বিশেষ শিশুদের চাই বিশেষ যত্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিজের সন্তান হওয়ার আগে অন্য শিশুর বেড়ে ওঠার পদ্ধতি জানা ছিল না। সে কারণে আদিতের অস্বাভাবিকতা চোখে পড়েনি। ওর বয়স যখন ৭-৮ মাস তখন প্রথম বিষয়টি খেয়াল করলাম। পেছনে থেকে ডাকলে সাড়া দিত না। কখনোই চোখের দিকে তাকাত না। সব সময় আপনমনে খেলত। ওর সমবয়সী কারও সঙ্গে মিশত না। খেলাগুলোও স্বাভাবিক নয়। খেলনা গাড়ি নিয়ে হয়তো খেলছে। কিন্তু চালাত না। গাড়ির চাকা অনবরত ঘোরাতে থাকত। ডাকলে সাড়া দিত না। ভেবেছি, কানের কোনো সমস্যা। ছোট ছোট শব্দ বলত সে সময়ে। সমস্যাটা প্রকট হলো ওর ১৮ মাস বয়সে। একদম কথা বলা বন্ধ হয়ে গেল। চিকিৎসকের কাছে নিয়ে গেলাম। পরীক্ষা-নিরীক্ষা হলো। চিকিৎসক বললেন, ও অটিজমে আক্রান্ত। এ শব্দটির সঙ্গে পরিচিত ছিলাম না। কী করব বুঝে উঠতে পারলাম না। চিকিৎসকেরাও সেভাবে বুঝিয়ে বলেননি।’ বলেন আদিতের মা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসের সহসভাপতি ফারহানা এ রহমান। ‘বাড়িতে ফিরে এলাম হতাশা নিয়ে। ভাবলাম, নিশ্চয় ঠিকভাবে পরীক্ষা করা হয়নি। অন্য চিকিৎসকের শরণাপন্ন হলাম। তাঁরাও একই কথা বললেন। তবে কিছু পরামর্শও পেলাম প্রথমবারের মতো। তাঁদের পরামর্শমতো ওর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করার চেষ্টা করতাম। বাসার সবকিছু ওর জন্য উন্মুক্ত রাখতাম। যাতে বুঝতে পারি ও কী করতে পছন্দ করে। কোনো জিনিসের নাম জানত না। প্রশ্নও তো করে না। তবে জিনিস এনে আমার সামনে রাখত। আমি তখন নাম বলে দিতাম। এভাবে প্রায় কয়েক লাখ শব্দ যেন শিখে ফেলল। আদিতের সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো হলো। পাঁচ বছর বয়সে ওকে অটিস্টিক শিশুদের জন্য প্রতিষ্ঠিত স্কুলে ভর্তি করালাম। নিজের ব্যক্তিগত কাজ যেমন প্রস্রাব-পায়খানা করা, দাঁত ব্রাশ করা, রেস্টুরেন্টে খাওয়ার আদব-কেতা—সব শিখে ফেলে। স্কুলে ফ্লাশ কার্ডের মাধ্যমে শেখানো হতো। পাশাপাশি বাড়িতেও আমরা শিক্ষক রেখেছিলাম। ভারত, সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছিলাম। লাভ হয়নি। কিন্তু সাত বছর বয়সে ওর অস্থিরতা বেড়ে যায়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কোনো কিছুতে মনোযোগ দিতে পারত না। শুধু কান্নাকাটি করত। ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন বই থেকে এর ওপর নানা তথ্য সংগ্রহ করেছিলাম। সেভাবে ওকে বাসায় শেখাতাম, বাসার প্রশিক্ষণটাই বেশি কার্যকর।