বিশেষ দিনগুলোতে কষ্ট হয়
বাড়ির দেয়ালজুড়ে কত যে ছবি। কখনো মা-মেয়েছেলে একসঙ্গে। কখনো শুধু ভাইবোনেরা। বিয়ের কনের একটি ছবির দিকে তাকিয়ে ছিলাম। তখন ঘরে ঢুকলেন হাফিজা খাতুন। বললেন, ‘এইটা আমার বড় মেয়ের বিয়ের ছবি। ও থাকে অস্ট্রেলিয়ার ব্রিজব্রেনে। ওর সঙ্গে থাকে ছোট ছেলেটি। মেজো মেয়ে থাকে কানাডায়। চার মাস হলো আমার নাতনি হয়েছে। ওকে দেখতে গিয়েছিলাম। কী যে সুন্দর হয়েছে! আমাকে চেনে।’ বলেই তৃপ্তির একটা হাসি দিলেন। ‘নাতনিটাকে ছেড়ে একটুও আসতে ইচ্ছা করেনি। মেয়েদের থেকে ওর প্রতি বেশি টান অনুভব করি এখন। এবার খুব ভালো সময় কেটেছে। সব সন্তানের সঙ্গে থাকতে পেরেছি। মেজো মেয়েও চলে এসেছিল। ওদের সঙ্গে নানা জায়গায় ঘুরে বেড়িয়েছি। দেশে এসে খুব কষ্ট হয়েছিল।’ হাফিজা খাতুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিজ্ঞানের অধ্যাপক। শিক্ষকতার পাশাপাশি সময় পেলেই লেখালেখি করেন। তবুও মাঝেমধ্যে সময় যেন কাটতে চায় না। ‘ওরা থাকতে কীভাবে যেন সময় কেটে যেত, বুঝতেই পারতাম না। মেজো মেয়েটা যাওয়ার সাত বছর হয়ে গেল। স্নাতক পাস করেছে। মাস্টার্স করছে। ওখানে ও অনেক ভালো ফলাফল করেছে। পুরস্কারও পেয়েছে।’ এরই ফাঁকে তিনি দেখিয়ে দিলেন মেয়ের ফলাফলের সনদপত্রটি। বসার ঘরের অ্যাকুরিয়ামটা দেখিয়ে বললেন, ‘এটা আমার ছেলের। ওর খুব প্রিয় জিনিস। এসবের মধ্যেই ওকে খুঁজি।’ ছেলের কথা মনে পড়ে গেল। বললেন, ‘ওর শরীরটা ভালো ছিল না। চিন্তা করব বলে আমাকে জানায়নি। সুস্থ হয়ে আজ জানিয়েছে। এমনই করে সব সময়। অসুস্থ হলে কখনোই তিন ভাইবোনই জানায় না। সুস্থ হয়ে বলে কী হয়েছিল। অবশ্য আমরাও তা-ই করি। ওরা তো বাবা-মার জন্য চিন্তা করে। সন্তানের অসুখের কথা শুনলে ঠিক থাকতে পারি না। চাইলেও দেখতে যেতে পারি না। খুব অস্থির লাগে তখন।’ সবচেয়ে বেশি কষ্ট হয় বিশেষ দিনগুলোতে। ওদের প্রিয় কোনো খাবার তৈরি করি না। কত বছর যে একসঙ্গে ঈদ করা হয় না। বড় মেয়ের বিয়ের দুদিন পর কোরবানির ঈদ ছিল। তখন ওরা সবাই এসেছিল। যার যখন ছুটি হয়, সে তখন আসে। প্রত্যেকের পছন্দের জিনিসটি তৈরি করে রাখি; হঠাত্ করে যদি আসে! উপহার কিনে পাঠিয়ে দিই। ওরাও বিশেষ দিনগুলোতে আমাদের জন্য উপহার পাঠিয়ে থাকে। প্রতিদিনই ইন্টারনেট আর ফোনে যোগাযোগ হয়। ‘সন্তানেরা বড় হলে একসময় বন্ধুর মতো হয়ে যায়। বিশেষ করে মেয়েরা। সবকিছুই ওদের সঙ্গে শেয়ার করতাম। কোথাও বেড়াতে গেলে কোন পোশাক পরব, কী করব—সব ওরাই ঠিক করে দিত। বন্ধুগুলোকে খুব মনে পড়ে। ওদের ছাড়া ভালো লাগে না। বাড়িটা কেমন ফাঁকা হয়ে গেছে। আমার স্বামীও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। দুজন মিলে গল্প করি। পুরোনো অ্যালবাম দেখি। কত স্মৃতি যে মনে পড়ে যায়। একটু উঠে গেলেন। ফিরলেন নাতনির ছবি নিয়ে। হেসে বললেন, ‘আমি চলে আসার পর ও আমাকে খোঁজে। নানু বললেই, যে ঘরে থাকতাম সেদিকে তাকায়। এবার পয়লা ফাল্গুনে অস্ট্রেলিয়ায় ছিলাম। ওই দিন সবাই হলুদ পোশাক পরে যাবে। কিন্তু নাতনির কোনো হলুদ পোশাক নেই। পরে নিজের শাড়ি কেটে হাত দিয়ে দুই ঘণ্টার মধ্যে পোশাক বানিয়ে দিয়েছিলাম। বেশ মানিয়েছিল। সামনে হয়তো বেড়াতে আসবে ওরা। সে জন্য এখন থেকেই সব জোগাড় করে রাখছি। নাতনির জন্য বিশেষ করে। প্রথমবার আসবে। পোশাক বানাতে শুরু করেছি। প্রায়ই ওকে দেখতে ইচ্ছে করে। চাইলেই কী আর তা সম্ভব!’