পৃথিবীর অর্থনৈতিক ভারসাম্য আজ দ্রুত বদলে যাচ্ছে। এই বদলের মধ্যে এশিয়ান দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতির জোয়ার বাংলাদেশের জন্য খুলে দিয়েছে এক ঐতিহাসিক সম্ভাবনার অধ্যায়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমার কিছু স্বপ্ন এবং এই স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য বাঞ্ছিত কিছু উদ্যোগ প্রথম আলোর পাতায় তুলে ধরার সুযোগের জন্য সম্পাদককে অসংখ্য ধন্যবাদ।বিগত দুই দশকে এশিয়ার অনেক দেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক সাফল্য অর্জন করেছে। আশির দশকে জাপান ও আসিয়ান জোটের দেশগুলোর অগ্রগতি জন্ম দিয়েছে—অর্থনীতির কথামালায় সংযোজিত করেছে—নতুন প্রবাদবাক্য এশিয়ার বাঘ বা এশিয়ান টাইগার। বর্তমান দশকে চীন ও ভারত আবির্ভূত হয়েছে ‘বিআরআইসিএস’ বা ‘ব্রিকস’ নামে খ্যাত বিশ্বের নতুন জোটের অন্যতম প্রভাবশালী সদস্য হিসেবে। বিশ্ব অর্থনীতিতে চীনের অংশ আগামী পাঁচ বছরের মধ্যে ইউরোপকে ছাড়িয়ে যেতে পারে এবং আগামী দশকের মধ্যে আমেরিকার সমান হতে পারে বলে অনেকে মনে করেন। সম্প্রতি এক গবেষণাপত্রের মতে, ২০৩০ সালে চীন বিশ্ব অর্থনীতির ১৮ শতাংশ নিয়ন্ত্রণ করবে। একই সময়ে আমেরিকার অংশ হবে ১০ দশমিক ১ শতাংশ আর ভারতের ৬ দশমিক ৩ শতাংশ।ঐতিহাসিক তুলনামূলক হিসাবে, ভারত শাসনের প্রথম দিকে ১৮৭০ সালে ব্রিটিশদের অংশ ছিল ১৬ দশমিক ৪ শতাংশ। স্বাধীনতা-উত্তরকালে নানা দুর্যোগ পেরিয়ে বাংলাদেশও অনেক ক্ষেত্রে উন্নতির পথে এগিয়ে এসেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য প্রাথমিক শিক্ষা, গণস্বাস্থ্য, সামাজিক ও ক্ষুদ্র ব্যবসা ইত্যাদি। দুঃখজনক হলেও অপ্রিয় সত্য স্বীকার করতে হবে যে নীতিগতভাবে আমরা অনেক দিকে পিছিয়ে গেছি। যেমন—শিক্ষার মান হ্রাস, দুর্নীতি, আইনের শাসনের প্রতি অবজ্ঞা, সহিংসতা ইত্যাদি।তথাপি, অনেকেই মনে করেন, বাংলাদেশ আরও অনেক বেশি এগিয়ে যেতে পারবে, যদি আমরা আমাদের দুর্বলতাগুলো সংশোধন করে দূরদৃষ্টি নিয়ে দেশের উন্নতির লক্ষ্য নিয়ে কাজ করি। এই বিশ্বাসের ওপর ভিত্তি করে আমার এই স্বপ্ন দেখা। ২০৩০ সালের বাংলাদেশবাংলাদেশ পরিচিত হচ্ছে এক আধুনিক ও প্রগতিশীল দেশ হিসেবে—যে দেশের জনগণ অল্পে তুষ্ট, কিন্তু সুখী। প্রথম আলোর ‘বদলে যাও বদলে দাও’ আন্দোলনের ২০ বছরপূর্তির প্রাক্কালে বাংলাদেশে আইনের শাসন চালু হয়ে গেছে। এর মূল ভিত্তি হলো, আপামর জনগণের আইনের শাসনের প্রতি অগাধ সম্মান এবং আইনের শাসন চালু করার দৃঢ়সংকল্প। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার আইন অনুপ্রয়োগকারী সংস্থাগুলোর মৌলিক পরিবর্তন এনেছে বিকেন্দ্রীকরণের মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব ন্যস্ত করা হয়েছে জেলা পরিষদের ওপর। নিজ এলাকা থেকে নিয়োগপ্রাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মী ও কর্মকর্তাদের নিজস্ব জনগণের কাছে জবাবদিহি করতে হয় বিধায় তারা সবাই জনস্বার্থ রক্ষার ব্যাপারে সচেতন। একইভাবে বিচার বিভাগকে বিকেন্দ্রীকরণের প্রাথমিক দায়িত্ব দেওয়া হয়েছে গ্রামভিত্তিক সালিস ও বিচারকেন্দ্রকে। এই বিকেন্দ্রীকরণের ফলে উচ্চ আদালতের কাজের মাত্রা অনেক গতিশীল হয়েছে।২০১০ সালে দেশে দুর্নীতির মাত্রা এতই ছাড়িয়ে গিয়েছিল যে সারা দেশে দুর্নীতির বিরুদ্ধে বিশাল তৃণমূল আন্দোলন গড়ে ওঠে। এরই পরিপ্রেক্ষিতে দুর্নীতি দমনের অঙ্গীকারের ভিত্তিতে ২০১৫ সালের জাতীয় নির্বাচনে দুর্নীতি নির্মূল দল জাতীয় সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এর ফলে জাতীয় সংসদ দুর্নীতিবিরোধী কঠোর আইন প্রণয়ন করে। এ আইনের শক্তির বলে দুর্নীতি দমন কমিশন ও জাতীয় রাজস্ব বোর্ডের সম্মিলিত প্রচেষ্টায় আয়ের সঙ্গে সংগতিবিহীন কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় এবং এসব সম্পত্তির মালিকদের শাস্তি হিসেবে বিভিন্ন মেয়াদের কারাদণ্ডসহ বিভিন্ন মেয়াদের সমাজসেবামূলক কার্যক্রমে যোগ দেওয়ার দণ্ড প্রদান করা হয়। এর ফলে দেশে পাইকারি হারের দুর্নীতির মাত্রা বিদ্যুৎবেগে কমে যায়।এই শতাব্দীর প্রথম দশকের রাজনৈতিক মতানৈক্য ও কোন্দল ছাড়িয়ে দলমত-নির্বিশেষে দেশের জনগণ অর্থনৈতিক অগ্রগতিকে মূল লক্ষ্য বলে গ্রহণ করে জাতীয় মত গড়ে তুলেছে। দেশবাসী বুঝতে পেরেছে, বাংলাদেশের উন্নতির জন্য দেশকে সারা পৃথিবী নিয়ে পরিকল্পনা করতে হবে। এই চিন্তাধারার ফল হিসেবে বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশসহ বিশ্বের সব দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপিত হয়েছে। প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে উন্মুক্ত বাণিজ্যের কারণে বাংলাদেশ পরিণত হয়েছে দুবাই, সিঙ্গাপুর আর হংকংয়ের মতো একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে।সারা বিশ্ব অবাক চোখে তাকাচ্ছে বাংলাদেশের দিকে। অর্থনৈতিক সাফল্যের জন্য বাংলাদেশ খ্যাত হয়েছে ‘বেঙ্গল টাইগার’ হিসেবে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির মূলভিত্তি এখন তার জনশক্তি আর প্রাকৃতিক সম্পদ। শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের জনগোষ্ঠী হবে মানগত এবং হারের দিক থেকে উপমহাদেশের সব দেশের ঊর্ধ্বে। ঢাকা বিশ্ববিদ্যালয় আবার পরিচিত হচ্ছে প্রাচ্যের অক্সফোর্ড হিসেবে। এশিয়া ও মধ্যপ্রাচ্য