বিশেষজ্ঞের অভাবে হূদরোগ চিকিৎসাসেবা বাড়ানো যাচ্ছে না
বাংলাদেশে মৃত্যুর প্রধান কারণ হূদরোগ। কিন্তু হূদরোগ বিশেষজ্ঞস্বল্পতার কারণে সারা দেশে চিকিৎসাসেবা বিস্তৃত করা যাচ্ছে না। আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন আয়োজিত এক সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এ কথা বলেন।মন্ত্রী বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে হূদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর হার সবচেয়ে বেশি। দেশে এখন হূদরোগীর সংখ্যা বাড়ছে। হূদরোগের চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু এ ক্ষেত্রে প্রধান বাধা হূদরোগ-বিশেষজ্ঞের স্বল্পতা। তিনি আরও বলেন, প্রাথমিকভাবে সব মেডিকেল কলেজ হাসপাতালে হূদরোগের চিকিৎসা যেন দেওয়া সম্ভব হয়, সে লক্ষ্য নিয়েই সরকার কাজ করছে। পরবর্তী সময় এ চিকিত্সাসেবা জেলা হাসপাতালে সম্প্রসারিত করার পরিকল্পনা সরকারের আছে।যাঁরা বিশেষজ্ঞ চিকিৎসক, তাঁরা অনেকেই বেসরকারি হাসপাতালে চলে যাচ্ছেন। চিকিৎসকসংকট মোকাবিলার জন্য যাঁরা চলে গেছেন বা চলে যাচ্ছেন, তাঁরা সরকারি হাসপাতালে চিকিৎসা দিতে পারেন কি না, সে ব্যাপারটি বিবেচনা করে দেখা যায়।ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন দুই দিনব্যাপী এই কনফারেন্সের আয়োজন করে। আজ ছিল সম্মেলনের শেষ দিন। সম্মেলনে বিশ্বের সাতটি দেশের শীর্ষস্থানীয় হূদরোগ-বিশেষজ্ঞ চিকিৎসকেরা অংশ নেন।