‘আদিতের ভিডিও পাঠিয়েছিলাম আমেরিকা প্রবাসি আমার এক খালার কাছে। তিনি সেখানকার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেন। তাঁরা একটি ওষুধ দেন। সেটি খাওয়ার পর থেকে ওর অস্থিরতা কমে যেতে থাকে। লেখাপড়ায় মনোযোগী হয়। সহপাঠী, বন্ধু এই সম্পর্কগুলো এ স্কুল থেকেই জানে। ১০ বছর বয়সে ওকে ভর্তি করালাম স্বাভাবিক শিশুদের স্কুলে। সবচেয়ে সংগ্রাম করতে হয়েছিল সে সময়। এমন শিশুকে কোনো স্কুলই নিতে চাইত না। অনেক বুঝিয়ে অতিরিক্ত অর্থ দিয়ে একটি স্কুলে ভর্তি করালাম। এ ছাড়া আশপাশের মানুষের কথা তো আছেই। আমার মেয়ে একই স্কুলে পড়ে। যখন ওর ক্লাসের কেউ শুনল, আদিত ওর বড় ভাই। তাঁদের সন্তানদের সঙ্গে আমার মেয়েকে একই ক্লাসে মেনে নিতে পারেনি। এটি আমার সন্তানের জন্যও কষ্টের। মানসিকভাবে সে বিপর্যস্ত হয়। সবাইকে এটি বুঝতে হবে।আদিতের কাছে ওর বাবা আদর্শ ব্যক্তি। সে পুরোদস্তুর তাঁকে অনুকরণ করে। ফলে ওর বাবাকেও ছেলের জন্য অনেক কিছু পরিবর্তন করতে হয়েছে। যাতে করে সে নেতিবাচক কিছু শিখে না ফেলে। আরেকটি বিষয়, আদিতের ওপর সব সময় একধরনের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেছি। ওর সব চাহিদা মেটানো হতো। কিন্তু শর্তসাপেক্ষে দিতাম। লেখাপড়ায় ও ভালো করছে। আশ্চর্যের বিষয় হলো, যেকোনো বছরের যেকোনো তারিখ বললে সেদিন কী বার তা বলে দিতে পারে। এখন সারাক্ষণ আইপ্যাড নিয়েই থাকে। দ্রুত টাইপ করতে পারে। বাকি সময়টা গান শোনে। ওকে কিবোর্ড শেখানোর খুব শখ ছিল। কিন্তু এমন শিশুকে কেউ শেখাতে আগ্রহী হয় না। এ ছাড়া সবকিছু ক্যালেন্ডারে, ডায়েরিতে লিখে রাখে। নিয়মের হেরফের হলে ওকে সামলানো কঠিন হয়ে পড়ে। অটিস্টিক শিশুরা আবেগপ্রবণ হয়, আদিতও। অন্য কেউ বকা দিলে তেমন প্রতিক্রিয়া দেখায় না। তবে কেউ অটিস্টিক বললে আমার ছেলেটি কেঁদে ফেলে। ও বুঝতে পারে, স্বাভাবিক নয় সে। কিন্তু ও এ অবস্থা থেকে বের হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে। আমার শুধু একটাই চিন্তা আমরা মরে গেলে কে ওর দেখভাল করবে। তাই তো ভুক্তভোগী প্রায় ৫০ জন অভিভাবক মিলে একটা জায়গা কিনেছি। এমন শিশুদের জন্য পুনর্বাসনকেন্দ্র গড়ে তোলার ইচ্ছা।’চিকিৎসকদের দায়িত্বশীল হতে হবেবর্ণের জন্ম হয়েছিল সৌদি আরবে। মা মনিরা ইয়াসমিন পেশায় চিকিৎসক। তখন তাঁর কর্মস্থল ছিল সেখানে। আট বছর আগে তিনি নিজেও অটিজমের সঙ্গে পরিচিত ছিলেন না। ঢাকার মডার্ন মেডিকেল কলেজের এনাটমির প্রভাষক মনিরা ইয়াসমিন জানান বর্ণ ও তাঁর গল্প।