বিশ্ব অর্থনীতির ডুবন্ত জাহাজ টেনে তুলতে পারেন অ্যাঙ্গেলা
বিশ্ব অর্থনীতি এখন গভীর সংকটে। তবে বিশ্লেষকদের মতে, এ-সংকট থেকে উত্তরণের চাবি এখন একজনের হাতে। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের দিকে বিশ্ব তাকিয়ে।অর্থনৈতিক মন্দার ধাক্কা এখনো কাটেনি। আমেরিকা, জাপান, চীন, ভারত ও ব্রাজিলের অগ্রগতি বেশ ধীর।বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল ইউরোপীয় ইউনিয়নে চলছে চরম অস্থিরতা। গ্রিস, আয়ারল্যান্ড, পর্তুগাল, ইতালি, স্পেনের অবস্থা বেশ নাজুক। এসব দেশের মধ্যে বেশ কয়েকটি ঋণে জর্জরিত।এ পরিস্থিতিতে বিনিয়োগকারীরা আমেরিকা, জার্মানি ও অন্যান্য নিরাপদ অর্থনীতির দেশের বন্ড কিনতে হুমড়ি খেয়ে পড়ছেন। বিশেষজ্ঞরা বলছেন, এটা বিশ্ব অর্থনীতির জন্য আরও বিপর্যয় ডেকে আনবে।কেউ চায় না এই বিপর্যয়ের স্বাদ নিতে। তাই সর্বত্রই চলছে অর্থনীতি পুনরুদ্ধারে সর্বাত্মক চেষ্টা। কিন্তু বিশ্ব অর্থনীতি এখন ইউরোর ভাগ্যের ওপর নির্ভরশীল। আরও স্পষ্ট করে বললে, অর্থনীতির ডুবন্ত জাহাজটিকে উদ্ধার করে সচল করা নির্ভর করছে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ওপর। ইউরো-সংকট মোকাবিলায় তিনি যদি বিশ্বাসযোগ্য ও কার্যকর পদক্ষেপ নিতে পারেন, তবে সম্ভাব্য বিপর্যয় থেকে একদিকে যেমন ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো রক্ষা পাবে, তেমনি রক্ষা পাবে বিশ্ব অর্থনীতি। দ্য ইকনোমিস্ট অবলম্বনে।