বিশেষজ্ঞ দলের চিঠির জবাব দিয়েছে দুদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাংকের আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের চিঠির উত্তর পাঠিয়ে দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। চিঠিতে বিশ্বব্যাংকের বিশেষজ্ঞ দলের বিভিন্ন প্রশ্নের উত্তর এবং সেগুলোর পক্ষে দুদকের আইনি মতামত ব্যাখ্যা করা হয়েছে। গতকাল রোববার বিকেল চারটার দিকে দুদকের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়।দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্র জানায়, চিঠিতে দুদকের অনুসন্ধান ও তদন্তকালে বিভিন্ন আইনি জটিলতা ও সীমাবদ্ধতা উল্লেখ করা হয়েছে। বিশেষ করে অনুসন্ধানের সময় কাউকে গ্রেপ্তার, কোনো প্রয়োজনীয় জিনিস জব্দ বা কাউকে তলব করার মতো এখতিয়ার দুদক আইনে নেই, তা উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মামলায় জড়ানোর মতো কোনো উল্লেখযোগ্য বা শক্ত দালিলিক প্রমাণ বা মৌখিক সাক্ষ্য যে পাওয়া যায়নি, তা-ও চিঠিতে জানানো হয়েছে। তবে এ বিষয়ে বিশদ কাজ চলছে বলে চিঠিতে আশ্বস্ত করা হয়েছে।দুদক সূত্র জানায়, তদন্তে এ পর্যন্ত প্রাপ্ত সব ধরনের মৌখিক ও দালিলিক প্রমাণের ওপর ভিত্তি করে এবং আইনগত সামঞ্জস্য বজায় রেখেই বিশেষজ্ঞ দলের চিঠির উত্তর তৈরি করা হয়েছে। ৯ জানুয়ারি বিশেষজ্ঞ দলের প্রধান লুই মোরেনো ওকাম্পো চিঠিটি দেন। চিঠিতে আটটি সুনির্দিষ্ট বিষয়ে জবাব বা ব্যাখ্যা চাওয়া হয়। দুদক সেই চিঠিরই জবাব দিল কাল। এরপর বিশেষজ্ঞ দল মাতামত পাঠাবে। সেই মতামতের ওপর ভিত্তি করে অর্থায়নের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিশ্বব্যাংক।দুদকের চিঠিতে গ্রেপ্তার হওয়া সাবেক সেতুসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্যসচিব কাজী ফেরদাউসের রিমান্ডে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য পর্যায়ক্রমে উল্লেখ করা হয়েছে। এ ক্ষেত্রে সাবেক যোগাযোগমন্ত্রীর সংশ্লিষ্টতার কথাও বলা আছে। এ বিষয়ে ব্যাখ্যায় দুদক বলেছে, ‘তদন্ত শুরু করার জন্য শুধু সন্দেহই যথেষ্ট নয়।’ বাংলাদেশি আইন অনুযায়ী, তদন্ত শুরু ও মামলার জন্য সুনির্দিষ্ট প্রমাণই নয়, ‘যুক্তিসংগত সন্দেহ’ যথেষ্ট।চিঠিতে তদন্ত পরিকল্পনা কীভাবে এগোচ্ছে বা ভবিষ্যতে আর কী কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানিয়েছে দুদক। এ ক্ষেত্রে সেতু বিভাগের নথিপত্র জব্দ এবং কানাডায় যাওয়ার কথা বলা হয়েছে।দুদক সূত্র আরও জানায়, চিঠিতে সৈয়দ আবুল হোসেনের জড়িত থাকার বিষয়ে বলা হয়েছে যে সাবেক যোগাযোগমন্ত্রী সম্পর্কে বিশ্বব্যাংকের একটি চিঠিতে কিছু তথ্য দেওয়া রয়েছে। কিন্তু সেটা ব্যবহারে বিশ্বব্যাংকের পক্ষ থেকে নিষেধাজ্ঞাও দেওয়া রয়েছে। সুতরাং, এখন বিষয়টি নির্ভর করছে কানাডা কর্তৃপক্ষের কাছে চাওয়া তথ্য প্রাপ্তির ওপর।সব শেষে দুদক চিঠিতে ওকাম্পোর প্রতি অনুরোধ জানিয়ে বলেছে, তিনি (ওকাম্পো) যদি রমেশ শাহর ঘুষের ডায়েরির অনুলিপি বা সত্যায়িত কপি দুদককে সরবরাহ করতে পারেন, তবে অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে। গতকাল সন্ধ্যায় দুদক কার্যালয়ে গোলাম রহমান চিঠি প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘চিঠি অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ্বব্যাংকের তদন্ত দলের প্রতিবেদন। জাতীয় স্বার্থ রক্ষা করে চিঠি দেওয়া হবে।’ এর আগে গতকাল দুপুরে দুদকের আইনজীবী আনিসুল হক বলেছিলেন, ‘২৪ ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞ দলের উত্তর পাঠানো হবে।’