েছি। এখন সরকার যদি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা না রাখতে চায়, তাতে আমাদের কী করার আছে! তারা যদি মনে করে, গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবে, করুক। আমি মনে করি, পারবে না। কারণ বিএনপি নির্বাচনে যাবে না। এতে দেশে গন্ডগোল বাধবে।’ঘাতক দালাল নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, সংবিধান সংশোধনের ব্যাপারে সরকার দ্বিমুখী নীতি অবলম্বন করেছে। তারা তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কে বিরোধী দলকে বলছে আদালতের রায় মেনে চলতে। আবার নিজেরাই আদালতের রায় অমান্য করে পঞ্চম সংশোধনীর বিষয়গুলো বহাল রাখার চেষ্টা করছে। এটা বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।এ বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।