রাজধানীতে পুলিশি হেফাজতে বাবুল গাজীর মৃত্যুর বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিত্সক প্রদীপ বিশ্বাসের দেওয়া প্রতিবেদনের সত্যতা যাচাইয়ের জন্য এক সপ্তাহের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে কলেজের অধ্যক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।গতকাল বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে বিশেষজ্ঞ মতামতের জন্য ওই বিভাগের অধ্যাপকের সমন্বয়ে কমিটি গঠন করতে বলা হয়। আর এ সংক্রান্ত প্রতিবেদনটি এক মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে।আদালতের নির্দেশ অনুসারে গতকাল রাজধানীর রমনা, গুলশান ও দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আদালতে হাজির হন। তাঁদের ব্যাপারে আগামী মঙ্গলবার আদেশের দিন ধার্য করা হয়েছে।জানা যায়, রাজধানীতে গত ৩০ জুন মিজানুর রহমান, ২৮ জুন বাবুল গাজী ও ১ জুলাই মজিবুর রহমান পুলিশি হেফাজতে মারা যান। এসব ঘটনার তদন্ত ও সার্বিক বিষয়ে আদালতের নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন এবং হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। এর পরিপ্রেক্ষিতে ৫ জুন হাইকোর্ট রুল জারিসহ কয়েক দফা নির্দেশনা দেন। এ নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট কর্মকর্তারা আদালতে হাজির হন।আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ এবং সরকারপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামলা পরিচালনা করেন। এ ছাড়া আদালতের আইনি সহায়তাকারী হিসেবে জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন, আনিসুল হক প্রমুখ বক্তব্য দেন।