বিশেষ ট্রেনের টিকিট বিক্রি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো যাত্রীদের জন্য বিশেষ ট্রেনের টিকিট বিক্রি আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে।গত শনিবার থেকে প্রতিদিন বিভিন্ন আন্তনগর ট্রেনের ১৩ হাজার টিকিট বিক্রি হচ্ছে। বিশেষ ট্রেনের টিকিট যোগ হওয়ায় আজ থেকে মোট ১৭ হাজার টিকিট বিক্রি হবে। আর মেইল, আন্তনগর ও বিশেষ ট্রেনসহ এই টিকিটের সংখ্যা দাঁড়াবে ৩২ হাজার।কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার খায়রুল বশির প্রথম আলো ডটকমকে বলেন, ঈদ উপলক্ষে ১০টি বিশেষ ট্রেনের সেবা দেওয়া হয়েছে। এগুলোতে ১২৫টি বগি থাকবে। ঢাকা-পার্বতীপুর, ঢাকা-খুলনা ও ঢাকা-দেওয়ানগঞ্জ—এ তিনটি রেলপথে বিশেষ ট্রেনগুলো চলবে বলে জানান তিনি।সকাল সাড়ে নয়টার দিকে টিকিট বিক্রি পরিদর্শনে কমলাপুর রেলওয়ে স্টেশনে আসেন রেলের মহাব্যবস্থাপক (ডিজি) আবু তাহের। তিনি জানান, ঈদুল আজহা উপলক্ষে ১২৫টি বাড়তি রেলবগি সংযোজন করা হয়েছে। গত ঈদুল ফিতরে ১৭০টি বগি সংযোজন করা হয়েছিল। এবার এ সংখ্যা কমে যাওয়ার কারণ কী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আবু তাহের বলেন, ‘আমাদের যে সীমিত সম্পদ, এতে এর চেয়ে ভালো করা সম্ভব নয়। বগিগুলো অনেক পুরোনো হয়ে গেছে। অনেক বগির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এগুলো মেরামত করেই আমরা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে ট্রেনের সঙ্গে সংযোজন করে থাকি। সেই হিসেবে এই ঈদের জন্য ১২৫টি বগি প্রস্তুত করা হয়েছে। এই কৃতিত্ব সম্পূর্ণভাবে রেলওয়ে ওয়ার্কশপ কর্মচারীদের।’ আবু তাহের জানান, ভবিষ্যতে নতুন বগি কেনা হলে পরিস্থিতি আরও ভালো হবে। ভাড়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে ট্রেনের সেবার মানও বাড়ানোর চেষ্টা চলছে। প্রতিটি স্টেশনে যাত্রীদের বসার ব্যবস্থা করা হয়েছে। বগিগুলোর আসন ও শৌচাগার যথোপযুক্ত করা হয়েছে।স্ট্যান্ডিং টিকিট সম্পর্কে আবু তাহের বলেন, ‘এত দিন আমরা স্ট্যান্ডিং টিকিট বিক্রি করিনি। কারণ, আমরা চাই, যাত্রীরা যেন আরামে তাঁদের ভ্রমণ উপভোগ করতে পারেন। তবে যাত্রীরা চাইলে কাল মঙ্গলবার থেকে স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হবে।’রেলস্টেশনে গিয়ে দেখা গেছে, আজ সকাল সাতটা থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। আগের দুই দিনের চেয়ে আজ কাউন্টারগুলোতে টিকিটপ্রত্যাশীদের বেশি ভিড় লক্ষ করা গেছে। টিকিট পাওয়ার জন্য অনেকেই গতকাল রোববার সন্ধ্যা থেকে স্টেশনে অপেক্ষা করছেন। যত সময় যাচ্ছে, টিকিটপ্রত্যাশীদের ভিড়ও তত বাড়ছে।কয়েকজন যাত্রীর অভিযোগ, টিকিট মাস্টাররা ধীরগতিতে টিকিট দিচ্ছেন। এতে সারি সামনে এগোচ্ছে না। সৈয়দপুরের জন্য টিকিট কাটতে আসা গালিব মেহেদি জানান, টিকিটের জন্য তিনি চার বন্ধুকে নিয়ে গতকাল রাত ১১টার দিকে আট নম্বর কাউন্টারে লাইন ধরেন। তখন তাঁর সামনে শতাধিক টিকিটপ্রত্যাশী দাঁড়িয়ে। তাঁর অভিযোগ, এক ঘণ্টা পেরিয়ে গেলেও সারিতে দাঁড়ানো মানুষের সংখ্যা কমছে না। অথচ টিকিট বিক্রি হয়ে যাচ্ছে।টিকিটপ্রত্যাশীদের এসব অভিযোগ অস্বীকার করে খায়রুল বশির বলেন, টিকিট বিক্রিতে কোনো বিশৃঙ্খলা হচ্ছে না। টিকিট বিক্রির পদ্ধতি আরও নিয়মতান্ত্রিক ও গতিশীল করার ব্যাপারে যাত্রীদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, এ বছর থেকে ই-টিকিটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। ২৫ শতাংশ টিকিট ই-টিকিটিং প্রক্রিয়ায় বিক্রি হচ্ছে।