বিশেষজ্ঞের অভাবে মিলছে না জরুরি প্রসূতিসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশেষজ্ঞ চিকিৎসক না থাকাসহ বিভিন্ন কারণে চট্টগ্রামের ১৪টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১১টিতেই জরুরি প্রসূতিসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। অথচ এগুলোতে যন্ত্রপাতিসহ সুসজ্জিত অস্ত্রোপচার কক্ষ রয়েছে।জরুরি প্রসূতিসেবার পথে অন্য বাধাগুলো হচ্ছে: সার্বক্ষণিক বিদ্যুৎ ও রক্তদানের ব্যবস্থা না থাকা, এক্স-রে যন্ত্র নষ্ট থাকা, চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি ও শহরমুখী প্রবণতা। এসব কারণে হাসপাতালগুলোতে শুধু সাধারণ প্রসূতিসেবা মেলে। ফলে গ্রামের মানুষ প্রায়ই জরুরি পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে চট্টগ্রামমুখী হতে বাধ্য হয়। অনেক ক্ষেত্রে তাদের দীর্ঘ ও দুর্গম পথ পাড়ি দিতে হয়। এতে কখনো কখনো প্রসূতি ও বাচ্চা দুজনের জীবনই সংকটের মধ্যে পড়ে।১৪ হাসপাতালের চিত্র: জেলার ১৪টি উপজেলায় একটি করে স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। প্রতিটি হাসপাতালে একটি করে প্রসূতি ও অবেদনবিদ পরামর্শকের পদ রয়েছে। কিন্তু বর্তমানে সন্দ্বীপ, লোহাগাড়া, চন্দনাইশ ও রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুটি পদই শূন্য। শুধু ফটিকছড়ি, পটিয়া, মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উভয় পদে কেউ আছেন। অন্য স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে আছে দুটি পদের মধ্যে যেকোনো একজন।ফটিকছড়িতে ৩১ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে আরও একটি ২০ শয্যার এবং চন্দনাইশে ৫০ শয্যার বাইরে আরেকটি ৩১ শয্যার পৃথক হাসপাতাল রয়েছে। এই দুটি হাসপাতালে প্রসূতি সেবাদানের জন্য একজন করে জুনিয়র কনসালট্যান্টের পদ রয়েছে। তবে সেখানে কোনো অবেদনবিদ না থাকায় অস্ত্রোপচার হয় না।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ২০১১ সালে মোট ১৪ হাজার ১৪৩ জন প্রসূতি ভর্তি হন। এর মধ্যে ১০ হাজার ৫৬৪ জনের স্বাভাবিক প্রসব হয়। অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চা প্রসব করেন ৫৮৪ জন। তবে এ সময় ২১৪টি মৃত বাচ্চা প্রসব হয়।গত বছর ফটিকছড়িতে ৩৫৬, পটিয়ায় ১৪, মিরসরাইয়ে ১৭১, হাটহাজারীতে ১১ ও বোয়ালখালীতে ৩২ জন প্রসূতির অস্ত্রোপচার করা হয়। এ ছাড়া অন্য কোনো উপজেলায় প্রসূতির অস্ত্রোপচার হয়নি। বর্তমানে হাটহাজারী ও বোয়ালখালীতেও অস্ত্রোপচার বন্ধ রয়েছে। পরিসংখ্যান বলছে, অস্ত্রোপচারের ব্যবস্থা না থাকায় এখন আনোয়ারা বা চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি যাওয়ার হারও কমে গেছে।সরেজমিন চিত্র: গত ৪ আগস্ট আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ঝকঝকে অস্ত্রোপচার কক্ষে শয্যা, বাতি, যন্ত্রপাতি সবই রয়েছে। কিন্তু যন্ত্রগুলো কাজে লাগছে না। দীর্ঘদিনের অব্যবহূত থাকায় তা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চিকিৎসকেরা। আবাসিক চিকিৎসা কর্মকর্তা গোলাম মোস্তফা জামাল বলেন, ‘আমাদের অবেদনবিদ নেই, তাই অস্ত্রোপচার হয় না।’চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত করা হলেও এখনো জনবল সে অনুযায়ী বাড়েনি। আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহীন হাসান বলেন, অস্ত্রোপচার কক্ষে কোনো কাজ নেই। পুরোনো যন্ত্রপাতিগুলো দীর্ঘ অব্যবহারে নষ্ট হওয়ার পথে। দূরের মানুষের সমস্যা: চিকিৎসা নিয়ে সবচেয়ে বেশি সমস্যায় আছে সন্দ্বীপের মানুষ। চট্টগ্রাম শহর থেকে এই দ্বীপ উপজেলার দূরত্ব ৭৭ কিলোমিটার, যার প্রায় পুরোটাই নৌপথ। এখানকার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসূতি বা অবেদনবিদ পরামর্শকের একজনও নেই।