বিশেষজ্ঞ দলের ওপর নির্ভর করছে অর্থায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু নিয়ে দুর্নীতির ষড়যন্ত্রের মামলার নথি দেখে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক পর্যবেক্ষক দল একটি প্রতিবেদন দেবে। সেটির ভিত্তিতেই পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন নির্ভর করবে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।গতকাল মঙ্গলবার বিশ্বব্যাংকের বাংলাদেশ প্রধান অ্যালেন গোল্ডস্টেইন এক বিবৃতিতে এ তথ্য জানান। গত সোমবার প্রকল্পের নির্মাণ তদারকি পরামর্শক নিয়োগের ক্ষেত্রে ‘ঘুষ লেনদেনের ষড়যন্ত্রের’ অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) সাতজনের বিরুদ্ধে মামলা করে। মামলায় সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের নাম নেই। এ বিষয়ে দুদক চেয়ারম্যান গোলাম রহমান পদ্মাবিষয়ক অনুসন্ধানকে গ্রহণযোগ্য দাবি করে গতকাল বিকেলে সাংবাদিকদের বলেন, ‘অনুসন্ধান পূর্ণাঙ্গ, স্বচ্ছ ও নিরপেক্ষ হয়েছে।’ অন্য এক অনুষ্ঠানে পদ্মা প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন পাওয়ার আশার কথা বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর আগে বিশ্বব্যাংক বলেছিল, তদন্ত পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ হতে হবে।এদিকে, পদ্মা সেতুর পরামর্শক নিয়োগে দুদকের মামলায় অন্যতম আসামি সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূঁইয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এর আগে তিনি অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ছিলেন। বিশ্বব্যাংকের বিবৃতি: গতকাল বিবৃতিতে অ্যালেন গোল্ডস্টেইন বলেন, ‘আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত বিশ্বব্যাংকের পর্যবেক্ষক দল দুর্নীতি দমন কমিশনের করা মামলার এজাহার পূর্ণাঙ্গ পর্যালোচনা ও আলোচনার পর একটি প্রতিবেদন দেবে। পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন ও বাস্তবায়নের বিষয়টি প্যানেলের ওই প্রতিবেদনের ওপরই নির্ভর করবে।’দুদক চেয়ারম্যানের বক্তব্য: মামলার এজাহার প্রসঙ্গে দুদক চেয়ারম্যান গোলাম রহমান বলেন, ‘এফআইআর পরিপূর্ণ। যার যা ভূমিকা ছিল, সেটা পরিষ্কার বর্ণনা করা হয়েছে। এখানে কারও কোনো কর্মকাণ্ড গোপন করা হয়নি। অনুসন্ধানে যাঁদের দোষী মনে হয়েছে, তাঁদের আসামি হিসেবে দেখানো হয়েছে। যাঁদের বিষয়ে সুনিশ্চিত হওয়া যায়নি, তাঁদের বিষয়েও উল্লেখ রয়েছে।সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে বাদ দেওয়ার প্রসঙ্গে গোলাম রহমান বলেন, ‘এখানে বাদ রাখার প্রসঙ্গই আসে না। আগে তাঁদের আসামি করা হলে এখন বাদ রাখার প্রসঙ্গ আসত। যখন তদন্ত হবে তখন সবাইকে আইনের আওতায় পরিপূর্ণভাবে যাচাই করা হবে।’ এ সময় সাংবাদিকদের ওপর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনারা এত আগাম কথা লিখেন, সেগুলো সামাল দিতে অনেক কথা বলতে হয়।’প্রধানমন্ত্রী সোমবার বলেছেন, বিশ্বব্যাংক দুদকের ওপর চাপ দিচ্ছে। এ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন, ‘প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তি। তাঁদের বক্তব্যের বিষয়ে পাল্টা বক্তব্য দেওয়ার ক্ষমতা বা ইচ্ছা আমার নেই। আমি এটুকু বলতে পারি, দুদক স্বাধীনভাবে কাজ করছে।’