ঢাকা শহরে মেয়েদের এসব সমস্যার বিষয় নিয়ে কথা হয় তিন পর্যায়ের বিশিষ্টজনের সঙ্গে।
বিশেষজ্ঞের মতামত
সাদেক হোসেন খোকামেয়রঢাকা সিটি করপোরেশনসরকারের কেন্দ্রীয় পরিকল্পনার মধ্যে নারীদের অনেক সমস্যারই সমাধান নেই। তবে যেহেতু এসব সমস্যা সম্পর্কে বিস্তারিত জানতে পারলাম, তাই বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরকে এসব সম্পর্কে অবগত করব। তবে শুধু সরকার কাজ করলেই হবে না, মানুষের আচার-আচরণেও পরিবর্তন আনতে হবে। নৈতিকতা ও সচেতনতাবোধ থাকতে হবে। তা হলেও অনেক সমস্যার সমাধান সম্ভব। আর সরকারের কেন্দ্রীয় পরিকল্পনার মধ্যে এসব বিষয়কে অন্তর্ভুক্ত করতে হবে।এ কে এম শহীদুল হককমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশআমরা সব সময়ই নিরাপত্তার বিষয়ে কঠোর। যেখানেই মেয়েদের উত্ত্যক্ত, অশোভন আচরণ কিংবা ইভ টিজিং করা হোক, দ্বিধা না করে আমাদের জানান। আপনাদের সেবার জন্যই আমরা নিয়োজিত। বিভিন্ন জায়গায় আমাদের লোক ছড়িয়ে থাকে। যেকোনো সমস্যা হলে আমাদের জানানো মাত্রই যথাযথ ব্যবস্থা নেব। এ ছাড়া পুলিশ কন্ট্রোলরুমের নম্বরে ফোন করে যে কেউ অভিযোগ করতে পারেন। সাহায্য চাইলেও যথাসময়ে হাজির হই। নারীদের জন্য আমাদের বিশেষ নিরাপত্তা সেল আছে। কারও কিছু বলার থাকলে সেখানেও বলতে পারবে। যদি পুলিশ বাহিনীর কোনো সদস্য তাঁর দায়িত্বে অবহেলা করেন, তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।(মন্তব্যটি ৭ অক্টোবর নেওয়া হয়েছে)আকতার মাহমুদসহযোগী অধ্যাপক, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়একটি শহরের পরিকল্পনা করার সময় মেয়েদের কথা ভাবা উচিত, যা কখনোই ভাবা হয় না। দেশের এই অর্ধেক জনগোষ্ঠীকে উপেক্ষা করা হয়, যার কারণে এত সমস্যার সম্মুখীন হচ্ছেন তাঁরা। ইউরোপের দেশে দেশে নারীদের জন্য অনেক ডরমেটরির ব্যবস্থা আছে, যা ঢাকার মতো মেগাসিটিতে নেই। এ বিষয়ে সরকারের সুনির্দিষ্ট নীতিমালা থাকা উচিত। সরকারি ও বেসরকারি উদ্যোগে এ ধরনের ব্যবস্থা নিলে আবাসন সমস্যা কিছুটা হয়তো কমিয়ে আনা যাবে। তবে নারীদের অন্যান্য সমস্যাকে নগর পরিকল্পনার সময় অবশ্যই অন্তর্ভুক্ত করা উচিত, তা না হলে দিনে দিনে সমস্যা বাড়বেই, কমবে না।