বিশেষ ছাড় পাচ্ছে প্রিমিয়ার ব্যাংক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলাপি ঋণকে প্রিমিয়ার ব্যাংক কাগজে-কলমে ভালো ঋণ দেখিয়েছে। এতে ব্যাংকটির মুনাফা বেড়েছে এবং এই মুনাফার ওপর এর শেয়ারধারকেরা ৩০ শতাংশ করে বোনাস শেয়ার আকারে লভ্যাংশও নিয়েছেন। বাংলাদেশ ব্যাংক এ তথ্য উদ্ঘাটন করেও কোনো ব্যবস্থা নেয়নি; বরং ব্যাংকটিকে বিশেষ ছাড় দিয়েছে। প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা ডা. এইচ বি এম ইকবাল। জানা গেছে, প্রিমিয়ার ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০০৯ স্থিতিভিত্তিক ঋণ ও অগ্রিম, আয়কর, অন্যান্য সম্পদ, বিনিয়োগ ইত্যাদি বিষয়ে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বিশেষ পরিদর্শন চালায়। কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শক দল এ সময় আবিষ্কার করে যে ব্যাংকটি ৩৭৭ কোটি ২৫ লাখ টাকার খেলাপি ঋণকে ভালো মান দেখিয়েছে।প্রিমিয়ার ব্যাংক তাদের ২০০৯ সালের হিসাবে মোট ৬১ কোটি ৭৬ লাখ টাকা বা ১ দশমিক ৮৫ শতাংশ খেলাপি ঋণ রয়েছে বলে উল্লেখ করেছে। আর বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল বিশেষ পরিদর্শনে ব্যাংকটির মোট ৪৩৯ কোটি ৪৯ লাখ টাকা বা ১৩ দশমিক ১৬ শতাংশ ঋণকে খেলাপি হিসেবে শ্রেণীকরণ করে এসেছে। খেলাপি ঋণকে ভালো মানের দেখানোর কারণে ব্যাংকটিকে নিরাপত্তা সঞ্চিতির (প্রভিশন) পরিমাণও কম রাখতে হয়েছে। আর এখন বাংলাদেশ ব্যাংকের হিসাবে ঘাটতি সঞ্চিতির পরিমাণ দাঁড়িয়েছে ১৭৩ কোটি ৮৪ লাখ টাকা। এসব ঋণকে ভালো মানের দেখানোর কারণে তা থেকে সুদ-আয়কে ব্যাংকের মুনাফায় নেওয়া হয়েছে। তারই ভিত্তিতে ২০০৯ সালে ব্যাংকটি ৩০ শতাংশ হারে বোনাস শেয়ার ঘোষণা করে। পরিদর্শক দল তাদের প্রতিবেদনে ব্যাংকের ঋণ শ্রেণীকরণে গুরুতর অনিয়মের (তথ্য গোপন) সঙ্গে জড়িত কর্মকর্তাদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। একই সঙ্গে ব্যাংকটিকে অগ্রিম সতর্কতামূলক ব্যবস্থায় (আর্লি ওয়ার্নিং সিস্টেম) তালিকাভুক্ত করারও সুপারিশ করা হয়।জানা যায়, এই প্রতিবেদনটি সিদ্ধান্তের জন্য নথিভুক্ত করা হলে শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ব্যাংকটির এ ধরনের অনৈতিক ও গুরুতর অনিয়মের জন্য ‘প্রিমিয়ার ব্যাংকের সর্বোচ্চ পর্যায়ের ইঙ্গিত’ রয়েছে বলে উল্লেখ করেন। একই সঙ্গে মিথ্যা তথ্য দিয়ে লভ্যাংশ ঘোষণা করা ও পরিচালনা পর্ষদ ব্যাংকের আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হয়।এ পরিস্থিতিতে ব্যাংকের পরিচালনা পর্ষদকে দায়ী করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে ব্যাখ্যা চাওয়ার পরামর্শ দেওয়া হয়। অন্যদিকে পর্ষদে একজন পর্যবেক্ষক নিয়োগের সুপারিশও করা হয়। পরবর্তী সময়ে গভর্নরস কাউন্সিলের (গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়ে গঠিত) সভায় ব্যাংকটি পরিচালনায় বিভিন্ন শর্ত (ডিওবিবি) আরোপের সিদ্ধান্তও হয়। কিন্তু এর কোনোটিই বাস্তবায়িত হয়নি। হিসাবে প্রতারণা: প্রিমিয়ার ব্যাংক ২০০৯ সালের আর্থিক হিসাবে দেখায়, তাদের মোট খেলাপি ঋণ ৬১ কোটি ৭৬ লাখ টাকা। এর মধ্যে ৫৫ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার টাকা বা ১ দশমিক ৬৭ শতাংশ ক্ষতি পর্যায়ের, দুই কোটি ৩৭ লাখ আট হাজার টাকা বা দশমিক শূন্য ৭ শতাংশ সন্দেহজনক পর্যায়ের এবং তিন কোটি ৮০ লাখ পাঁচ হাজার টাকা বা দশমিক ১১ শতাংশ নিম্নমান পর্যায়ের খেলাপি ঋণ। এ ছাড়া ‘স্পেশাল মেনশন (এসএমএ)’ হিসাবে দেখানো হয় ৪৩ কোটি ৮১ লাখ ৮১ হাজার টাকা বা ১ দশমিক ৩১ শতাংশ ঋণ। আর ভালো মানের ঋণ দেখানো হয় তিন হাজার ২৩০ কোটি ৯৭ লাখ ৭৫ হাজার টাকা বা ৯৬ দশমিক ৮৪ শতাংশ। বিশেষ পরিদর্শনে প্রিমিয়ার ব্যাংকের ১০টি শাখা ও প্রধান কার্যালয়ে ঋণগুলো বিশ্লেষণ করে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বিধিবিধান অনুসরণ করে তারা দেখতে পায়, ব্যাংকটির মোট ৪৩৯ কোটি ৪৯ লাখ টাকা বা ১৩ দশমিক ১৬ শতাংশ ঋণ খেলাপি। এর মধ্যে ২১০ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার টাকা বা ৬ দশমিক ৩১ শতাংশ ঋণকে ক্ষতিজনক, ৯৭ কোটি ৯৭ লাখ ৯০ হাজার টাকা বা ২ দশমিক ৯৪ শতাংশ ঋণকে সন্দেহজনক এবং ১৩০ কোটি ৩৬ লাখ ছয় হাজার টাকা বা ৩ দশমিক ৯১ শতাংশ ঋণকে নিম্নমানের খেলাপি ঋণ হিসাবে শ্রেণীভুক্ত করা হয়। অন্যদিকে এসএমএ হিসাবে ৮৭ কোটি ১২ লাখ ৮৬ হাজার টাকা বা ২ দশমিক ৬১ শতাংশ ঋণ এবং ভালো মান হিসাবে দুই হাজার ৮১০ কোটি ৪১ লাখ ৭০ হাজার টাকা বা ৮৪ দশমিক ২৩ শতাংশ ঋণকে শ্রেণীকরণ করে বাংলাদেশ ব্যাংক।উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক দুভাবে তফসিলি ব্যাংকে পরিদর্শনকাজ চালায়। বছর শেষের নিয়মতান্ত্রিক পরিদর্শন করা হয় চিঠি দিয়ে। এই পরিদর্শন শেষে তথ্য-উপাত্ত প্রধান নির্বাহীর কাছে যাচাই-বাছাই করে আনা হয়। এগুলো পরিচালনা পর্ষদেও দেওয়া হয়। আর কোনো সুনির্দিষ্ট বিষয়ে বা অভিযোগ এলে বাংলাদেশ ব্যাংক বিশেষ পরিদর্শনকাজ চালায় এবং অভিযোগের ভিত্তিতে পরিদর্শন হয় বলে এর তথ্য প্রধান নির্বাহীকে জানানোর কোনো কারণ নেই। প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে কেন্দ্রীয় ব্যাংকই সিদ্ধান্ত নিয়ে তার বাস্তবায়ন করে।যোগাযোগ করা হলে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়াজ হাবিব প্রথম আলোকে বলেন, ‘আমরা বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি-সার্কুলার মেনেই সব কাজ করেছি।’ কেন্দ্রীয় ব্যাংক নতুনভাবে ৩৭৭ কোটি টাকার ঋণকে খেলাপি হিসাবে শ্রেণীকরণ করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এগুলো নিয়মিত বিষয়, কিছু সমস্যা ধরা পড়লে আমরা তা নিয়ে বসে আবার ঠিক করে ফেলি। এবারও বসে আলোচনা হয়েছে, ঠিক হয়ে যাবে।’আগেও ছাড়: আগেও প্রিমিয়ার ব্যাংককে ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ দেওয়ার পরও অস্বাভাবিক দ্রুততর গতিতে তা প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। শীর্ষস্থানীয় বিভিন্ন পদে নিয়োগ নিয়ে নানা অনিয়ম এবং যোগ্যতা ও দক্ষতা নেই এমন ব্যক্তিদের পরামর্শক নিয়োগ দেওয়ায় এ পরিস্থিতির উদ্ভব হয়েছিল। এমনকি ব্যাংকটিতে এখনো নজিরবিহীন কিছু ঘটনা রয়েছে। ব্যাংক খাতের তিনজন সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ব্যাংকটির কর্মকাণ্ডে এখনো সংশ্লিষ্ট রয়েছেন। তাঁদের আবার দুজনকে নানা অনিয়মে যুক্ত থাকায় বাংলাদেশ ব্যাংক এমডি পদ থেকে অপসারণ করেছিল। এর মধ্যে এই ব্যাংকেই শেয়ার কেলেঙ্কারির দায়ে অপসারণ করা হয়েছিল একজন এমডিকে। তিনি এখন স্বতন্ত্র পরিচালক। যদিও তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে ‘ওই ব্যাংকের কোনো কাজে সংশ্লিষ্ট হবেন না’ বলে অঙ্গীকার করেছিলেন এবং এতে আদালত বাংলাদেশ ব্যাংকের সাজা মাফ করে দেন। ব্যাংক খাতে আলোচিত ওম প্রকাশ ঋণ কেলেঙ্কারির দায়ে ২০০২ সালে অপসারিত একজন এমডি প্রিমিয়ার ব্যাংকে এএমডি হয়ে রয়েছেন। আরেকজন এই ব্যাংকেই এমডির দায়িত্ব পালন করার পর বয়স উত্তীর্ণ অর্থাৎ ৬৫ বছর পার হয়ে যাওয়ায় বিদায় নেন। তিনিও ব্যাংকটিতে অতিরিক্ত এমডি হিসেবে কাজ করছেন।