বিশ্বব্যাংকের বা তাদের প্যানেলের পরামর্শ অনুযায়ী মামলা হয়েছে কি না, এই প্রশ্নের জবাবে কমিশন চেয়ারম্যান বলেন, বিশ্বব্যাংকের পরামর্শে হবে কেন? বিশ্বব্যাংক অভিযোগ দিয়েছে। সে অভিযোগ অনুযায়ী আমাদের আইন ও নিয়মনীতি মোতাবেক মামলা করা হয়েছে। বিশ্বব্যাংক সন্তুষ্ট হবে কি না, হাসবে কি না, অসন্তোষ প্রকাশ করবে কি না, এটা তাদের বিষয়।অর্থমন্ত্রীর বক্তব্য: এদিকে, বিশ্বব্যাংকের সঙ্গে আলোচনা করেই দুদক পদ্মা সেতুতে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে সাতজনের বিরুদ্ধে মামলা করেছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল মঙ্গলবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০১২ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, ‘তাদের সঙ্গে আলোচনা করেই দুদক মামলা করেছে। মামলার বিষয়টি বিশ্বব্যাংককে জানানোও হয়েছে। এখন তারা তাদের প্রতিক্রিয়া জানাবে।’ দুদকের মামলায় সাবেক দুই মন্ত্রীকে আসামি না করায় পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন নিয়ে নেতিবাচক প্রভাব পড়তে পারে, ‘বিশেষজ্ঞদের’ এমন সমালোচনার প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এই বিশেষজ্ঞরাই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাদের চোখে দেশের কোনো উন্নয়নই হয়নি।’দুদকের নিয়মিত ব্রিফিং: দুদক সচিব ফয়জুর রহমান চৌধুরী গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘পদ্মা সেতু দুর্নীতির অনুসন্ধানে আমাদের কাছে যত তথ্য-উপাত্ত রয়েছে, তা পর্যালোচনা করে আমরা যা জেনেছি, তাতে ওই মামলার আসামিরা যখন ষড়যন্ত্র করছিলেন, সে সময় সাবেক যোগাযোগমন্ত্রী তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রে যথেষ্ট মনোযোগী ছিলেন না। এটা তাঁর ইরেগুলারিটি। এ জন্য প্রশাসন থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে।’ ‘কিন্তু মামলার আসামি হিসেবে তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার মতো ইলিগ্যাল অ্যাক্টিভিটি এটা নয়’—বলে দাবি করেন দুদকের সচিব।মামলার এজাহারে সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান এসএনসি-লাভালিনের প্রতিনিধিদের পক্ষে লবিং করেছিলেন। বিদেশি ওই প্রতিষ্ঠানের তিন কর্মকর্তাকে মামলায় আসামি করা হলেও আবুল হাসানের নাম না থাকার ব্যাখ্যা করে দুদকের সচিব বলেন, ‘তিনি যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা অফিশিয়াল হতেন, তাহলে অবশ্যই তাঁর নাম বিবেচনা করা হতো। যেহেতু তিনি কোনো অফিশিয়াল ব্যক্তি নন, তাই আইন অনুযায়ী এখন পর্যন্ত তাঁকে আসামি করার সুযোগ আমাদের হাতে নেই।’ পদ্মা মামলার তদন্তের কমিটি: পদ্মা সেতু মামলার বিস্তারিত তদন্তের জন্য পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। মঙ্গলবার দুদকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পাঁচ সদস্যের এই তদন্ত দলে অনুসন্ধান দলের চার সদস্যের সঙ্গে সমন্বয়ক হিসেবে যুক্ত হয়েছেন দুদকের পরিচালক মনিরুজ্জামান। দলের অন্য চার সদস্য হলেন: জ্যেষ্ঠ উপপরিচালক আবদুল্লাহ আল জাহিদ ও মীর জয়নুল আবেদিন শিবলি, উপপরিচালক মির্জা জাহিদুল আলম ও গোলাম শাহরিয়ার চৌধুরী। তদন্ত দলকে প্রাথমিকভাবে প্রতিবেদন দাখিলের জন্য ৪৫ কর্মদিবস সময় দেওয়া হয়েছে।