বিশেষ সংসদীয় কমিটিতে যাবে না বিএনপি
সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ সংসদীয় কমিটিতে যাচ্ছে না বিএনপি। দলের শীর্ষস্থানীয় নেতারা বলেছেন, এই কমিটিতে গেলেও বিএনপির কিছু করার থাকবে না। আওয়ামী লীগ যা চায়, তা-ই হবে। আওয়ামী লীগের উদ্দেশ্য হাসিলের জন্য বিএনপি কিছু করবে না। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পরিবর্তন বিএনপি কোনোভাবেই মানবে না।বিএনপির নেতারা জানিয়েছেন, ৩১ জুলাই কেন্দ্রীয় নির্বাহী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। এরপর স্থায়ী কমিটির বৈঠকে দলের করণীয় নির্ধারণ করা হবে। সংবিধান সংশোধনের নামে সরকার গণবিরোধী কিছু করলে বিএনপি কঠোর কর্মসূচি দেবে।সরকার সংবিধান সংশোধনে সর্বদলীয় কমিটি গঠনের বিষয়ে ১৮ জুলাই বিএনপিকে চিঠি দেয়। পরদিন বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে সরকারকে পাল্টা চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেয়। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সরকার সংবিধানের কোন কোন ধারা সংশোধন করতে চায়, কার্যপ্রণালি বিধির কোন ধারা অনুযায়ী কমিটি গঠন করা হয়েছে, এসব বিষয় জানতে চেয়ে সরকারকে চিঠি দেওয়া হয়েছে। তবে সরকার এখনো কোনো জবাব দেয়নি।এক সদস্যের আপত্তি: সংবিধান সংশোধনে সরকার যে বিশেষ কমিটি করেছে, তাতে প্রধান বিরোধী দল বিএনপির জন্য একটি পদ রাখা হয়েছে। এ বিষয়টিকে বিএনপির নেতারা অপমানজনক মনে করছেন। তাঁরা বলছেন, দেশের একটি বিরাট জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করে বিএনপি। সংবিধান সংশোধনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপিকে এত অগুরুত্বপূর্ণ ভাবা ঠিক হয়নি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, ‘সরকার কী চাইছে, সেটা আমরা বুঝেছি। তারা যা খুশি করবে, আর বলবে বিএনপিও এর মধ্যে ছিল। আমরা এই ফাঁদে পড়তে চাই না। এ রকম কমিটিতে বিএনপি যাবে না।’স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার বলেন, সরকারি হিসাবসংক্রান্ত ১৫ সদস্যের সংসদীয় কমিটিতেও বিএনপির দুজন সদস্য আছে। আর এখানে সরকার বিএনপিকে মাত্র একটি সদস্যপদ দিয়েছে। এটা কোনোভাবেই মানা যায় না।সব দলের প্রতিনিধিত্ব নেই: বিরোধী দলের নেতারা বলছেন, সংসদে প্রতিনিধিত্ব থাকলেও জামায়াতে ইসলামী ও বাংলাদেশ জাতীয় পার্টিকে (বিজেপি) কমিটিতে রাখা হয়নি। এ বিষয়টি যুক্তিতে গ্রহণযোগ্য নয়। জনগণ ভোট দিয়ে এই দুই দলকে সংসদে পাঠিয়েছে। তাদের বাইরে রাখার সুযোগ নেই।এম কে আনোয়ার বলেন, সরকার বলেছে সর্বদলীয় কমিটি। কিন্তু এতে জামায়াত, বিজেপি, এলডিপির প্রতিনিধিত্ব নেই। এর চেয়ে বুদ্ধিবৃত্তিক অসততা আর কী হতে পারে! তাঁর মতে, আপিল বিভাগের রায় তো এখনো প্রকাশ হয়নি। রায় বাস্তবায়নের জন্য আগে হাতে তো রায় থাকতে হবে।বিএনপির নেতারা বলছেন, পঞ্চম সংশোধনী বাতিল বিষয়ে আপিল বিভাগের রায়ের মধ্যেও নানা জটিলতা আছে। পঞ্চম সংশোধনীতে সংবিধানের ৪০টির বেশি অনুচ্ছেদের সংশোধনী করতে হয়েছে। এর সবগুলোই হাইকোর্ট বেআইনি বলেছেন।মওদুদ আহমদ বলেন, সরকার হাইকোর্টের রায় বাস্তবায়নের কথা বলছে। তাহলে এত তাড়াহুড়া করছে কেন। এটা নিয়েই তো সন্দেহ। কিছু সংশোধনী প্রয়োজন: বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন প্রকাশ্যেই বলছেন, এখন সংবিধান সংশোধনের মতো পরিবেশ আছে বলে তাঁরা মনে করেন না। তবে দলের অনেক শীর্ষস্থানীয় নেতা মনে করেন, সংবিধানে কিছু সংশোধনী আনা অবশ্যই প্রয়োজন। তবে আওয়ামী লীগ কোন পথে এগোতে চায়, সেটা বুঝতে হবে। এম কে আনোয়ার প্রথম আলোকে বলেন, গত ৪০ বছরে অনেক কিছুর পরিবর্তন হয়েছে পৃথিবীতে। যুগের প্রয়োজনে সংবিধানে পরিবর্তন হতেই পারে। তবে বিরোধী দলের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে পদ্ধতি নির্ধারণ করতে হবে। কিন্তু আওয়ামী লীগ সবকিছু একাই করতে চাইছে।জামায়াতের সাংসদ হামিদুর রহমান আযাদ বলেন, ‘আমরা কমিটিতে যেতাম কি না, সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু আমাদের ডাকবে না, এর কোনো মানে হতে পারে না।’বিএনপির করার কিছুই থাকবে না: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘কমিটিতে গিয়ে আমাদের করণীয় কিছু আছে কি? আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে আদর্শগত বিরোধ আছে। আমাদের আদর্শ বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ আসবে না। আর আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়নের জন্য বিএনপি এগিয়ে যাবে, এটা ভাবারও কোনো কারণ নেই।’ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘বিশেষ কমিটির কার্যপদ্ধতি সম্পর্কে আমরা কিছুই জানি না। এ অবস্থায় কমিটিতে যাওয়ার সুযোগ নেই।’তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় পরিবর্তন মানবে না বিএনপি: সালাউদ্দিন কাদের চৌধুরী বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিষয়ে মূল উদ্যোগ ছিল জামায়াতের। আওয়ামী লীগ তার প্রতি সমর্থন জানিয়ে আন্দোলন করেছে। সেই দলই এখন যদি এই ব্যবস্থার পরিবর্তন করতে চায়, তার কোনো যুক্তি আছে?মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থায় কোনো পরিবর্তন তাঁরা মানবেন না।