বিশেষজ্ঞ কমিটির পাহাড়তলী বধ্যভূমি পরিদর্শন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলীর জল্লাদখানা বধ্যভূমি পরিদর্শন করেছেন হাইকোর্টের নির্দেশে গঠিত বিশেষজ্ঞ কমিটি। আজ শুক্রবার সকালে মেজর জেনারেল (অব.) শফিউল্লাহর নেতৃত্বে সাত সদস্যের কমিটি বধ্যভূমি পরিদর্শনের পাশাপাশি ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য গ্রহণ করেন।পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শফিউল্লাহ বলেন, ‘বধ্যভূমি সংরক্ষণ সারা দেশের মানুষের প্রাণের দাবি। আমরা এখানে বধ্যভূমি দেখতে এসেছি।’ তিনি আরও বলেন, ‘দেশে কি জমির এতই অভাব যে এখানে বিশ্ববিদ্যালয় করতে হবে? ২০০৭ সালে আমি যখন এখানে এসেছিলাম, তখন এই ভবনের কোনো অবকাঠামো ছিল না। এখানে যে গণহত্যা হয়েছিল, সবাই চায় তার স্মৃতি সংরক্ষণ করা হোক।’প্রসঙ্গত, আদালতের নির্দেশে গঠিত এই বিশেষজ্ঞ কমিটি বধ্যভূমি পরিদর্শন করেন। জানা গেছে, পাহাড়তলী এলাকায় বধ্যভূমি হিসেবে দাবিকৃত জমিতে ২০০৭ সালে একটি ভবন নির্মাণের কাজ শুরু করে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চিটাগং (ইউএসটিসি)। ২০১০ সালে একটি রিট পিটিশনের ভিত্তিতে আদালত ভবন নির্মাণে স্থগিতাদেশ দেন।গত ৬ জুন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক আদেশে এ কমিটি গঠন করা হয়। তদন্ত শেষে পাহাড়তলী বধ্যভূমির স্থান নির্ধারণ করে একটি প্রতিবেদন জমা দিতে আগামী ৯ অক্টোবর পর্যন্ত সময় দেন আদালত। সাত সদস্যের বিশেষজ্ঞ কমিটির অন্য সদস্যরা হলেন গবেষক মুনতাসীর মামুন, সাংবাদিক শাহরিয়ার কবির, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও কমিটির সদস্য-সচিব সৈয়দ মুজিবুল হক, চট্টগ্রামের জেলা প্রশাসক ফয়েজ আহমদ, মুক্তিযুদ্ধ গবেষক মাহফুজুর রহমান ও ইউএসটিসির রেজিস্ট্রার অধ্যাপক শামসুদ্দোহা।