বিশেষ পর্যটন অঞ্চল আইন ২০১০-এর খসড়া চূড়ান্ত
বাংলাদেশ পর্যটন সংরক্ষিত এলাকা ও বিশেষ পর্যটন অঞ্চল আইন ২০১০-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। খবর: বাসস।প্রেস সচিব জানান,মন্ত্রিসভায় উত্থাপিত জাতীয় হজনীতি এবং হজ প্যাকেজ ২০১০-এর সংশোধনী প্রস্তাব নাকচ করা হয়েছে।বৈঠকে দি এশিয়া-প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টে(এপিটিএ)অংশ নেওয়া দেশগুলোর বাণিজ্য সহজীকরণ এবং বিনিয়োগ উন্নয়ন, সংরক্ষণ ও উদারীকরণসংক্রান্ত কাঠামোগত চুক্তি অনুসারে প্রস্তাব অনুমোদিত হয়।প্রসঙ্গত, বাংলাদেশ, চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, লাওস, শ্রীলঙ্কা এপিটিএর সদস্য। জাতিসংঘের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য অর্থনৈতিক ও সামাজিক কমিশনের সদস্যরাই এপিটিএর সদস্য হতে পারে।আজকের বৈঠকে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধিদলের রাশিয়া সফরের প্রতিবেদন উত্থাপন এবং এশীয় উন্নয়ন ব্যাংকের বোর্ড অব গভর্নরসের ৪৩তম বার্ষিক সভায় বাংলাদেশের অংশ নেওয়ার বিষয়ে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।বৈঠকে মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন।বৈঠকের শুরুতেই নিমতলী ও বেগুনবাড়িতে হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব, ১৯৬৬ সালের ৭ জুন ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত মনু মিয়াসহ ১১ জনের মৃত্যুতেও শোকপ্রস্তাব গ্রহণ করা হয়।শোকপ্রস্তাবটি উত্থাপন করেন মন্ত্রিপরিষদসচিব এম এ আজিজ। এরপর নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করা হয়।