থেকে শিক্ষার্থীরা আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভের জন্য। বাংলাদেশের উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো তাদের উন্নত মানের শিক্ষা প্রদানের কারণে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর দৃষ্টি আকর্ষণ করছে। বাংলাদেশ সরকারের প্রতিষ্ঠিত বাংলাদেশ আন্তর্জাতিক শিক্ষা-সহযোগিতা সংস্থার উদ্যোগে ঢাকা কলেজ, চট্টগ্রাম কলেজ ও রাজশাহী কলেজের শিক্ষকদের সম্মিলিত বিভিন্ন শিক্ষা-সহযোগী দল আফ্রিকার নানা দেশে শিক্ষার মানোন্নয়নের সহযোগিতা প্রদানে ব্যস্ত।আকারে ছোট, জনবহুল এবং কৃষিনির্ভর দেশ হিসেবে বাংলাদেশ পরিবেশ রক্ষায় দৃষ্টান্ত সৃষ্টিকারী পদক্ষেপ নিতে পেরেছে। নদীমাতৃক দেশ হিসেবে বাংলাদেশ তার পানিসম্পদ ব্যবহারে বিশেষ জ্ঞান অর্জন করেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানিবিজ্ঞান অনুষদ পানিসম্পদ ব্যবহারে বিশ্বের শ্রেষ্ঠ হিসেবে পরিচিত। এর সুবাদে বাংলাদেশের বিজ্ঞানী ও প্রকৌশলীরা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যসহ আফ্রিকার বিভিন্ন দেশে পানিসম্পদ বিষয়ে সাহায্য প্রদান করছেন।বাংলাদেশের কারিগরি ও পেশাজীবী শিক্ষাকে প্রাধান্য দিয়ে কারিগরি প্রতিষ্ঠানগুলো আধুনিকীকরণের মাধ্যমে শক্তিশালী করে তুলছে এবং নতুন প্রতিষ্ঠান স্থাপন করেছে। এর মধ্যে আছে মৎস্য, পোশাক, কৃষি, খাদ্য ইত্যাদি। কারিগরি শিক্ষার পাশাপাশি এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের বাধ্যতামূলক অন্যতম একটি বিদেশি ভাষায় কথা বলার দক্ষতা অর্জন করার সুযোগ সৃষ্টি করা হয়েছে। ইংরেজিসহ আরবি, চায়নিজ, মালয় প্রভৃতি ভাষা শেখার সুযোগ দেওয়া হচ্ছে। এতে করে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন খাতের এবং বিভিন্ন পেশায় বিশ্বের সেরা কর্মশক্তির বহর। এই শিক্ষিত জনশক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে বিভিন্ন জনশক্তি প্রতিষ্ঠান, যারা শুধু দেশেই কলকারখানা পরিচালন করছে না, বিদেশে গিয়েও চুক্তির মাধ্যমে কলকারখানা পরিচালনার সার্বিক দায়িত্ব নিচ্ছে সাফল্যের সঙ্গে। বাংলাদেশ এখন পরিচিত উচ্চমানের কর্মশক্তির জোগানদার হিসেবে। ইউরোপ, জাপানসহ বিভিন্ন দেশের কর্মরত জনশক্তি বার্ধক্যের কারণে কমে যাওয়ায় বাংলাদেশের দক্ষ জনশক্তি নিয়ে এসব দেশ জনশক্তির প্রয়োজন মেটাচ্ছে। ২০০০-এর দশকে ভারত যেমন আইটি খাতে জনশক্তি সরবরাহকারী হিসেবে খ্যাতি লাভ করে, তেমনি বাংলাদেশ ২০৩০ সালে বিশ্বের ‘হিউম্যান রিসোর্স ফ্যাক্টরি’ হিসেবে পরিচিতি লাভ করেছে।