বিশেষ বিবাহ আইন প্রণয়নের পরিকল্পনা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, আন্তধর্ম বিবাহ আইন বা বিশেষ বিবাহ আইন প্রণয়নের কোনো পরিকল্পনা বা উদ্যোগ বর্তমান সরকারের নেই।জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ গতকাল রোববার সরকারকে আন্তধর্ম বিবাহ আইন বা বিশেষ বিবাহ আইন প্রণয়ন না করার যে আহ্বান জানিয়েছেন, তার জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।শফিক আহমেদ আজ সোমবার এক বিবৃতিতে বলেন, সরকার বিশেষ বিবাহ আইন বা আন্তধর্ম বিবাহ আইন প্রণয়নের পরিকল্পনা বা উদ্যোগ নিয়েছে বলে মহলবিশেষ অপপ্রচার করছে। এতে বিভ্রান্ত না হওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান।আইনমন্ত্রী বিবৃতিতে আরও বলেন, তাঁর সহকারী একান্ত সচিব (এপিএস) আকছির এম চৌধুরী ‘স্পেশাল ম্যারিজ’ রেজিস্ট্রার নন। তিনি আরও বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে বা ধর্মের সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন সরকার প্রণয়ন করবে না।গত ১৮ এপ্রিল আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব আকছির এম চৌধুরীকে বিশেষ বিয়ে নিবন্ধকের লাইসেন্স দেওয়া হয়। এরপর ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল আন্দোলন শুরু করে।আজ আইন ও বিচার বিভাগের সচিবের কাছে আকছির এম চৌধুরী তাঁর লাইসেন্স প্রত্যাহার করে নেওয়ার আবেদন করেন। এরপর আইন ও বিচার বিভাগ থেকে লাইসেন্স প্রত্যাহার-সংক্রান্ত দপ্তর আদেশ জারি করা হয়।আবেদনে আকছির এম চৌধুরী ব্যক্তিগত কারণে লাইসেন্সের কার্যক্রম পরিচালনায় অপরাগতা প্রকাশ করে সচিবের কাছে লাইসেন্স অর্পণের (সারেন্ডার) কথা জানান।