সন্দ্বীপ ৩১ শয্যা হাসপাতাল ও ১৪টি উপ-স্বাস্থ্যকেন্দ্রে ২৩ জন চিকিৎসকের বিপরীতে কর্মরত আছেন মাত্র ১০ জন।মাইটভাঙ্গা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক মোহাম্মদ শাহজাহান জানান, জটিল অবস্থা হলেও গত ২৯ জুলাই বাউরিয়া এলাকার প্রসূতি খালেদা আক্তারকে (২০) বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম নেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তিনি মৃত বাচ্চা প্রসব করেন। রক্তক্ষরণে প্রসূতির জীবনও সংকটের মধ্যে পড়ে।একমাত্র নৌ-অ্যাম্বুলেন্সটি নষ্ট হয়ে পড়ে আছে বলে জানান মোহাম্মদ শাহজাহান। চিকিৎসকেরা থাকেন না: গ্রামে কাজ করার অনীহা থেকে এখানকার চিকিৎসকেরাও মুক্ত নন। উপস্থিতি নিয়ে কড়াকড়ির কারণে কেউ কেউ চাকরি ছেড়ে পর্যন্ত দিয়েছেন।গাইনি চিকিৎসক ফাহমিদা রশিদ প্রায় এক বছর ধরে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। সম্প্রতি তিনি ঢাকা থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বদলির আদেশ নিয়ে এসেছেন।বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের অবেদনবিদ সত্যজিৎ ধর কয়েক মাস আগে সংযুক্তি নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসেন।এ সমস্যার বিষয়ে জানতে চাইলে জেলা সিভিল সার্জন আবু তৈয়ব সম্প্রতি প্রথম আলোকে বলেন, ‘চিকিৎসক পাঠাই। কিন্তু তাঁরা নানা জায়গায় তদবির করে সদরে চলে আসেন। কোনো হাসপাতালে অবেদনবিদ থাকলে গাইনি কনসালট্যান্ট নেই। তাই জটিল প্রসূতি সেবাদান সম্ভব হয় না।’সিভিল সার্জন জানান, অনিয়মিত উপস্থিতির কারণে গত এক বছরে ১৭ চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া ১১ জনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা প্রক্রিয়াধীন। তিনি জানান, উপস্থিতি নিয়ে চাপাচাপির কারণে ১১ চিকিৎসক স্বেচ্ছায় চাকরি ছেড়ে দিয়েছেন।হাটহাজারীর উদাহরণ দিয়ে সিভিল সার্জন বলেন, ‘আমি চেয়েছিলাম সেখানে একজন অবেদনবিদ দেব। কিন্তু গাইনি কনসালট্যান্ট নিজেই বদলির আদেশ নিয়ে এসেছেন। এখন আমরা কীভাবে হাসপাতাল চালাব?’এর মধ্যেও আশার আলোচট্টগ্রামের উপজেলাগুলোতে প্রসূতিসেবায় হতাশার মধ্যে আশাজাগানিয়া চিত্রও আছে। ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসালট্যান্ট দিলশান আরা জানান, পাঁচ বছর ধরে এ কমপ্লেক্স প্রসূতিসেবায় গোটা চট্টগ্রাম বিভাগে প্রথম হয়ে আসছে।দিলশান আরা সম্প্রতি বলেন, ৩১ শয্যার এ হাসপাতালে নয়জন চিকিৎসকের মধ্যে সবাই এখানে কর্মরত আছেন।জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত বছর এ হাসপাতালে সবচেয়ে বেশি দুই হাজার ৪১৪টি স্বাভাবিক প্রসব হয়েছে। আর প্রসূতি অস্ত্রোপচার হয়েছে ৩৫৬টি।ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেশি। প্রতিদিন বহির্বিভাগে ২৫০-৩০০ রোগী চিকিৎসা নিতে আসে। আর প্রতিদিন গড়ে ১০-১২ জন প্রসূতির প্রসব হয়। এর মধ্যে দু-তিনটি থাকে অস্ত্রোপচার। চিকিৎসক দিলশান আরা জানান, চট্টগ্রাম শহর থেকে ৩৬ কিলোমিটার দূরের এই হাসপাতালে গাইনি বিভাগেই বেশি সেবা দেওয়া হচ্ছে।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন আবদুর রাজ্জাক, পটিয়া; পুষ্পেন চৌধুরী, লোহাগাড়া; মো. মোরশেদ হোসেন, আনোয়ারা ও এস এম আক্কাছ উদ্দিন, ফটিকছড়ি]