বিশেষজ্ঞ দল অসন্তুষ্ট: গোল্ডস্টেইন
পদ্মা সেতুর দুর্নীতির বিষয়ে দুদকের করা তদন্ত নিয়ে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দল অসন্তুষ্ট। এ মতামতটি একেবারেই সংস্থাটির গঠিত স্বাধীন ও নিরপেক্ষ বিশেষজ্ঞ দলের।আজ মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত ও বিশেষজ্ঞ দলের মতামতের ব্যাপারে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন এ কথা বলেছেন।অ্যালেন গোল্ডস্টেইন বলেন, এটি বিশ্বব্যাংকের মতামত নয়। তবে বিশেষজ্ঞ দলের প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে বিশ্বব্যাংক তাদের নিজস্ব অবস্থান ব্যাখ্যা করবে।সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে রাজধানীর বাস নেটওয়ার্ক ও নিয়ন্ত্রক সংস্থার সংস্কার কার্যক্রম বাস্তবায়ন-বিষয়ক এক সেমিনার শেষে গোল্ডস্টেইন সাংবাদিকদের এ কথা বলেন।বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর বলেন, ‘গণমাধ্যমে যে খবর প্রকাশিত হচ্ছে, তা বিশেষজ্ঞ দলের বক্তব্য। ওই দলটি পুরোপুরি স্বাধীন। এ মুহূর্তে বিশেষজ্ঞ দলের বক্তব্য জানার জন্য অপেক্ষা করছে বিশ্বব্যাংক। সে বক্তব্য জানার পরই আমরা সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’এ সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘পদ্মা সেতু নির্মাণ প্রকল্প নিয়ে তৈরি হওয়া সব অনিশ্চয়তা আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে কেটে যাবে।’যোগাযোগমন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক কী ভাবছে, সেটি বিশ্বব্যাংকের প্রতিনিধি বলবেন। সরকারের বক্তব্য অর্থ মন্ত্রণালয়, ইআরডি, দুদক বলবে। তবে সরকারের বাকি মেয়াদের মধ্যে আমরা পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু করতে পারব বলে দৃঢ়ভাবে আশাবাদী। একই সঙ্গে ফেব্রুয়ারির মধ্যে মূল সেতুর নির্মাণকাজের ব্যাপারে সব অনিশ্চয়তার অবসান এবং সবকিছু দিবালোকের মতো পরিষ্কার হবে।’