পুঁজিবাজারে তারল্য সরবরাহ বাড়িয়ে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে একটি বিশেষ তহবিল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি মালিকানাধীন চার ব্যাংক (সোনালী, রূপালী, অগ্রণী ও জনতা), ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) ও সাধারণ বীমা করপোরেশন (এসবিসি) যৌথভাবে এ তহবিল গঠন করবে। প্রতিষ্ঠানগুলোর পর্ষদ সভায় অনুমোদনের পর তহবিলটিকে একটি কাঠামোতে দাঁড় করানো হবে। আর যত দ্রুত সম্ভব এ তহবিলের কার্যক্রম শুরু হবে। তবে তহবিলের আয়তনটি এখনো প্রকাশ করা হয়নি। আইসিবির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. ফায়েকুজ্জামান গতকাল সোমবার আইসিবির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন। ফায়েকুজ্জামান আরও জানান, স্থিতিশীলতা রক্ষায় আইসিবি ও চার রাষ্ট্রায়ত্ত ব্যাংক বাজারে বিনিয়োগ শুরু করেছে। নতুন যুক্ত হয়েছে বিডিবিএল ও এসবিসি। সাত প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকালই বৈঠক করেছেন। ফায়েকুজ্জামান বলেন, ভালো মৌলভিত্তির শেয়ারের দাম যাতে স্থিতিশীল থাকে, সে জন্য একটি তালিকা তৈরি করে সাত প্রতিষ্ঠানকে ভাগ করে দেওয়া হয়েছে। ওই তালিকা অনুযায়ী সাত প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে বিনিয়োগ করবে। আইসিবির এমডি জানান, বিশেষ তহবিলের আকারটি বেশ বড় হবে। প্রয়োজনে সব প্রতিষ্ঠানকেই ঋণ-সহায়তা দেওয়া হবে এ তহবিল থেকে। তহবিল গঠনে বেসরকারি ব্যাংক ও বিমা কোম্পানিগুলোকেও আহ্বান করা হবে। আইসিবির সহযোগী প্রতিষ্ঠানগুলোও এই তহবিল থেকে ঋণ পাবে। আইসিবির এমডি দৃঢ়ভাবে জানান, বাজারে বিনিয়োগযোগ্য অনেক ভালো শেয়ার রয়েছে। আর সরকারি ঘোষণা অনুযায়ী রোববারের চেয়ে সোমবার আইসিবি দ্বিগুণ শেয়ার কিনেছে। যোগাযোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষক ও ডিএসইর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান প্রথম আলোকে বলেন, ‘বিশেষ তহবিল গঠনের উদ্যোগ প্রশংসনীয়। তবে তহবিলটির আকার বেশ বড় হওয়া দরকার।’সরকারের পক্ষ থেকে সমর্থন দিয়ে বাজারকে স্বাভাবিক রাখার চেষ্টা কতটা সংগত—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাজারের বর্তমান পরিস্থিতিটি তৈরি হয়েছে অনেক ভুলের কারণে। নিজস্ব গতিতে চলে এমন অবস্থায় এসে পৌঁছাত, তাহলে সমর্থন-সহায়তা দেওয়া লাগত না। স্বাভাবিক গতিতেই তা আবার ঠিক হয়ে যেত।’বিক্ষোভ: এদিকে টানা পঞ্চম দিনের দরপতনের ঘটনায় বিক্ষুব্ধ বিনিয়োগকারীরা গতকাল রাজধানীর মতিঝিলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনের সামনে বিক্ষোভ করেন। লেনদেনের প্রথম ঘণ্টায় ডিএসইর সাধারণ মূল্যসূচক ২০০ পয়েন্ট পড়ে গেলে তাঁরা রাস্তায় নেমে আসেন। এ সময় তাঁরা বিক্ষোভ মিছিল করে অর্থমন্ত্রী, এসইসির চেয়ারম্যান ও ডিএসইর সভাপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেন। এতে মতিঝিলের শাপলা চত্বর থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত যান-চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা দুইটার দিকে পুলিশ রাস্তা থেকে বিনিয়োগকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়।রোববার সংসদে বাজার বিষয়ে অর্থমন্ত্রীর বিরূপ মন্তব্যের কারণেই সোমবারের দরপতন হয়েছে বলে অভিযোগ করেন বিনিয়োগকারীরা। আজ মঙ্গলবার প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ারও ঘোষণা দেন তাঁরা। চট্টগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, গতকালের দরপতনে চট্টগ্রামের চিটাগাং ক্যাপিট্যাল লিমিটেডের কার্যালয়ে দুপুর সাড়ে ১২টার দিকে অরুণকান্তি নাথ (৪০) নামের এক বিনিয়োগকারী অচেতন হয়ে পড়েন। অব্যাহত দরপতনে তাঁর বড় অঙ্কের পুঁজি খোয়া গেছে। চিটাগাং ক্যাপিট্যালের সহকারী মহাব্যবস্থাপক দীপক কুমার পালিত প্রথম আলোকে বলেন, ‘আমরা মনে করি বাজারের এ পরিস্থিতিতে লেনদেন কয়েক দিন বন্ধ রাখা উচিত। নইলে এ রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা বাড়তে থাকবে।’এসইসির ব্রিফিং: বাজারের স্বাভাবিক লেনদেনের ওপর সরকার বা সরকার গঠিত তদন্ত কমিটির দিক থেকে কোনো রকম বাধাবিপত্তি নেই বলে বিনিয়োগকারীদের আশ্বস্ত করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, বিনিয়োগকারীরা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই লেনদেনে অংশ নিতে বা বিনিয়োগ করতে পারবেন। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংক এবং আইসিবি সরকারের নির্দেশনা অনুযায়ী শেয়ার কেনা অব্যাহত রেখেছে। এ ছাড়া বিনিয়োগকারীদের স্বার্থে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ফোর্সড সেল না করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান সাইফুর রহমান। তিনি বিনিয়োগকারীদের গুজবে কান না দেওয়ারও অনুরোধ জানান। বাজার পরিস্থিতি: গতকাল ডিএসইতে দিনের লেনদেন শেষে সাধারণ সূচক ২৬০ দশমিক ২৭ পয়েন্ট কমে পাঁচ হাজার ২০৩ দশমিক ০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে ২৫২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৩০টির, কমেছে ২১৩টির ও অপরিবর্তিত ছিল নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে লেনদেনের পরিমাণ ৪৮৯ কোটি টাকা, যা রোববারের চেয়ে ১২ কোটি টাকা কম। রোববার স্টক এক্সচেঞ্জটিতে ৫০১ কোটি টাকার লেনদেন হয়েছিল।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক গতকাল ৭২৫ দশমিক ৯২ পয়েন্ট বা ৪ দশমিক ৭১ শতাংশ কমে ১৪ হাজার ৬৮৪ দশমিক ১২ পয়েন্টে দাঁড়িয়েছে। এ দিন লেনদেন হওয়া ১৮২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩টির, কমেছে ১৬৩টির ও অপরিবর্তিত ছিল ছয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে গতকাল ৬৬ কোটি টাকার লেনদেন হয়।