‘বর্ণের বয়স যখন এক বছর ১০ মাস তখন দেশে ফিরে আসলাম। ওর সমবয়সী বাচ্চারা কথা বলত, কিন্তু সে কোনো কথা বলত না। নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হলো। কোনো রোগ ধরা পড়ল না। কানের পরীক্ষা করাতে নিয়ে গেলাম। সেখানকার একজন ঢাকার শিশু হাসপাতালের শিশুবিকাশকেন্দ্রে নিয়ে যাওয়ার পরামর্শ দিলেন। আবার বর্ণর পরীক্ষা করা হলো। সেখান থেকে জানানো হলো, অটিজমের লক্ষণ আছে ওর মধ্যে। একটু একটু উন্নতি হতে থাকল। এরপর ওকে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুলে ভর্তিকরা হলো। কোনো বিষয়েআগ্রহী হলে সে দ্রুত শিখে ফেলে। সঠিকভাবে আমাকে কিছু বলতে না পারলেও আকারে-ইঙ্গিতে বুঝিয়ে দিত। কেউ ওকে অটিস্টিক বললে খুব কষ্ট পায়। নিজের ভেতর গুটিয়ে যায়। আমার মনে হয়, সমাজের মানুষকে এ বিষয়ে সচেতন হতে হবে। এমন শিশুর জন্মের জন্য মা-বাবা কেউ-ই দায়ী নন। বরং নিজেদের মধ্যে অশান্তি করলে সময় নষ্ট হবে। যত দ্রুত ব্যবস্থা নেবেন, তত তার উন্নতি হবে। আনন্দ নিকেতন ইউরোপিয়ান স্কুলে প্রথম শ্রেণীতে পড়ে বর্ণ। বই পড়তে পছন্দ করে ও। মাঝেমধ্যে অস্থিরতা বেড়ে যায়। বড় ভাই আর বাবা হলো ওর সবচেয়ে প্রিয় ব্যক্তি। তাঁদের সঙ্গ পছন্দ করে। যত সহজে কথাগুলো বলছি, বাস্তবতা ঠিক এর বিপরীত। আমি নিজে চিকিৎসক। তবু বলতে বাধ্য হচ্ছি, এসব শিশুর প্রতি আরও দায়িত্বশীল হতে হবে চিকিৎসকদের। বেশির ভাগ সময় তাঁরা এসব শিশুদের এড়িয়ে যান। হয়তো অতিরিক্ত সময় দিতে হবে, বাড়তি যত্ন নিতে হবে; তাই এদের প্রতি আগ্রহ দেখান না। এই শিশুরা তাহলে কোথায় যাবে? এ ছাড়া দীর্ঘক্ষণ বসে থাকতে হয় চিকিৎসকের চেম্বারে। অটিস্টিক শিশুদের নিয়ে অপেক্ষা করা যায় না। ওরা স্থির থাকে না। চেঁচামেচি করে। এতে সবাই বিরক্ত হয়। তাই ওদের জন্য আলাদা ব্যবস্থা করা উচিত। বিব্রতকর অবস্থা, নিজের সন্তান নিয়ে বিদ্রূপ সহ্য করা যায় না। অনেক আত্মীয়স্বজনের বাসায়ও যাই না। আমার সন্তানের গ্রহণযোগ্যতা না থাকলে সেখানে আমি যেতে পারি না। কথা বলার জন্য থেরাপিসহ অন্যান্য থেরাপির ব্যবস্থা যদি এ দেশে করা যেত, তাহলে উপকৃত হতো অনেক শিশু। পরিবারের সহযোগিতা-সহানুভূতি ওদের খুব প্রয়োজন। তাতে ওরা আত্মবিশ্বাসী হয়ে ওঠে। নিজেকে স্বাভাবিক করার তাগিদ থাকে। এতেই ওদের উন্নতি হয়।’