বিশ্ব অর্থনৈতিক সংকট মোকাবিলায় আজ জি-৭ নেতাদের জরুরি বৈঠক
যুক্তরাষ্ট্রের ঘাটতিজনিত সমস্যা ও ইউরোপের বিভিন্ন দেশে রাষ্ট্রীয় ঋণের সংকটের প্রভাবে বিশ্ব অর্থনীতি এখন টালমাটাল। এ সমস্যা নিয়ে আজ রোববার বিশ্বের নীতিনির্ধারকদের এক জরুরি বৈঠক ডাকা হয়েছে। তবে বৈঠক কখন হবে, তা এখনো জানা যায়নি। জাপানের এক সরকারি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, উন্নত অর্থনীতির দেশগুলোর সংগঠন গ্রুপ অব সেভেনের (জি-৭) অর্থমন্ত্রীরা এ বৈঠকে অংশ নেবেন। তবে বৈঠকের সময়ের ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।সংগঠনটির সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, জাপান, ফ্রান্স, কানাডা ও ইতালি।জি-৭-এর পক্ষ থেকে এ বৈঠকের ব্যাপারে কিছু বলা হয়নি। তবে জাপান সরকারের আরেকটি সূত্র জানিয়েছে, বৈঠকে স্বাভাবিক আলোচনা হতে পারে। এশিয়ার শেয়ারবাজারগুলোতে লেনদেন শুরুর আগেই বৈঠকটি হতে পারে। বলা হচ্ছে, ২০০৮ সালের আর্থিক সংকটের পর গত সপ্তাহটি বিশ্ব পুঁজিবাজারের জন্য সবচেয়ে খারাপ সপ্তাহ। আর তাই মার্কিন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের বিষয়ে তুলনামূলক ভালো খবর আসার পরও তা বড় কোনো সুখবর দিতে পারেনি। এ খবর অনুসারে জুলাই মাসে আমেরিকায় এক লাখ ১৭ হাজার লোকের নতুনভাবে কর্মসংস্থান হয়েছে। বেকারত্বের হার ৯ দশমিক ২০ থেকে কমে হয়েছে ৯ দশমিক ১০ শতাংশ। গত শুক্রবার ছিল বিশ্ববাজারে সপ্তাহের শেষ কার্যদিবস। এ দিন নিশ্চিত খবর আসে যে, গ্রিসের মতো ইতালি ও স্পেন আর্থিক কৃচ্ছ্রতার দিকে যাচ্ছে। যার মানে হলো, বাজেট ঘাটতি কমানো ও ব্যয় সংকোচনমূলক বিভিন্ন পদক্ষেপ নেওয়া। এর সঙ্গে যুক্ত হয় ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইতালীয় বন্ড কেনার খবর। এতে মার্কিন ডলারের বিপরীতে ইউরো শক্তিশালী হয়ে ওঠে। প্রতি ইউরো সপ্তাহের শেষ দিন ১ দশমিক ৪২৪৭ ডলারে লেনদেন হয়।অন্যদিকে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি) মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ঋণমানকে এক ধাপ নামিয়ে দিতে যাচ্ছে—এমন খবর খুব জোরালোভাবে বাজারে ছড়িয়ে পড়ে শুক্রবারই। ইউরোপের ঋণ-সংকট গভীর হওয়ার পাশাপাশি এ খবরটা গোটা বিশ্বের শেয়ারবাজারকে অস্থির করে তোলে।এরই পরিপ্রেক্ষিতে আজ বিশ্বের নীতিনির্ধারকেরা এ বৈঠক আয়োজন করেছেন।