২০০০-এর দশকে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের শান্তিরক্ষার কাজে নিয়োজিত হয়ে এ কাজে দক্ষতা অর্জন করেছিল। এরই ভিত্তি ধরে জাতিসংঘের শান্তিরক্ষার কাজ ছাড়াও বিশ্বের উদীয়মান দেশগুলোর উন্নয়নমূলক সহযোগিতা প্রদানে ২০৩০ সালে বাংলাদেশ উদীয়মান ভূমিকা গ্রহণ করেছে। বাংলাদেশে স্থাপিত হয়েছে জাতিসংঘের শান্তি ও মানবাধিকার রক্ষা একাডেমি। এই একাডেমির প্রভাবের ফলে বাংলাদেশের সব আইনপ্রয়োগকারী সংস্থায় প্রচলিত হয় মানবাধিকার রক্ষার জন্য শিক্ষা-কার্যক্রম। একাডেমির শিক্ষাসনদ এনডিসির মতো গুরুত্ব অর্জন করেছে। এর ফলে বাংলাদেশের হাজারো পেশাদার কর্মী বিদেশে শান্তিরক্ষা ও উন্নয়নকাজে কর্মরত আছেন। এসব কার্যক্রম সমন্বয়ের জন্য বাংলাদেশ সরকার, শান্তিরক্ষা ও আন্তর্জাতিক উন্নয়ন নামের নতুন একটি মন্ত্রণালয় স্থাপন করে। বিশ্বশান্তি রক্ষায় ও আন্তর্জাতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাংলাদেশ ২০৩০ সালে নোবেল শান্তি পদক অর্জন করতে যাচ্ছে বলে ব্যাপক আশাবাদের তৈরি হয়েছে।পাশ্চাত্যের উদাহরণ থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ প্রগতিশীল পরিবহনব্যবস্থা গঠন করেছে এবং বড় শহরকেন্দ্রিক অর্থনৈতিক কাঠামোর পরিবর্তে ছোট শহর আর গ্রামকেন্দ্রিক কাঠামো গড়ে তুলতে সক্ষম হয়েছে।চট্টগ্রাম ও খুলনা বন্দর পরিণত হয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বন্দরে। এ দুই বন্দরের সম্মিলিত কার্যক্রম হার মানিয়েছে সিঙ্গাপুর বন্দরকে।অস্ট্রেলিয়ার গোল্ডকোস্ট, আমেরিকার ডেইটোনা, হাওয়াইয়ের ওয়াইকিকি ও বালির সৈকতের মতো কক্সবাজার পরিণত হয়েছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সমুদ্রসৈকত হিসেবে। সমুদ্রের পার ধরে চট্টগ্রাম থেকে টেকনাফ পর্যন্ত নতুন মহাসড়ক নির্মিত হয়েছে এশিয়ান মহাসড়কের অংশ হিসেবে। এই মহাসড়ক ধরে গড়ে উঠেছে পরিকল্পিত উচ্চমানের নানা আবাসিক এলাকা। এখন বাংলাদেশিদের স্বাস্থ্য ও প্রকৃতিবিষয়ক সচেতনতা বেড়ে গেছে। উন্নত মানের খাদ্য ও উন্নত পরিবেশের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু গেছে বেড়ে। দেশের বিভিন্ন এলাকা থেকে লোকজন কর্মজীবন থেকে অবসর নিয়ে এ অঞ্চলে বসতি স্থাপন করছে। সমগ্র এলাকা পরিণত হয়েছে অবসরপ্রাপ্তদের আবাসিক অঞ্চল হিসেবে। এ অঞ্চলের ধনাঢ্যরা দুবাইয়ের পরিবর্তে এখানেই গড়ে তুলছেন তাঁদের দ্বিতীয় বাড়ি। একই সঙ্গে গড়ে উঠেছে পর্যটনপল্লি। দেশ-বিদেশের পর্যটকদের কলরবে জমে উঠেছে জনপদ আর সমুদ্রসৈকত। অবাক হয়ে সারা বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে।অমিত চাকমা: প্রেসিডেন্ট ও উপাচার্য, ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয়, কানাডা।