বিশেষ বিবাহে নতুন আইন করেনি সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রিপরিষদ থেকে বলা হয়েছে, সরকার আন্তধর্ম বা বিশেষ বিবাহ আইন করছে বলে একটি ভুল ধারণার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে সরকার নতুন কোনো আইন করেনি।আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইঞা সাংবাদিকদের এ কথা জানান।মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রিপরিষদকে জানানো হয়েছে, ১৮৭২ সালের একটি আইন আছে। ওই আইন অনুসারে যারা কোনো ধর্মে বিশ্বাস করে না, তাদের ক্ষেত্রে একজন রেজিস্ট্রার নিয়োগ করা যায়। তা করা হয়েছিল। পরে তা বাতিল করা হয়েছে।মোশাররফ হোসেন ভূঁইঞা সাংবাদিকদের জানান, মন্ত্রিসভা বাংলাদেশ পানি আইন-২০১২-এর নীতিগত খসড়া অনুমোদন করেছে। এই আইনে পানি সম্পদ ব্যবস্থাপনা, পানির মালিকানা, বণ্টন, ব্যবহারের অধিকার, নদী সংরক্ষণ, ভরাট ইত্যাদি বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এ আইন লঙ্ঘন করলে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধন) আইন-২০১২-এর খসড়াও অনুমোদন করেছে মন্ত্রিসভা। এ ক্ষেত্রে অর্পিত সম্পত্তির তালিকা প্রকাশের জন্য ১৫০ দিন থেকে সময় বাড়িয়ে ৩০০ দিন করা হয়েছে। এ ছাড়া অর্পিত সম্পত্তি অবমুক্তির সময় ৯০ দিন থেকে বাড়িয়ে ১২০ দিন করা হয়েছে।