নিয়মমতো সব করতামএকটা সময় ছিল—অর্ণব শুধু বিস্কুট আর নুডলস খেত। অন্য কিছু খাওয়ানো যেত না। ছোট্ট অর্ণব এখন বড় হয়েছে। কৈশোরে পা দিয়েছে। অনেক অভ্যাস বদলে গেছে। ভাত-মাংস এখন তার প্রিয় খাবার। এ রকম নানা কিছু শিখেছে সে। অর্ণব আর দশটা স্বাভাবিক শিশুর মতো নয়। অটিস্টিক সে। অর্ণবের মা জান্নাতুল কলি বলেন, জন্মের সময়ই ধরা পড়ে চোখের সমস্যা। সেবার চোখের চিকিৎসা হলেও অটিজম ধরা পড়েনি। আড়াই বছর বয়সে খেয়াল করলাম, কোনো শব্দ শুনে ও চমকে ওঠে না। বুঝতে পারলাম, কানে শুনতে পায় না অর্ণব। নিয়ে গেলাম হাইকেয়ারে। সেখানেই এক চিকিৎসক বললেন ও অটিস্টিক। এরা নিজের দুনিয়ায় থাকে। বাইরের কিছু শুনতে পায় না। সেখানেই ওকে ভর্তি করালাম। কিন্তু অটিস্টিক শিশুদের রাখার জন্য ওদের কোনো অনুমতি নেই। ফলে অর্ণবকে নিয়ে আসতে হলো। এর মধ্যে দেখা দিল ওর ঘুমের সমস্যা। শ্বাসনালির সমস্যার সঙ্গে সঙ্গে হাঁটার সমস্যা দেখা গেল। প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ করে কল্যাণী নামের একটি প্রতিষ্ঠান। তাদের শরণাপন্ন হলাম। তারা কয়েকটি ম্যাসাজ দেখিয়ে দিল। প্রতিদিন সেসব নিজে করতাম। তখনো আমি জানতাম না অটিস্টিক শিশুদের নিয়মের মধ্যে রাখতে হয়। আমি নিজেই রুটিনমতো সব করতাম। ধীরে ধীরে একটু হাঁটাচলা করতে শুরু করে। এরপর দেখা গেল অর্ণবের হূদযন্ত্রের ছিদ্র ধরা পড়ল। কলকাতায় চিকিৎসায় সেরে উঠল। অর্ণবের কোমর ও পায়ের গোড়ালি খুব চিকন ছিল। একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শে কিছু ব্যায়াম নিয়মিত করাতে থাকি। উন্নতি হলো তাতে। ওর বাবার ছিল বদলির চাকরি। আমরা চলে গেলাম খুলনায়। সেখানে হাইকেয়ারের একটি শাখা ছিল। কিন্তু জানতাম না। ঢাকা শাখার এক প্রশিক্ষকের সঙ্গে দেখা হলো। তিনিই বললেন সেখানে নিয়ে যেতে। ও যাওয়া-আসা করত। যাতে ওর সামাজিক যোগাযোগ বাড়ে। নতুন পরিবেশে খাপ খাওয়াতে পারে। বাসায় একটি সাইকেল কিনে দিলাম। সেটি চালাতে পছন্দ করত। পায়ের জোর বাড়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অস্থিরতা বাড়তে থাকে। ওর চাহিদা বুঝতে পারতাম না। ফলে রেগে যেত। কামড় দিত। আবার ঢাকায় এসে অটিস্টিক শিশুদের স্কুলে ভর্তি করালাম। অনেক কিছু শিখল। বাসায়ও শিক্ষক রেখেছিলাম। তবে হঠাৎ করে ওর বাবা অসুস্থ হয়ে পড়ে। শয্যাশায়ী তিনি। স্কুল থেকে অর্ণবকে নিয়ে আসি। ওর জন্য এত টাকা ব্যয় করার সামর্থ্য নেই এখন। সামনের দিনগুলো কীভাবে যাবে জানি না। বাড়িতেই থাকে। ছোট ভাইয়ের সঙ্গে খেলে, ছবি আঁকে।