বিশেষজ্ঞ চিকিৎসকদের চট্টগ্রামে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিশেষজ্ঞ চিকিৎসকেরা গতকাল মঙ্গলবার থেকে চেম্বারে রোগী দেখা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি বেসরকারি হাসপাতালে রোগী না দেখার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। চিকিৎসকদের আকস্মিক এই কর্মসূচির কারণে দুর্ভোগে পড়েছেন রোগীরা। চিকিৎসকদের এই কর্মসূচিকে আদালত অবমাননার শামিল বলে মনে করছেন আইনজ্ঞরা।অস্ত্রোপচারের পর রোগীর শরীরে সুই রেখে দেওয়ার অভিযোগে গত সোমবার চট্টগ্রামের একটি আদালত সুরমান আলী নামের এক চিকিৎসককে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এ ঘটনার পর গতকাল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও কয়েকটি চিকিৎসক সংগঠন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি সভা করে। সভায় সব ধরনের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রাখার সিদ্ধান্তের পাশাপাশি ওই চিকিৎসকের মুক্তি দাবি করা হয়। তবে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ থাকলেও সরকারি-বেসরকারি সব হাসপাতালে চিকিৎসকেরা সেবা দেবেন।আইনজীবী রানা দাশগুপ্ত বলেন, ‘প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নামে চিকিৎসকদের এই আন্দোলন বেআইনি। এর মাধ্যমে তাঁরা আদালতের আদেশ অবমাননার ধৃষ্টতা দেখিয়েছেন। এই আন্দোলনের মাধ্যমে অপরাধীকে ছাড়ানোর জন্য আদালতের ওপর চাপ সৃষ্টির প্রবণতা লক্ষ করা যাচ্ছে।’বিএমএ চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান বলেন, ‘চট্টগ্রামে সব বিশেষজ্ঞ চিকিৎসক মঙ্গলবার বেলা আড়াইটা থেকে কোনো বেসরকারি ক্লিনিক ও চেম্বারে চিকিৎসাসেবা দেবেন না। তবে সরকারি হাসপাতাল ও বেসরকারি হাসপাতালে যাঁরা চাকরি করেন, তাঁরা সেবা দেবেন।’ তিনি বলেন, ‘সভায় আমরা এই মামলা ও চিকিৎসককে গ্রেপ্তারের নিন্দা জানিয়েছি। পাশাপাশি এই হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছি।’বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-উপাচার্য রশীদ-ই-মাহবুব প্রথম আলোকে বলেন, চিকিৎসকের ভুল হতেই পারে। সে জন্য রোগীর আত্মীয়স্বজন ক্ষতিপূরণ দাবি করতে পারে। কিন্তু চিকিৎসকের বিরুদ্ধে ক্রিমিনাল অফেনসিভ মামলা হতে পারে না। সে মামলায় গ্রেপ্তারও উচিত নয়। চিকিৎসকদের ধর্মঘটে যাওয়া ঠিক হয়নি। এতে রোগীদের স্বার্থ লঙ্ঘিত হচ্ছে।জানা গেছে, সাধারণ চিকিৎসকদের চেম্বারে রোগী দেখতে কোনো বাধা নেই। সভায় সোসাইটি অব সার্জন, মেডিকেল সোসাইটি ও অ্যানেসথেসিয়া সোসাইটির নেতারাও উপস্থিত ছিলেন। বিএমএ চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল জানান, কারাগারে পাঠানো সুরমান আলীকে মুক্তি না দেওয়া পর্যন্ত চিকিৎসকদের এই কর্মসূচি চলবে। চিকিৎসকেরা বিচারের উর্ধ্বে কি না এমন প্রশ্নে ফয়সাল ইকবাল বলেন, পুলিশ অস্ত্রোপচার সম্পর্কে কী বুঝবে? পুলিশকে দিয়ে কেন এই মামলার তদন্ত করা হবে। বিএমডিসির কোনো চিকিৎসক দিয়ে ঘটনাটি তদন্ত করা যেত। তবে সুই রাখার কথা স্বীকার করে তিনি বলেন, এই অবহেলাজনিত অপরাধ জামিনযোগ্য।চট্টগ্রামে বিশেষজ্ঞ চিকিৎসকদের আকস্মিক চেম্বারে রোগী দেখা বন্ধ করার ঘোষণায় অনেক রোগী দুর্ভোগে পড়েছেন। সরেজমিন দেখা গেছে, নগরের পাঁচলাইশ এলাকার বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারের সামনে ‘চেম্বার বন্ধ’ লেখা কাগজ লাগিয়ে রাখা হয়েছে। ফলে চেম্বারে এসে হতাশ ও ক্ষুব্ধ রোগী ও স্বজনেরা। তাঁরা জানান, এভাবে রোগীদের জিন্মি করে আন্দোলন অনৈতিক।